নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রজয়ন্তীতে শিল্পকলা একাডেমীতে নাচ পরিবেশন করছেন শিল্পীরা l জুয়েল শীল
রবীন্দ্রজয়ন্তীতে শিল্পকলা একাডেমীতে নাচ পরিবেশন করছেন শিল্পীরা l জুয়েল শীল

সংস্কৃতি সংবাদ
নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী
জাকিয়া কবির
নগরজুড়ে উদ্যাপিত হলো রবীন্দ্রনাথের ১৫৪তম জন্মবার্ষিকী। ২৫ বৈশাখ, অর্থাৎ ৮ মে নগরের ডিসি হিল, শিল্পকলা একাডেমী ও থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বিভিন্ন সংগঠন এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গান, কবিতা, নাটক ও নাচের মধ্য দিয়ে বিশ্বকবিকে নতুন রূপে আবিষ্কার করে দর্শকেরা।
ডিসি হিল: সম্মিলিত পঁচিশে বৈশাখ উদ্যাপন পরিষদের উদ্যোগে ডিসি হিলের নজরুল স্কয়ার মঞ্চে আয়োজিত হয় রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান। ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের দলীয় নাচ পরিবেশনের মধ্য দিয়ে বিকেল সাড়ে চারটায় শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এরপর দলীয় সংগীত নিয়ে মঞ্চে আসে গীতধ্বনি। তারা পরিবেশন করেন ‘তুমি যে সুরের আগুন’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’ ও ‘নয় নয় এ মধুর খেলা’ শিরোনামের গানগুলো। প্রমা আবৃত্তি সংগঠনের দলীয় পরিবেশনায় ছিল ‘ভেঙেছ দুয়ার এসেছ জ্যোর্তিময়’ কবিতাটি। এরপর দলীয় সংগীত পরিবেশন করেন সৃজামি সাংস্কৃতিক অঙ্গন ও গুরুকুল সংগীত একাডেমির শিল্পীরা। আবৃত্তিশিল্পী রাশেদ হাসান পরিবেশন করেন ‘আফ্রিকা’ কবিতাটি। এ ছাড়াও দলীয় নাচ পরিবেশনা করেন সঞ্চারী নৃত্যকলা একাডেমির শিল্পীরা। গুরুকুলের খুদে শিল্পীদের দলীয় নাচের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কঙ্কন দাশ।
জেলা শিল্পকলা একাডেমী: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ‘আজি প্রণামি তোমারে’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমীর শিশু বিভাগের শিল্পীদের সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর মঞ্চে দলীয় নাচ নিয়ে আসেন নটরাজ নৃত্যাঙ্গনের শিল্পীরা। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন মুজাহিদুল ইসলাম, সমুদ্র টিটু, অঞ্চল চৌধুরী ও রাশেদ হাসান।
এরপর জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য বিভাগের শিল্পীরা নাচ পরিবেশন করেন। মঞ্চে একক সংগীত পরিবেশন করেন সুব্রত দাশ, সেঁজুতি দে, এলড্রিন ক্রাউলি, অপু বর্মণ ও শ্রেয়সী রায়। আয়োজনে দ্বৈত সংগীত পরিবেশনা করেন মো. মোস্তফা কামাল ও শ্রেয়সী রায়। সাংস্কৃতিক আয়োজনের শেষ পর্যায়ে ছিল নাট্যাংশ মুক্তধারা। পরিবেশন করেন গণায়ন নাট্যসম্প্রদায়ের শিল্পীরা। উপস্থাপনায় ছিলেন ফারুক তাহের।
থিয়েটার ইনস্টিটিউট: ‘১৪০০ সাল’ কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে থিয়েটার ইনস্টিটিউটে শুরু হয় তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন। ৮ মে সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে রবীন্দ্রকথন, গান, আবৃত্তি ও নিবেদিত কবিতা নিয়ে এ আয়োজনের শিরোনাম ছিল ‘শুধুই রবীন্দ্রনাথ’।
রবীন্দ্রময় এ আয়োজনে শিল্পীরা পরিবেশন করেন কবির ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ‘পরিচয়’, ‘কৃষ্ণকলি’, ‘বাঁশি’, ‘বর্ষার দিনে’সহ জনপ্রিয় সব কবিতা। এ ছাড়া ছিল ‘তোমার খোলা হাওয়া’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘আমি কান পেতে রই’, ‘আজ জ্যোৎস্নারাতে’, ‘আলো আমার আলো’সহ রবীন্দ্রনাথের মনমাতানো সব গান।
শিশুদের কণ্ঠে ছিল কবির ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’, ‘লুকোচুরি’, ‘ইচ্ছামতী’, ‘অন্য মা’, ‘তালগাছ’সহ শিশুতোষ নানা কবিতা ও ছড়া। আয়োজনে আরও ছিল রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতা পাঠ।
মুজাহিদুল ইসলাম ও শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন রণজিৎ রক্ষিত, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, দেবাশীষ রুদ্র, বাপ্পা বড়ুয়া, সংগীতা দেবী, শিউলী চৌধুরী, হিরণ্মময় বড়ুয়াসহ আরও অনেকে।
শিশুতোষ ছড়া ও কবিতা পরিবেশন করে শিশুশিল্পী ঐশী চৌধুরী, ইশরাক শাহরিয়ার, মাসফিক মিজান, অপী দেবীসহ আরও অনেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বৈশাখী নাথ, আল তুষি, আনিকা চৌধুরী, সেঁজুতি দে ও শাহরিয়ার খালেদ।
রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি কামরুল হাসান, জিন্নাহ চৌধুরী, ভাগ্যধন বড়ুয়া ও সারাফ নাওয়ার।
বাতিঘর: অধ্যাপক ড. ভূঁইয়া ইকবাল বলেছেন, বঙ্গীয় সাহিত্য পরিষদের অনুষ্ঠানে যোগ দিতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর চট্টগ্রামে দুই দিন অবস্থান করেছিলেন। কিন্তু এসবের কোনো স্মৃতিচিহ্নই এখন আর নেই। দেরিতে হলেও তাঁর স্মৃতিবিজড়িত স্থান সমূহে স্মৃতিফলক স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ মে গ্রন্থবিপণি বাতিঘর আয়োজিত ‘চট্টগ্রামের রবীন্দ্রনাথ ও অনুষঙ্গ’ শিরোনামে বক্তৃতায় ভূঁইয়া ইকবাল এসব কথা বলেন।
মূল বক্তব্য শেষে চট্টগ্রামে রবীন্দ্রনাথ বিষয়ে প্রাসঙ্গিক তথ্যসহ সম্পূরক বক্তব্য দেন ড. শামসুল হোসাইন, কবি আবুল মোমেন ও অধ্যাপক শিমুল বড়ুয়া।
মোজাম্মেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। এরপর দুটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী অমি দেব।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন কবি খালিদ আহসান, খালেদ হামিদী, আকতার হোসাইন, পুলক পাল, ফারহানা আনন্দময়ী ও অলক চক্রবর্তী।