নাট্যদলের কার্যক্রম সংরক্ষণ ভবিষ্যতের নাট্যচর্চাকে সমৃদ্ধ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটারের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নাট্যদলগুলোর ধারাবাহিক কার্যক্রম প্রযুক্তির সহায়তায় রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তাহলে নাট্যচর্চার ক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ রচিত হবে। কথাগুলো বলেন, ভারতের কলকাতার নাট্য বিশেষজ্ঞ আশীষ গোস্বামী।
তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে ২০ মে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটারে আয়োজিত নাটক সংরক্ষণবিষয়ক লেকচার ওয়ার্কশপে তিনি এ কথা বলেন। কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘নাটক সংরক্ষণ: আজ ও আগামীকালের জন্য’।
আশীষ গোস্বামী আরও বলেন, ‘কলকাতার বহুরূপী এবং নান্দিকার কর্তৃপক্ষ তাদের নাট্যচর্চার তথ্য-উপাত্ত ধারণ করে প্রকাশনা করেছে; যা ভবিষ্যতে নাটকবিষয়ক একটি সংগ্রহ ও সংরক্ষণশালা নির্মাণের ভিত প্রস্তুত করে দিয়েছে। একইভাবে বাংলাদেশে আরণ্যক নাট্যদল ৪০ বছরের কর্মকাণ্ডের ইতিহাস-সংবলিত প্রকাশনা সংরক্ষণ করে নাট্যকলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। আশা করি, তির্যক নাট্যদলও কর্মকাণ্ড সংরক্ষণ করবে।’
আশীষ গোস্বামী উল্লেখ করেন, নাট্যকার যা রচনা করেন, পরিচালক সেটার পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করেন এবং একটি নাটক মঞ্চায়নের এটাই স্বাভাবিক প্রক্রিয়া।
তবে মূল পাণ্ডুলিপি, সেট, লাইট, মিউজিক ও কসটিউম ডিজাইনের রেখাচিত্র অবশ্যই সংরক্ষণ করতে হবে। তিনি এ বিষয়ে উদ্যোগী হতে নতুনদের প্রতি আহ্বান জানান। তির্যক নাট্যদলের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দারের সঞ্চালনায় কর্মশালায় ৪৫ জন নাট্যকর্মী উপস্থিত ছিলেন এবং নানা প্রশ্ন ও উত্তরের মধ্যে দিয়ে কর্মশালা শেষ হয়। বিজ্ঞপ্তি।