
বাঙালি জীবনের নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক। তাঁর গান, কবিতা, নাটক ও প্রবন্ধ প্রেরণার উৎস হয়ে আছে। নগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত রবীন্দ্রজয়ন্তীর আলোচনায় এভাবেই বক্তারা বিশ্বকবিকে স্মরণ করলেন।
এবার নাটক, কবিতা, গান ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে নগরজুড়ে উদ্যাপিত হয় পঁচিশে বৈশাখ।
টিআইসি: এ উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিল্পীরা পরিবেশন করে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। টিআইসি আয়োজিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন শুভ্রা সেনগুপ্তা। নাটক শুরুর আগে কথামালায় অংশ নেন কবি শুক্লা ইফতেখার ও নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।
এ নৃত্যনাট্যে দেখা যায়, মণিপুরের ধনুর্বিদ্যা, যুদ্ধবিদ্যা ও রাজনীতিতে পারদর্শী রাজকন্যা চিত্রাঙ্গদা ভ্রমণে বের হওয়া অর্জুনের প্রেমে পড়েন। কিন্তু রাজকন্যার কর্কশ রূপ ও পুরুষের বেশ অর্জুনকে আকর্ষণ করে না। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবার অর্জুন যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু বাইরের চর্চিত রূপ, নাকি ভেতরের আত্মশক্তি—কোনটি নারীর প্রকৃত সৌন্দর্য? এমন জিজ্ঞাসার মুখোমুখি হন চিত্রাঙ্গদা।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শুভ্রা সেনগুপ্তা, মানস চৌধুরী, জি এম শরীফুল ইসলাম, রুপা প্রমুখ।
বিস্তার: সন্ধ্যা সাতটায় নগরের মেহেদীবাগ বিস্তার আর্ট কমপ্লেক্সের উদ্যোগে আয়োজন করা হয় ‘অজানা রবীন্দ্রনাথ: অজ্ঞতা, বিভ্রান্তি ও বিতর্ক’ শিরোনামের আলোচনা সভা। আসরের মূল আলোচক ছিলেন লেখক ও অনুবাদক আলম খোরশেদ।
রবীন্দ্রনাথের সঙ্গে মহাত্মা গান্ধী, নজরুল ও কাদম্বরীর সম্পর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক, রবীন্দ্রনাথের চট্টগ্রাম সফর, লালন ও হাসান রাজা প্রচার-প্রসারে রবীন্দ্রনাথ, মুসলিমদের সঙ্গে সম্পর্কসহ নানা বিষয় তুলে ধরা হয়। প্রশ্নোত্তর পর্ব ও মুক্ত আলোচনায় অংশ নেন কবি খালিদ খালেদ হামিদী, সৈকত দে, স্থপতি শাহিনুর রহমান ও মাহিয়া আবরার।

ক্বণন: বিকেল পাঁচটায় চেরাগী পাহাড়ের সুপ্রভাত স্টুডিও মিলনায়তনে আবৃত্তি সংগঠন ক্বণনের উদ্যোগে আয়োজন করা হয় ‘আজ শুধুই রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের। শুক্লা ভট্টাচার্যের সঞ্চালনায় আসরের শুরুতে ক্বণনের শিল্পীরা সমবেত কণ্ঠে গাইলেন রবীন্দ্রনাথের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’।
এরপর সৌভিক চৌধুরী আবৃত্তি করেন রবীন্দ্রনাথের ‘সন্ধ্যা ও প্রভাত’। এরপর একে একে শিল্পীরা আবৃত্তি করেন ‘মার্জনা’, ‘ভীরুতা’, ‘ভাল তুমি বেসেছিলে’, ‘পঁচিশে বৈশাখ’, ‘অন্তর মম বিকশিত কর’, ‘মৃত্যুঞ্জয়’, ‘প্রশ্ন’, ‘ত্রাণ’, ‘কুয়ার ধারে’, ‘নিষ্ঠুর সৃষ্টি’, ‘মনে পড়া’, ‘পুতুল ভাঙা’, ‘হঠাৎ দেখা’, ‘মাকাল’, ‘ন্যায়দণ্ড’, ‘একটি দিন’ ও ‘বাঁশি’।
আবৃত্তিতে অংশ নেন শুক্লা ভট্টাচার্য, তাহমিনা গণি, শিমু বিশ্বাস, সুমাইতা তাবাসুম, শরীফ মাহমুদ, ইসলাম সায়িফ, আয়াজ মাহমুদ, আফনান হোসাইন, রুমানা ইসলাম, পূজয়িতা দত্ত, সাইমুম মুর্তজা, মিতা গাঙ্গুলি, মার্টিনা সরকার, দয়াল দেবনাথ, রুমানা ন্যান্সি, সুপ্তি ভট্টাচার্য, উম্মে সালমা, রিদোয়ানুল হক, মিজানুর রহমান ও মোসতাক খন্দকার।