মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও বাউল গান পরিবেশনার মধ্যে দিয়ে চট্টগ্রাম কলেজে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ। ১৪ এপ্রিল সকালে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় শোভাযাত্রা। এরপর সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মধ্যে দিয়ে শুরু হয় মূল আয়োজন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও নববর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী।
উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ আবু জাফর চৌধুরী, শেখর দস্তিদার, শিক্ষক পরিষদের সম্পাদক বিপ্লব গাঙ্গুলী, শিক্ষক ক্লাব সম্পাদক এম জুবাইরুল ইসলাম, ছাত্রনেতা আবু মোহাম্মদ আরিফ প্রমুখ।
আলোচনা সভার পর চলে সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিলেন বাউল মানস পাল চৌধুরী। এ ছাড়া বিশেষ আকর্ষণ ছিল কলেজ ক্যাম্পাসে বৈশাখী মেলা। বিজ্ঞপ্তি।