নাট্যদিবসে শিল্পকলায় দুই নাটক
নানা আয়োজনে পালিত হলো বিশ্ব নাট্য দিবস। স্লোগান ছিল ‘নাট্যকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা।’ অনুষ্ঠানে আলোচনা ছাড়াও ছিল মঞ্চনাটক। চট্টগ্রাম নাট্য ফেডারেশনের আয়োজনে শিল্পকলার অনিরুদ্ধ মঞ্চে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। এতে লোক থিয়েটারের অংশগ্রহণে ক্ষেপা পাগলার প্যাঁচাল এবং সমীকরণ নাট্যজোটের অংশগ্রহণে অনশন নাটক মঞ্চায়িত হয়। এসএম সোলমান রচিত এবং মনসুর মাসুদ পরিচালিত ও নির্দেশিত নাটক ক্ষেপা পাগলার প্যাঁচাল মূলত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও যুদ্ধাপরাধীদের বর্তমান অবস্থান তুলে ধরা হয়েছে। সমকালীন রাজনীতির বাস্তবতাভিত্তিক নাটক অনশন। রচনা, পরিচালনা ও নির্দেশনা দেন আলোক মাহমুদ। নাটকটিতে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার রাজনীতির জাঁতাকলে পড়ে সাধারণ মানুষের কী দশা হয় তা নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকের ফাঁকে ফাঁকে বক্তব্য দেন সুচরিত দাশ ও মোসলেম উদ্দিন সিকদার। ব্যাংকার রফিকুন নাহার বলেন, দুটি নাটকের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও এতে সামাজিক সমস্যা উঠে এসেছে যার সমাধান দরকার।ফৌজদারহাট ক্যাডেট কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হাসনাত হারুন বলেন, ‘দুইটি নাটকই সমকালীন প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ। প্রথম নাটক ক্ষেপা পাগলের প্যাঁচাল মুক্তিযুদ্ধের কথা বলে যেটা বর্তমান প্রজন্মের জানা খুব জরুরি। কারণ ইতিহাস বিকৃতির কারণে তাঁরা মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য পাচ্ছেন।’ চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী নুসরাত আনজুন বলেন, ‘অনশন নাটকটি আমার বেশি ভালো লেগেছে, কারণ তুলনামূলকভাবে নাটকটি সহজবোধ্য ছিল। তবে দুই নাটকের মূলকথা সুন্দর একটি দেশ গড়ে তোলা।’