নাট্যাধারের শিখণ্ডী কথা
নাট্যাধারের নিয়মিত প্রযোজনা শিখণ্ডী কথা নাটকের দুটি প্রদর্শনী এবং জিয়া হায়দার নাট্যপদক প্রদান অনুষ্ঠান হয়ে গেল নগরের জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে। এবার পদক পেয়েছেন নাট্যজন ম সাইফুল আলম চৌধুরী।২৬ নভেম্বর সকাল ১০টা ও সন্ধ্যা সাতটায় শুরু হয়েছিল নাটক। কাহিনি ছিল এ রকম—বয়সের বাঁকে বাঁকে শারীরিক পরিবর্তনের সঙ্গে রতনের মানস গঠনেও পরিবর্তন শুরু হয়। পুতুলখেলা, অতিরিক্ত সাজ, পুরুষ বন্ধুর প্রতি আসক্তি ও লেখাপড়ার প্রতি উদাসীনতা এমনকি মা-বাবা-ভাইদের কাছেও আর গোপন থাকে না। একদিন মায়ের পরিধেয় পরার অপরাধে নিদারুণ লাঞ্ছিত হয় বাবার হাতে।ইতিমধ্যে নিতাইয়ের সঙ্গে গ্রামের মেলায় যায় রতন। সেখানে ভিন্ন এক সত্যের মুখোমুখি হয় সে। এক হিজড়া তাকে তাদের ডেরায় যাবার আমন্ত্রণ জানায়। রতন পালিয়ে এলেও স্বজনদের লাঞ্ছনা আর প্রতিবেশীর গঞ্জনা তাকে প্ররোচিত করে আত্মহননের সিদ্ধান্তে—কিন্তু পারে না। ঘরে ফেরা হয় না তার, চলে যায় হিজড়া ডেরায়। সেখানে ভালোই ছিল রতন কিন্তু ভেতরকার লিঙ্গের প্রশ্ন তাড়া করে ফেরে তাকে। হিজড়া সঙ্গীদের জীবনের করুণচিত্র এবং ছুটকীর মৃত্যু রতনকে নাড়িয়ে দেয়। সে জানতে চায় কী তার লিঙ্গ? কেন সে পুরুষের অবয়ব নিয়েও পুরুষ হতে পারে না? কেন সে নারীর মন নিয়ে মাতৃত্বের স্বাদ পাবে না? কেন পাবে না স্বাভাবিক বাঁচার অধিকার? কী অপরাধে!অধ্যাপক আনন জামান রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত এ নাটকে চরিত্রের সঙ্গে মানিয়ে অভিনয় করেছেন জামাল হোসাইন, মোহাম্মদ শিপন, আফরিন নিগার, ইসমত আরা, সেঁজুতি, নদী, সৌমিত, মাহিন, জুয়েল প্রমুখ।বিকেলে নাট্যাধার প্রবর্তিত জিয়া হায়দার নাট্যপদক ২০১০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি কাজী মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নাট্যকার অভীক ওসমান। জামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে জিয়া হায়দারের কবিতা আবৃত্তি করেন রাশেদ হাসান।প্রধান অতিথি বলেন, নাট্যাধারের এ উদ্যোগ অনুকরণীয়। জিয়া হায়দারের অসম্পন্ন কাজ সম্পন্ন করার ক্ষেত্রে ম সাইফুল আলম ভূমিকা রেখেছেন।