নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চির নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ’ শিরোনামে সম্মিলিত পঁচিশে বৈশাখ উদ্যাপন পরিষদ ৮ মে আয়োজন করে রবীন্দ্রজয়ন্তী। সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের ডিসি হিলে কৃষ্টির বেহালাবাদন দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ পরিবেশন করে রবীন্দ্রসংগীত। ওডিসি টেগোর অ্যান্ড ড্যান্স মুভমেন্টের শিশুশিল্পীরা ‘ওই বুঝি কালবৈশাখী’, ‘আলো আমার আলো’, ‘বাদল বাতাস মাতে মালতীর গন্ধে’ গানের সঙ্গে পরিবেশন করে নাচ।এ ছাড়াও নাচ করে স্কুল অব ওরিয়েন্টাল ও গুরুকূল। সংগীত ভবন পরিবেশন করে ‘আকাশ ভরা তারা’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘হিমের রাতে ওই গগনে দ্বীপ গুনি’সহ বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত। এরপর গান করে সংগীত পরিষদ, রক্তকরবী, গীতকলি পরিবেশন করে রবি ঠাকুরের গান। দলীয় সংগীত আর নাচ ছাড়াও একক সংগীত পরিবেশন করেন চন্দ্রশেখর দত্ত, প্রদীপ দাশ, ইন্দিরা চৌধুরী, শীলা চৌধুরী ও সন্দ্বীপ বিশ্বাস। তাঁদের পরিবেশনা দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। জগৎজ্যোতি চিলড্রেন হোমগান, নাচ, আবৃত্তি আর আলোচনা—সবই ছিল রবীন্দ্রজয়ন্তীর আয়োজনে। এ সবের পরিবেশনায় ছিল রামুর রাজারকুল জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমের শিশুরা। ৮ মে অনুষ্ঠিত এ আয়োজনে ছিলেন না বিশেষ কোনো আলোচক, সভাপতি কিংবা প্রধান অতিথি। পুরো অনুষ্ঠানজুড়ে হোমের অনাথ শিশুরাই ছিল মধ্যমণি। আলোচনায় নবম শ্রেণীর ছাত্র পরাগ চৌধুরী বলে, গান, কবিতা, গদ্য, নাটক, উপন্যাস প্রবন্ধসহ সাহিত্যের প্রতিটি শাখায় রবি ঠাকুরের বিচরণ ছিল অবাক করার মতো। নবম শ্রেণীর পাথুই মুরং বলে, ‘তাঁর শিশুতোষ লেখাগুলোতে মা, মাটি, প্রকৃতি, শিশুর প্রতি ভালোবাসা, সুখ-দুঃখ, হাসি-কান্না বিচিত্র রূপে ফুটে উঠেছে।’ সপ্তম শ্রেণীর ছাত্রী ঝুনু তঞ্চংগা বলে, ‘আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুদের জন্য তাঁর অনেক লেখা আছে, যেগুলো আমাদের প্রতিকূলতা জয়ের সাহস জোগায়’। এ ছাড়াও আলোচনা করে দশম শ্রেণীর ছাত্র রনি, জজ ও অষ্টম শ্রেণীর রিপন।অনুষ্ঠানে ‘দাঁড়াও আমার আঁখির আগে’ গানটি গেয়ে শোনায় পরাগ চৌধুরী। ঐশী ‘ওরে গৃহবাসী’ আর নিশীথা শুনিয়েছে ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানটি। বৃষ্টি ও উনুমং গেয়েছে ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।’ ছেনছেন ও থুইমাচিং শোনায় ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি।’ আবৃত্তি করে সৌরভ, পিংকি ও শাপলা। রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচে ঞোনাই চাক। নির্দেশনা দেন অনুমিতা বড়ুয়া ও রুমা বড়ুয়া। এ ছাড়া তবলায় ছিলেন দোয়েল, মন্দিরায় মাইকেল। হোমের পরিচালক প্রসূন বড়ুয়া বলেন, নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ সম্পর্কে জ্ঞানদান এবং রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধ করার জন্যই মূলত এ আয়োজন।