নাট্যোৎসবে নাশকতার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় মঞ্চস্থ সমীকরণ থিয়েটারের ময়না নাটকের একটি দৃশ্য l জুয়েল শীল
শিল্পকলায় মঞ্চস্থ সমীকরণ থিয়েটারের ময়না নাটকের একটি দৃশ্য l জুয়েল শীল

চলছে নাশকতা। পেট্রলবোমায় পুড়ছে মানুষ। চারদিকে শুধুই আর্তনাদ। সেই নৃশংসতার চিত্র যেন প্রতিফলিত হয়েছে লাল পর্দায়। ককশিটে বানানো রক্ত বিন্দু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের আহাজারি। গ্রুপ থিয়েটার উৎসব ২০১৫ উপলক্ষে এভাবেই সাজানো হয়েছে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ। ‘ঘৃণা আর প্রতিবাদে রুখে দাড়াও বীভৎস উল্লাস’ স্লোগানে গত ২২ ফেব্রুয়ারি থেকে এখানে শুরু হয়েছে ১৩ দিনব্যাপী নাট্যোৎসব। আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম।
গত শুক্রবার ছিল উৎসবের ষষ্ঠ দিন। বিকেলে শিল্পকলার মুক্তমঞ্চে ছিল গণসংগীত ও পথনাটক। এতে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী এবং আত্মদহন পথনাটক পরিবেশন করে অরিন্দম নাট্য সম্প্রদায়। এরপর মূল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় ছিল সমীকরণ থিয়েটারের নাটক ময়না। এ নাটকটি রচিত হয়েছে ময়না নামের একজন নির্যাতিত নারীর জীবনের কাহিনি নিয়ে। নাটকে দেখা যায়, নেশার টাকা জোগাড় করতে ছেলেকে বিক্রি করে পালিয়ে যায় ময়নার স্বামী। একমাত্র ছেলের খোঁজে ময়না যখন পাগলের মতো ছুটতে থাকে সমাজের কর্তাব্যক্তি আর আইনের দ্বারে, তখন সমাজ নানা অপবাদ চাপিয়ে দেয় ময়নার ওপর। অপবাদ আর সমাজপতিদের জালে আটকে যায় ময়নার জীবন। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন আলোক মাহমুদ।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের শিল্পীদের নৃত্যের ঝংকারে সূচনা হয় নাট্যোৎসবের। উৎসব উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এরপর মূল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় শিখণ্ডী কথা নাটক মঞ্চস্থ করে নাট্যাধার। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় মুক্তমঞ্চে তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা পরিবেশন করেন বৃন্দ আবৃত্তি। এরপর পথনাটক লজ্জা পরিবেশন করে তির্যক নাট্যগোষ্ঠী। মূল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হয় থিয়েটার অ্যাঁভাগার্ড পরিবেশিত নাটক অশ্বত্থামা। ২৪ ফেব্রুয়ারি মুক্তমঞ্চে দলীয় সংগীত পরিবেশন করে চট্টগ্রাম যন্ত্রসংগীত শিল্পী সংস্থা। মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় কথক থিয়েটারের প্রযোজনা গন্তব্য।
২৫ ফেব্রুয়ারি মুক্তমঞ্চে ছিল প্রমা আবৃত্তি সংগঠনের বৃন্দ আবৃত্তি এবং সায়মা ও নাবিলার একক সংগীত। নান্দীমুখ পরিবেশন করে নাটক তবুও মানুষ। ২৬ ফেব্রুয়ারি মুক্তমঞ্চে নৃত্য পরিবেশন করে স্কুল অব টেগোর ডান্স অ্যান্ড মুভমেন্ট। একক সংগীত পরিবেশন করেন দীপংকর দে। মঞ্চস্থ হয় গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক কমরেডস হাত নামান। এভাবে ৬ মার্চ পর্যন্ত নাচ, গান, কবিতা, পথনাটক ও মঞ্চনাটকের পরিবেশনায় মুখর থাকবে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ।