নানা আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্যাপন
চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় নানা আয়োজনে উদ্যাপন করা হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, মেলা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ, চিকিৎসা শিবির ও আলোচনা সভা। গত রবি ও সোমবার এসব কর্মসূচি পালিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পেকুয়া: পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম খালেকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বক্তব্য দেন পেকুয়া বাজার সমিতির সভাপতি আকতার আহমদ, সহসভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।
আনোয়ারা: আনোয়ারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈর সভাপতিত্ব উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
পরে উপজেলা সদরের অগ্রযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার হাইলধর ও বরুমচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনা মূল্যে টিকাদান ও চিকিৎসা কর্মসূচি পালিত হয়।
টেকনাফ: শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন টেকনাফের অতিরিক্ত দায়িত্বে থাকা উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, সহকারী বন সংরক্ষক (এসিএফ) সরওয়ার আলম প্রমুখ।
ফেনী: ফেনীতে রবি ও সোমবার দুই দিনব্যাপী মেলাসহ নানা ধরনের সেবামূলক কর্মসূচি পালিত হয়। জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজন করা হয় মেলা ও খামারি সমাবেশ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু আল মনসুর।
অতিথি ছিলেন ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খালেদ কামাল, জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রাণিসম্পদ গবেষণাগারের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুর রশীদ, সাংবাদিক আবু তাহের ও ফেনী প্রেসক্লাবের সভাপতি রবিউল হক।
মেলায় বিভিন্ন ওষুধ, পোলট্রি ও ডেইরি খাদ্য প্রস্তুতকারক কোম্পানিসহ প্রাণিসম্পদ বিভাগের ২৫টি স্টল স্থান পায়। মেলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
খাগড়াছড়ি: খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর টাউন হল প্রাঙ্গণে সেবা সপ্তাহ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মজিদ আলী, জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল কাশেম প্রমুখ।
মহেশখালী: উপজেলার পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাশ। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেবু লাল দত্ত। বক্তব্য দেন মোহাম্মদ জহির উদ্দিন, আবুল কাসেম, মনজুর আলম প্রমুখ।