
সাম্রাজ্যবাদ ও একচেটিয়া পুঁজির দাপটে বিশ্ব তছনছ হয়ে যাচ্ছে। চারদিকে চলছে লুটেরাদের রাজত্ব। শ্রেণিহীন ও অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলন–সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল জাফর। তার এই আত্মত্যাগে মুগ্ধ হয় দলের আরেক কর্মী অনিলা। জাফরকে জীবনসঙ্গী করে সে। কিন্তু একটা সময়ে টাকাপয়সা আর সম্মানের আশায় বদলে যায় জাফর। সে হয়ে ওঠে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রতিনিধি। জাফরের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় অনিলা ও তার দলের। ফলে অনিলার সঙ্গে বিচ্ছেদ ঘটে দলত্যাগী জাফরের। এরপর শুরু হয় জাফরের নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব, নির্দিষ্ট হয় তার গন্তব্য। এভাবেই শেষ হয় নাটক গন্তব্য।
শিল্পকলা একাডেমী আয়োজিত ১৬ দিনব্যাপী নাটকের আয়োজনে গত ২৭ অক্টোবর একাদশ দিনে কথক থিয়েটারের নাটক গন্তব্য নানা কারণেই দর্শকদের চিন্তার খোরাক জুগিয়েছে। নাট্যকার শোভনময় ভট্টাচার্য রচিত ও নির্দেশিত নাটকে জাফর চরিত্রে মুহাম্মদ শাহ্ আলম, অনিলা চরিত্রে সাজেদা আকতার অভিনয় করেছেন। নাট্যোৎসবের ১৩তম দিন ২৯ অক্টোবর সুচরিত চৌধুরীর নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চস্থ হয় অনন্য থিয়েটারের নাটক ভূত। নাটকের কাহিনি এগোয় এভাবে—ছোট একটি ঘর ভাড়া নিয়ে সংসার সাজায় সোলেমান ও মর্জিনা দম্পতি। এমন সময়ে তাদের সংসারে ঢুকে পড়ে এক ভূত। ভূতটি সোলেমান ও মর্জিনাকে তাদের অতীত জীবনের নানা সত্য–মিথ্যা গল্প বলে সংসারে ফাটল ধরায়। নাটকে সোলেমান চরিত্রে সুচরিত চৌধুরী, মর্জিনা চরিত্রে ডলি দাশ ও ভূত চরিত্রে অরূপ গাঙ্গুলি অভিনয় করেন। নির্মল হাসির নাটকটি অনন্য থিয়েটারের ২৮তম প্রযোজনা ও ৪৮তম প্রদর্শনী।
উল্লেখ্য, ‘মঞ্চের সত্য হোক আমাদের অভিন্ন প্রত্যয়’—এ স্লোগান সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমী ১৭ অক্টোবর থেকে ১৬ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করে। ১ নভেম্বর ছিল উৎসবের শেষ দিন। সমাপনী অনুষ্ঠানে একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এরপর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর রেপার্টরি নাট্যদল প্রযোজিত নাটক কানার হাটবাজার মঞ্চায়নের দিয়ে নাট্যোৎসবের পর্দা নামে। তার আগে ২৮ অক্টোবর মঞ্চায়ন হয় কথক নাট্য সম্প্রদায়ের নাটক অতি সাধারণ চিকিৎসক, ৩০ অক্টোবর প্রতিনিধি নাট্য সম্প্রদায়ের নাটক সলিউশন এক্স এবং ৩১ অক্টোবর র্তিযক নাট্য গোষ্ঠীর নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে মঞ্চস্থ হয়।