
নাদিয়াকে দেখলেই সব গুবলেট হয়ে যায়। বুকের ভেতরটা ঢিপঢিপ করে, গলাটা কেউ যেন আঁকড়ে ধরে, বারবার ঢোঁক গিলতে হয়। রহমত চাচার মেয়ে নাদিয়া। পাশাপাশি বাসা হওয়ায় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বেশ আন্তরিক সম্পর্ক বিরাজমান। নাদিয়া আমার থেকে তিন–চার বছরের ছোট। কিন্তু কথাবার্তায় মনে হয় যেন আমার চেয়ে পাঁচ গুণ বেশি বোঝে।
সেদিন হঠাৎ নাদিয়ার ফোন, ‘রিয়াজ ভাইয়া, আমরা কোরবানির গরু কিনেছি। ইয়া বড় সাইজের। দেখতে আসেন এখনই।’ বিছানায় শুয়ে ছিলাম। সবেমাত্র মাস্টার্স ফাইনাল শেষ হলো। এখন কিছুদিন আরাম করাই যায়। ধড়মড় করে উঠে বসলাম। দ্রুত ওদের বাসার নিচে গেলাম। দেখলাম, গেটের কাছে একটা বিশাল কালো রঙের গরু দাঁড়িয়ে আছে। গরুর পাশে গর্বিত রহমত চাচা ও নাদিয়া। ঠিক তখনই নাদিয়ার কিছু বান্ধবীও রিকশা থেকে নামল বাসার সামনে। নাদিয়া মনে হয় এরই মধ্যে সবাইকে গরু কেনার খবর জানিয়ে দিয়েছে। ওর বান্ধবীদের একজন বলে উঠল, ‘ওহ্ মাই গড! কী কিউট গরু।’ মেয়েটা একটা ফ্লাইং কিসও দিল। গরুটা বুঝল কি না জানি না। কিন্তু ঠিক তখনই হাম্বা বলে ডেকে উঠল।
নাদিয়া হঠাৎ আমার দিকে তাকাল। তার চোখ–মুখ শক্ত। কাছে এসে চাপা গলায় বলল, ‘লুঙ্গি পরে এসেছেন কেন? গাধা!’ আমার হঠাৎ খেয়াল হলো, তাড়াহুড়ো করে আসতে গিয়ে লুঙ্গি পরেই চলে এসেছি। গায়ের গেঞ্জিটায় আবার একটা ফুটোও আছে। চলে যাব ভাবছিলাম। নাদিয়া তখন আমাকে বলল, ‘গরুর সাথে আমাদের কিছু ছবি তুলে দিন তো।’ তরুণীরা বিভিন্ন ভঙ্গিমায় গরুর সঙ্গে ছবি তুলল। গরুও ভালোই পোজ দিল। ছবি তোলা শেষে নাদিয়া আমাকে ডাকল। ওর এক বান্ধবীকে বলল, ‘রিয়াজ ভাইয়ার সাথে আমার ছবি তুলে দে।’ আমি ‘না’ বলতে পারলাম না। এক পাশে নাদিয়া, এক পাশে আমি। মাঝখানে গরু। আমার আর গরুর মুখ গম্ভীর, নাদিয়ার মুখে হাসি।
আমি ছবি তুলেই সটকে পড়লাম। রাতে ফেসবুকে বসেই দেখি, নাদিয়া গরুর সঙ্গে তোলা বেশ কিছু ছবির পাশাপাশি আমার ছবিটাও আপলোড করেছে। ছবিটায় অনেকেই কমেন্ট করেছে, ‘এটা কে? গরুর রাখাল নাকি?’ একজন আবার লিখেছে, ‘রাখালটা তো বেশ হ্যান্ডসাম।’ নাদিয়া উত্তর দিয়েছে, ‘হ্যাঁ, এটা রাখাল। লুঙ্গি পরা রাখাল।’ অপমানে আমার মুখ লাল হয়ে উঠল। নাদিয়া আমাকে এত বড় অপমান করল?
প্রতিশোধের নেশা পেয়ে বসল আমাকে। বাসা থেকে বের হলাম। রাত আটটার মতো বাজে। দেখলাম নাদিয়াদের গরুটা গেটের বাইরে একটা খাম্বার সঙ্গে বাঁধা। আশপাশে কেউ নেই। আস্তে আস্তে গরুটার দড়ি খুলে দিলাম। গরুটা মুখ উঁচু করে আমাকে দেখল। এরপর ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল। আমি একটু দূরে একটা চায়ের দোকানে গিয়ে বসে রইলাম। মনে একটা প্রশান্তির ভাব। গরুটাকে এখনো দেখতে পাচ্ছি। সামনে এগিয়ে চলেছে।
১০ মিনিট পার হলো। দুই কাপ চা খাওয়া শেষ হয়েছে। হঠাৎ নাদিয়াদের বাসার সামনে থেকে হইচই শুনতে পেলাম। নাদিয়া আমাকে ফোন করল। কান্না বিজড়িত কণ্ঠে বলল, ‘রিয়াজ ভাইয়া, আমাদের গরু হারিয়ে গেছে। আব্বা খুব কান্নাকাটি করছে!’ নাদিয়া কথা শেষ করতে পারল না। আকুল হয়ে কাঁদতে লাগল। হঠাৎ আমার ভেতরটা ওলট–পালট হয়ে গেল। বুঝতে পারলাম বিরাট ভুল করেছি। রহমত চাচার বাড়ি থেকে একাধিক লোক নানা দিকে গরু খুঁজতে বের হলো। কিন্তু আমি তো ভালো করে জানি, গরু কোন দিকে গেছে। সময় নষ্ট না করে দৌড় দিলাম।
আধা ঘণ্টার মধ্যে গরু সাহেবকে খুঁজে পেলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে বেশ কয়েকবার প্রকৃতির ডাকে সাড়াও দিয়েছে। গলায় এখনো দড়ি ঝুলছে। আমি দড়ি টেনে ওকে নিয়ে আসতে লাগলাম। গরুটা তেমন কোনো আপত্তি করল না। মনে হয় আমাকে আপন ভেবে বসেছে। আমার মধ্যে একটা রাখাল রাখাল ভাব চলে এল।
গরুটা নিয়ে আসতেই রহমত চাচার বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে গেল। রহমত চাচা বারবার আমাকে জড়িয়ে ধরতে লাগলেন। নাদিয়ার মুখেও হাসি ফুটল। তারা যদি জানত যে গরুটা আমি ছেড়ে দিয়েছিলাম, কী হতো কে জানে!
পরদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে বসলাম। দেখলাম নাদিয়া ফেসবুকে আমার একটা ছবি আপলোড করেছে। ছবির নিচে ক্যাপশন, ‘এটা আমার রাখাল। যে আমার মতো গরুকে সারা জীবন দেখেশুনে রাখবে।’
আমি আবারও লুঙ্গি পরেই নাদিয়াদের বাসার দিকে ছুটলাম।
মিস্ত্রীপাড়া, খুলনা