মাঠে কাজ করছিলের কৃষক, জাল ফেলে মাছ ধরছিলেন জেলে আর গাঁয়ের বধূ ধান ভানতে ভানতে গান গাইছিল। হঠাৎ ভেসে এল বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ। ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।’কর্মচঞ্চল এই দৃশ্য এক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে গেল। তন্ময় হয়ে সবাই শুনলেন অগ্নিময় সেই শব্দমালা। হঠাৎ পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল তাঁদের ওপর। স্থির সুখের সেই ছবিটা ভেঙে গুঁড়িয়ে দিল। পাকিস্তানি বাহিনীর হিংস্রতা, হত্যা, লুণ্ঠন আর বাঙালির প্রতিরোধ যে ১৫ মিনিটের নাটকে ফুটিয়ে তোলা সম্ভব নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা যেন তারই প্রমাণ দিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষপূর্তিতে দর্শক মুগ্ধ হয়ে দেখলেন এমন পরিবেশনা। বন্ধ হয়ে যাওয়া নাট্যকলা বিভাগের পুনর্যাত্রার এক বছর পূর্ণ হলো। এ উপলক্ষে ৫-৭ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছিল তিন দিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠান। তবে গতকালের হরতালের কারণে এ দিনের নির্ধারিত অনুষ্ঠানগুলো আগেই অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) উপাচার্য মো. আলাউদ্দিন, কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী ও সম্পাদক ঝুনা চৌধুরী।সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, ‘শিক্ষার্থীদের সংস্কৃতির দিকে ঝোঁক বাড়াতে হবে। শিক্ষকেরা তাঁদের গ্রহণ করবেন অন্তর দিয়ে। তবেই এর উদ্দেশ্য সফল হবে।’ মন্ত্রণালয় থেকে এই বিভাগের উন্নয়নে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দেন তিনি।ঝুনা চৌধুরী বলেন, ‘নাটক নিয়ে আমাদের লড়াই চলছে স্বাধীনতার পর থেকে। তাই নাটক হাজারো দীনতার মধ্য দিয়েও এগিয়ে চলছে।’বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগটি কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। তার জন্য আমরা আন্দোলন করেছি। যদি আন্দোলন না হতো তাহলে নাটকের বিস্তার ঘটত না।’বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) উপাচার্য মো. আলাউদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ চালুর পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন সদ্যপ্রয়াত মো. আবু ইউসুফ।’ দ্রুত শিক্ষক নিয়োগের মাধ্যমে এই বিভাগকে আরও সমৃদ্ধ করার আশ্বাস দেন তিনি।কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়া বলেন, ‘নাট্যকলা বিষয়টি আমার অনুষদের সর্বকনিষ্ঠ এবং পুরোপুরি ব্যবহারিক বিভাগ। তাই এর জন্য আলাদা শ্রেণীকক্ষের ব্যবস্থা করেছি। তা ছাড়া নতুন ভবন নির্মাণের জন্য সরকারের কাছ থেকে অনুমোদনও পেয়েছি এবং শিগগিরই এর কাজ শুরু হবে।’নাট্যকলা বিভাগের সভাপতি কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, ‘বৃক্ষের পরিচয় তার ফলে। এক বছরের পরিশ্রমের কিছুটা হলেও দর্শক দেখতে পেয়েছেন। ’ এ উপলক্ষে নাট্যকলা বিভাগের স্টুডিওতে আয়োজন করা হয় পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনীর। এ প্রসঙ্গে নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ বলেন, ‘চট্টগ্রামে কী কী কাজ হয়েছিল কোন কোন নাট্যদল থেকে প্রযোজিত হয়েছিল নাটকগুলো—সেটাই সবার কাছে তুলে ধরতে চেয়েছি প্রদর্শনীতে।’