নানা আয়োজন প্রতিবন্ধী মেলা
চিটাগাং সোসাইটি ফর দ্য ডিজ্যাবলের (সিএসডি) আয়োজনে নগরের জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয় তৃতীয় চট্টগ্রাম বিভাগীয় প্রতিবন্ধী মেলা। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, গান, নাচ, নাটক, আবৃত্তি, পাপেট শো প্রভৃতি। এ ছাড়া মেলায় প্রতিবন্ধীদের অধিকার আদায়ে অবদান রাখার জন্য ছয়জন নাগরিককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চেমন আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন মেলা কমিটির সমন্বয়কারী সরোজ কান্তি দাশ ও সচিব সৌরভ বড়ুয়া। প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ভূমিকা রাখার জন্য সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর (মরণোত্তর), হালিমা আকতারী, বেগম রুনু সিদ্দিকী, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মৃদুল কান্তি সর্দার ও প্রতিবন্ধী সংগঠক বিশ্বজিত্ যিশুকে সম্মাননা দেওয়া হয়। দিনব্যাপী মেলায় অংশ নেয় সংশপ্তক, উত্স, গ্রিন বাংলাদেশ, ইপসা, বর্ণালী, ঘাসফুল, মমতা, নির্মল ফাউন্ডেশন, নওজোয়ান, নিষ্কৃতিসহ ২০টি প্রতিষ্ঠান। মেলায় গান করেন বাংলাভিশন তারকা মোখলেছুর রহমান, উম্মে তানজিলা চৌধুরী ও তানিয়া রহমান। এরপর বাক ও শ্রবণপ্রতিবন্ধীরা মঞ্চস্থ করেন নাটক স্মৃতি ৭১। মূকাভিনয় প্রদর্শন করেন দুজন প্রতিবন্ধী। সবশেষে বাংলাদেশের বরেন্দ্র থিয়েটার পরিবেশন করে নাটক ইতিহাস কথা বলে।