নানা আয়োজন নগরজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এ বছরও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের পার্ক, হোটেল-রেস্তোরাঁগুলো করেছে নানা আয়োজন। বিশেষ এই দিনটিকে উপলক্ষ করে বৃহস্পতি ও শুক্রবার থাকছে কনসার্ট, সাইকেল শোভাযাত্রা, গানের অনুষ্ঠান, ক্যান্ডেল লাইট ডিনার। ফয়’স লেক: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বৃহস্পতিবার ফয়’স লেক এমিউজমেন্ট পার্কে কনসার্টের আয়োজন করা হয়েছে। বিকেল তিনটায় এই কনসার্ট শুরু হয়ে চলবে সাড়ে আটটা পর্যন্ত। কনসার্টে তরুণ-তরুণীদের গানের সুরে মাতাবেন আসিফ আকবর, মাহাদি ও এলিটা।কনকর্ড গ্রুপের বিক্রয় কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের হেড অব মার্কেটিং আতিকুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিশেষ দিনটিকে ঘিরে কনকর্ড গ্রুপ দিচ্ছে বেশ কয়েকটি অফার। উপলক্ষ একটাই। ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে একান্তে কিছু সময় কাটানো। এ ছাড়া শনিবার সকাল থেকে থাকবে ডিজে পার্টি। চলবে সন্ধ্যা পর্যন্ত।’ নেভাল একাডেমি: এদিকে ‘দ্য বিগ স্টেজ’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে সংগীত সন্ধ্যার। পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে নেভাল একাডেমিতে ‘গ্র্যান্ড ভ্যালেন্টাইন বল ২০১৩’ শিরোনামে সংগীত কনসার্টে গান গাইবেন চট্টগ্রামের শিল্পী আহমেদ নেওয়াজ, তাহসান, এলিটা করিম। কনসার্টে যোগ দেবেন স্থানীয় ব্যান্ড দল ‘স্যান্ডস’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। চলবে রাত ১২টা পর্যন্ত। হোটেল পেনিনসুলা: জিইসি মোড়ের হোটেল পেনিনসুলা কর্তৃপক্ষ ভালোবাসা দিবসকে ঘিরে লেভেল ১৫, ক্লাব ২১-এ আয়োজন করেছে ক্যান্ডেল লাইট ডিনার এবং ড্যান্সের। গ্রাহকদের জন্য আয়োজন করা হয়েছে র‌্যাফেল-ড্রর। ওয়েল পার্ক: ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে একান্তে সময় কাটানোর সুযোগ করে দিতে চট্টগ্রামের জিইসি মোড়ের ওয়েল পার্ক আয়োজন করেছে দিনব্যাপী অনুষ্ঠানমালা ও বিশেষ বুফে ডিনারের। ওয়েল পার্ক রেসিডেন্সের নবম তলায় মোহরা গার্ডেন ও বারবিকিউতে সুরের মূর্ছনা আর মোমের আলোয় প্রিয়জনকে সঙ্গে নিয়ে থাকছে ডিনারের সুযোগ। দুইজনের জন্য এই প্যাকেজের মূল্য রাখা হয়েছে দুই হাজার ৫০০ টাকা। অব্যয়: সাংস্কৃতিক, সামাজিক ও পরিবেশ-বিষয়ক সংগঠন ‘অব্যয়’ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজন করছে ‘ভালোবাসার আলোকচ্ছটা পরিবেশ’ শিরোনামে সাইকেল শোভাযাত্রা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুইবার এভারেস্টজয়ী বাঙালি এম এম মুহিত ।বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের ডিসি হিল থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব, কাজীর দেউড়ি, ওয়াসা, জিইসি মোড়ের সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হবে।