নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে ফেনীতে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৭তম জন্মবার্ষিকী গত বৃহস্পতিবার তাঁর নিজ জেলা ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। স্থানীয় সংগঠন আলোকিত ফেনী ফাউন্ডেশন ও শিল্পতীর্থের আয়োজনে বিকেলে জেলা পরিষদ ভবনের সেলিম আল দীন মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর সংরক্ষিত নারী আসনের সাংসদ জাহান আরা বেগম।
আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী ও ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন। মুখ্য আলোচক ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ রফিক রহমান ভূঁইয়া। কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শিল্পতীর্থ সম্পাদক হুমায়ুন মজুমদার।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমরজিৎ দাস, অনুরণন আবৃত্তিচর্চা কেন্দ্রের প্রধান সমন্বয়ক রাশেদ মাযহার, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, নাট্য সংগঠক নাসির উদ্দিন প্রমুখ।
আলোচনা ও প্রতিযোগিতা শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন।
একই দিন সন্ধ্যায় সোনাগাজীর সেনের খিলের গ্রামে সেলিম আল দীনের পৈতৃক বাড়িতে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উভয় অনুষ্ঠানে বক্তারা সেলিম আল দীনের জীবন ও নাটকের বিভিন্ন দিক তুলে ধরেন।—ফেনী অফিস