‘যুক্তি দিয়ে গাই শুদ্ধ আত্মার গান’ এই স্লোগানে ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (চুয়েটডিএস)। যুক্তির আলোয় পার হলো এক যুগ। তাই সংগঠনের যুগপূর্তির আয়োজনও ছিল বর্ণাঢ্য। ছয় দিনের অনুষ্ঠান চলে ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত।‘নীল আকাশে সোনালি রঙে, সাজাবো স্বপ্ন হরেক ঢঙে’—শিরোনামের উৎসবে ছিল ভিন্নতা। ঘুণে ধরা সমাজ বদলে দিতে প্রতীক হিসেবে ঘুণে ধরা কাঠ কেটে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আব্দুর রশীদ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ফারুক-উজ-জামান।প্রথম দিন থেকে শুরু হয় আন্তহল বিতর্ক উৎসব। তিন দিনের আন্তহল বিতর্ক উৎসবে চুয়েটের পাঁচ আবাসিক হলের আটটি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে নতুন হলের (এখনো নামকরণ হয়নি) সূর্য সেন দল। বিজয়ী দলের সদস্যরা হলেন শেখ এহসান উদ্দিন, সাফিউর রহমান ও দুর্জয় বৈদ্য। রানার্সআপ হয়েছে ড. কুদরত-ই-খুদা হলের পাথফাইন্ডার দল। এ দলের সদস্যরা হলেন এস এম রিদওয়ানুর রহমান, এস এম মাঈনুল ইসলাম ও শিবলী নোমান। সেরা বিতার্কিক হয়েছেন পাথফাইন্ডার দলের এস এম রিদওয়ানুর রহমান। ২ মার্চ শুরু হয় আন্তক্লাব প্রযুক্তি বিতর্ক প্রতিযোগিতা। প্রযুক্তি বিতর্কে বাংলাদেশের আট বিশ্ববিদ্যালয়ের ১৪টি দল অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়গুলো হলো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি চট্টগ্রাম (ইউএসটিসি), বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। ৩ মার্চ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে চুয়েটের স্বাধীনতা-৭১ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন দল। বিজয়ী হয় চুয়েটের স্বাধীনতা-৭১ দল। এ দলের সদস্যরা হলেন সবুক্তগীন আহমেদ, পাণিনি আমিন চৌধুরী ও শেখ এহসান উদ্দিন । সেরা বিতার্কিক হয়েছেন শেখ এহসান উদ্দিন । এ ছাড়া ২ মার্চ অনুষ্ঠিত হয় ‘প্রকল্প ব্যাবস্থাপনা (প্রজেক্ট ম্যানেজমেন্ট)’-বিষয়ক কর্মশালা। কর্মশালায় দুটি সেশনে ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মশালায় আর্থিক প্রকল্প পরিচালনার পদ্ধতি, উদ্দেশ্য ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার পর ‘ছবির ঘর’ নামের দেয়ালিকা প্রকাশ করা হয়। দেয়ালিকায় উঠে আসে সংগঠনের ১২ বছরের পথ চলা। এ ছাড়া উৎসব উপলক্ষে বের করা হয়মিছিল নামের স্মরণিকা। ৩ মার্চ ছিল উৎসবের সমাপনী দিন। সমাপনী দিনের কর্মসূচির মধ্যে ছিল পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. আলী আশরাফ ও অধ্যাপক মো. ফারুক-উজ-জামান চৌধুরী। সাংস্কৃতিক আয়োজনে ছিল নাটক, গান, নাচ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী।