নানা অসংগতি তুলে ধরলেন বিচারকেরা
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অপরাধীদের আইনের আওতায় আনা। কারণ দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির ওপর আইনশৃঙ্খলা নির্ভর করে। কাজ করার ক্ষেত্রে পুলিশ-ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নানা রকম সমস্যার কথা উল্লেখ করে জেলা জজ বলেন, এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে এরমধ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।২ অক্টোবর সকালে চট্টগ্রামের নতুন আদালত ভবনের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শামসুল আলম পুলিশ, বিআরটিএ, চিকিৎসকসহ বিভিন্ন সংস্থার কাজে নানা রকম অসংগতির কথা তুলে ধরেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, সড়ক পরিবহন অধিদপ্তর (বিআরটিএ) থেকে বলা হয়েছে চট্টগ্রামে নতুন করে সিএনজিচালিত অটোরিকশার অনুমতিপত্র (লাইসেন্স) দেওয়া হবে না। অথচ বিষয়টি বিক্রেতাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিআরটিএর আইনে বলা হয়েছে, কোনো অনুমতিপত্র তিনবার পাঞ্চ করা হলে তা বাতিল বলে গণ্য হবে। কিন্তু তা জানানো হয়নি বিচার বিভাগকে। অধিকাংশ মামলায় উল্লেখ করা চালকের ঠিকানা সঠিক হয় না। মুখ্য বিচারিক হাকিম আরও বলেন, সীতাকুণ্ডের জাহাজভাঙাশিল্প এলাকায় সবচেয়ে বেশি শ্রমিকের মৃত্যু হয় ঝুঁকি নিবারণের মতো ব্যবস্থা না থাকায়। অথচ তদন্ত প্রতিবেদনে বলা হয়, অসতর্কতার কারণে মৃত্যু হয়েছে। পুলিশ কোনো মামলায় আসামির বয়স সঠিকভাবে না লেখায় দেখা যায় মায়ের কোলে আদালতে হাজির হয়েছে শিশু আসামি। ধর্ষণ মামলায় ১৫ দিনেও হাসপাতাল থেকে প্রতিবেদন পাওয়া যায় না। ততদিনে আলামত নষ্ট হয়ে যায়। এসব অসংগতির কারণে সুষ্ঠু ও সময়মতো বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হয় না। ন্যায়বিচারের স্বার্থে মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ ধরনের অসংগতি দূর করে সমন্বিত উপায়ে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।সম্মেলনে বক্তব্য দেন অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম মো. আবদুর রশিদ, বিচারিক হাকিম আবু হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান, সিভিল সার্জন মো. আবু তৈয়ব, সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী প্রমুখ। সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন সিদ্দিকী, কোর্ট ইন্সপেক্টর অনু মং, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, বিএসটিআই, বিআরটিএ এবং র্যাবের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিচারকেরা ৫৪ ধারায় গ্রেপ্তারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা এবং তদন্ত ও আইন প্রয়োগের ব্যাপারে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা তাঁদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান উদাহরণ দিয়ে বলেন, “আমাদের মাদক পরীক্ষার জন্য পাঠাতে হয় ঢাকার গেণ্ডারিয়া। তাগাদা দিলে বলা হয়, ‘আপনার আগে আরও ৬০০ সিরিয়াল আছে।” কোর্ট ইন্সপেক্টর অনু মং বলেন, ‘ঘন ঘন বদলির কারণে তদন্ত কর্মকর্তারা ঠিকমতো কাজ করতে পারেন না। আমার ছেলে এসএসসি পাস করেছে ছয়টি বিদ্যালয় পরিবর্তন করে।’ আইনজীবী কর্মকর্তারা এ ধরনের সমন্বয় সভা প্রতিমাসে করার আহ্বান জানান।