নাদিয়ার অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক নারী সাহসিকতার পুরস্কার গ্রহণ করে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের নাদিয়া শারমিন। ছবি: ফেসবুক থেকে
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক নারী সাহসিকতার পুরস্কার গ্রহণ করে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের নাদিয়া শারমিন। ছবি: ফেসবুক থেকে

সময়টা আজ থেকে প্রায় দুই বছর আগের কথা। সাহসী মেয়েটি বুম হাতে চলে গিয়েছিলেন হেফাজতে ইসলামের সমাবেশে। খবর সংগ্রহ করার সময় কিছু বোঝার আগেই ৫০–৬০ জনের দলটি একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমিনের ওপর হামলা করে। এলোপাতাড়ি মারতে থাকে তাঁকে। ২০১৩ সালের ৬ এপ্রিলের সেই ঘটনা দেশে আলোড়ন তুলেছিল।
অসুস্থ হয়ে অনেক দিন হাসপাতালের বিছানায় থাকতে হয়েছে নাদিয়াকে। শুধু তা–ই নয়, একুশে টেলিভিশন থেকে তাঁর চাকরিটাও চলে যায়। কিন্তু নাদিয়া থেমে যাননি। যোগ দেন একাত্তর টেলিভিশনে অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে। তাঁর সাহসী কাজের স্বীকৃতি হিসেবে ৬ মার্চ যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক নারী সাহসিকতার (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড—আইডব্লিউওসি) পুরস্কার পান। যেসব নারী তাঁদের সাহসিকতা দিয়ে সমাজ বদলাতে অবদান রাখেন, তাঁদেরই এই সম্মান জানায় আইডব্লিউওসি। এ বছর বিভিন্ন দেশের দশজন নারী এই পুরস্কার পেেয়ছেন।
হেফাজতের সমাবেশে যাওয়ার এত সাহস কীভাবে পেয়েছিলেন? এর উত্তরে নাদিয়া প্রথম আলোকে বলেন, ‘সেদিনের ঘটনার পর অনেকে আমাকে বলেছেন কেন গিয়েছি। আমি তো একজন অপরাধবিষয়ক প্রতিবেদক। একজন পুরুষ প্রতিবেদক যেতে পারলে আমি কেন পারব না।’
নাদিয়া মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গেও দেখা করবেন। এ ছাড়া নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৫৯তম কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইমেন’ সম্মেলনে যোগ দেবেন। যেখানে সারা বিশ্বের নারী অধিকারকর্মী ও বিশিষ্ট নারী সাংবাদিকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

এই পুরস্কার বাংলাদেশের সব নারীর

৬ মার্চ যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক নারী সাহসিকতার (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড—আইডব্লিউওসি) পুরস্কার পান বাংলাদেশের নাদিয়া শারমিন। একাত্তর টেলিভি​শনের অপরাধবিষয়ক এই প্রতিবেদকের সঙ্গে সেদিনই যুক্তরাষ্ট্রে মুঠোফোনে কথা হয়। তিনি জানান, পুরস্কার পাওয়ার পর তাঁর অনুভূতি ও পরিকল্পনার কথা।

পুরস্কার হাতে নাদিয়া
পুরস্কার হাতে নাদিয়া

কেমন লাগছে পুরস্কার পেয়ে?
নাদিয়া: খুবই চমৎ​কার। বিশ্বের উন্নত একটি দেশ আমাকে এত সম্মান দিয়েছে। এখানে অনেকেই বাংলাদেশকে চিনতেন না, আমার ​এ​ই পুরস্কারের মাধ্যমে তাঁরা বাংলাদেশকে চিনতে পারছেন। বাংলাদেশের নারীদের সাহসিকতার কথা জানতে পেরেছেন। এটাই তো অনেক বড় পাওয়া। আর আমার মা–বাবা, বোন—এতটাই খুশি যে, ‘আনন্দিত’ শব্দটি দিয়েও বোঝানো যাবে না।

গত কয়েক দিনের অভিজ্ঞতার কথা যদি বলেন।
না​দিয়া: বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানকার মানুষও যে কতটা অতিথিপরায়ণ, সেটা গত কয়েক দিনে বুঝতে পেরেছি। আমা​র পুরস্কার নেওয়ার সময় সবাই দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। আমি যখন বক্তব্য দিচ্ছিলাম, সবাই ছবি তুলেছেন। বাংলাদেশে নারীদের কথা, মেয়েরা কীভাবে সাংবাদিকতা করেন, সেসব জানতে চেয়েছেন। একটা সময় এই উন্নত দেশেও অনেক সমস্যা ছিল। তারা সেই অবস্থা থেকে বের হয়ে আসছে। তাদের অভিজ্ঞতাগুলো থেকে অনেক কিছু শিখেছি। দেশে গিয়ে সবার সঙ্গে এ​ই অভিজ্ঞতা বিনিময় করব।

এখন কি দায়িত্ব বেড়ে গেল?

নাদিয়া: এই পুরস্কার, এই অর্জন আমার একার নয়। বাংলাদেশের সব নারীর। তাঁরা সাহসিকতার সঙ্গে কাজ করছেন। এই পুরস্কার যেমন আমাকে অনুপ্রাণিত ও উৎ​সাহিত করেছে, তেম​নি সেসব নারীকেও উৎ​সাহিত করবে। আর যেকোনো পুরস্কার–স্বীকৃতি ​ইতিবাচক পরিবর্তন আনে সবার মাঝে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরে উপ–পররাষ্ট্রমন্ত্রী হিদার এ হিগিনবটমের কা​ছ থেকে পুরস্কার ​নিই। ​যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা উপ​স্থিত থাকতে পারেননি। ৭ মার্চ তাঁর সঙ্গে হোয়াইট হাউসে আমরা দেখা করতে যাব।

আন্তর্জাতিক নারী দিবস ​কীভাবে পালন ক​রবেন?

নাদিয়া: পেনসিলভেনিয়ার পিটাসবার্গে কয়েকটি সাংবাদিকতা–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গণমাধ্যমের কার্যালয় আছে। তাদের সঙ্গে সারা দিন কাটাব আমরা।