নাতনিদের মুখ দেখা হলো না আয়েশার

দিন কয়েক আগে মুঠোফোনে বড় ছেলে আবদুল আজিমের সঙ্গে কথা হয় আয়েশা বেগমের। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ছোট্ট নৌকায় লিবিয়া থেকে ইতালির পথে রওনা হওয়ার আগে। সে কথা ভেবে বারবার কান্নায় ভেঙে পড়ছেন বৃদ্ধা আয়েশা। দুই নাতনির মুখ যে আর দেখা হবে না তাঁর।
গত ২৬ আগস্ট ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আজিমের দুই শিশুকন্যাসহ ২৪ বাংলাদেশি নিখোঁজ হয় অথই সাগরে। লিবিয়ার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির উত্তাপ থেকে বাঁচতে আশ্রয়ের আশায় পরিবার নিয়ে ইউরোপের পথে যাত্রা করেছিলেন আজিম। ১৬ বছর ধরে লিবিয়ায় বসবাস করছেন খাগড়াছড়ির দীঘিনালার এই প্রবাসী। সেখানকার একটি হোটেলে ভালো চাকরিও করতেন। মাসে মাসে টাকা পাঠাতেন দেশে। জঙ্গি হানায় হোটেলটি বন্ধ হয়ে গেলে আজিম শেষ চেষ্টা করেছিলেন ভাগ্যকে জয় করতে। কিন্তু হার মানতে হলো তাঁকে এই যাত্রায়। উত্তাল সাগরে হরিয়ে গেছে তাঁর দুই শিশুকন্যা রিমাজ আজিম (৪) ও রাইসা আজিম (৮ মাস)। বড় মেয়ে রিজাস আজিম (৬) ও স্ত্রী নার্গিস আক্তারকে ত্রিপোলির হাসপাতালে খুঁজে পেলেও দুই মেয়ের সন্ধান পাননি। মুঠোফোনে খবরটি পাওয়ার পর শোকে আচ্ছন্ন আজিমের পরিবার। গত ৩০ আগস্ট দীঘিনালার বড় মেরুং এলাকায় আজিমের গ্রামের বাড়িতে ঢুকতেই কান্না আর বিলাপের ধ্বনি ভেসে আসে।
আজিমের পরিবারের সদস্যরা জানান, পরিবারের সচ্ছলতা আনতে সরকারি ভিসায় ১৯৯৯ সালে তিনি লিবিয়া গিয়েছিলেন। কাজ করতেন লিবিয়ার সিরাতের একটি হোটেলে। সেখানেই স্ত্রী নার্গিস বেগমসহ তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন। হোটেলটি এক বছর আগে জঙ্গিগোষ্ঠীর বন্ধ করে করে দেওয়ায় আর্থিক সংকটে ভুগছিলেন। ২৬ আগস্ট ভাগ্য ফেরাতে সমুদ্রপথে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য রওনা দেন তাঁরা।
দুই নাতনির মৃত্যুতে দাদি আয়েশা বেগম কোনো সান্ত্বনাই খুঁজে পাচ্ছেন না। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘নাতনিদের মুখ এখনো দেখিনি। একটু কোলে নিয়ে আদরও করা হলো না। শেষ বয়সে এসে এমন কষ্টও আমাকে সইতে হলো!’
আজিমের ছোট ভাই মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা ছয় ভাই, ছয় বোনের মধ্যে আজিম সবার বড়। সর্বশেষ ২০১৩ সালের ১২ অক্টোবর একা দেশে এসেছিলেন তিনি। লিবিয়ার রাজনৈতিক পালাবদল নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। কী করবেন বুঝতে পারছিলেন না। নিরুপায় হয়েই ভাই ইতালি যেতে চেয়েছেন। দুই মেয়েকে হারিয়ে এখন তিনি পাগলপ্রায়।’ মুঠোফোনে যোগাযোগ করলে আবদুল আজিম বলেন, ‘আমরা লিবিয়ার জোয়ারা থেকে নৌকায় ইতালি যাচ্ছিলাম। জোয়ারা থেকে ১৮ কিলোমিটার যাওয়ার পর আমাদের নৌকাটি ডুবতে শুরু করে। নৌকায় প্রায় ৪০০ জন যাত্রী ছিল। ছোট মেয়ে রাইসা ছিল আমার কোলে। নৌকাডুবির সময় কখন যে সে আমার হাত থেকে ছিটকে পড়েছে মনে নেই। পরে হাসপাতালে খোঁজ নিয়ে দেখি আমার স্ত্রী নার্গিস বেগম ও বড় মেয়ে রিজাস বেঁচে আছে। মেজ মেয়েটিরও কোনো খোঁজ পাইনি। দুই সন্তানকে হারিয়ে আমার স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন।’ বর্তমানে আজিম ত্রিপলিতে পরিবার নিয়ে অবস্থান করছেন বলে জানান।