নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
‘অতীতকে জানব, আগামীকে গড়ব’ স্লোগানে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। পার্বত্য চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজারের বিভিন্ন উপজেলায় এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
খাগড়াছড়ি: জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়িসহ সমমনা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন।
চকরিয়া: কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘মোহনা’ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চকরিয়া ও পৌরশহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। এ ছাড়া আরও বক্তব্য দেন চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন, উপজেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আজিম।
এদিকে পেকুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে একই দিন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, পেকুয়া জিএমজি ইনস্টিটিউশনের শিক্ষক জাহাঙ্গীর আলম।
ফেনী: ফেনীতে নানা আয়োজনে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে শেষ হয়।
শোভাযাত্রা শেষে পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক চৌধুরী ও সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম। এতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফুলগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রার মধ্য দিয়ে সাক্ষরতা দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম। সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনেও সাক্ষরতা দিবস পালিত হয়।