নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক সুতোয় গাঁথা। তিনি ছিলেন বাঙালির প্রাণের নেতা। পাকিস্তানিদের শোষণমুক্ত করে বিশ্ব দরবারে উড়িয়েছেন স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।
শোক দিবস উদ্যাপন পরিষদ: জাতীয় শোক দিবস উদ্যাপন পরিষদের উদ্যোগে ১৪ আগস্ট সন্ধ্যায় নগরের অন্যতম প্রবেশমুখ অক্সিজেন চত্বরে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেলিম রনি। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দীন খান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন খান। বক্তব্য দেন আবদুল মান্নান, আবদুন নবী, এস এস ইসা, আবদুর নুর, আবুল হোসন খোকন, এস এম রিদুয়ান, মো. সেলিম, আবু তৈয়ব, সেলিম হোসেন চৌধুরী, নাছির উদ্দীন, সোলায়মান খান, আমির হোসেন।
মোমবাতি প্রজ্বালন শেষে প্রধান অতিথি সবাইকে শপথবাক্য পাঠ করান এবং অক্সিজেন চত্বরকে বঙ্গবন্ধু চত্বর ঘোষণা করেন।

নগর যুবলীগ: জাতীয় শোক দিবস উপলক্ষে গত শুক্রবার চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মাহবুবুল হক, সদস্য হাফিজ উদ্দিন, রেজাউল করিম, মোহাম্মদ হেলাল উদ্দিন, নুরুল আনোয়ার, আবু বকর চৌধুরী, শেখ নাছির আহম্মদ, ওয়াসিম উদ্দিন, আলমগীর আলম, মেজবাহ উদ্দিন প্রমুখ।
শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী স্মৃতি সংসদ: শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে পক্ষকালব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শেষ দিনে ১৩ আগস্ট অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কার্যকরী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ, ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. আবুল বশর, এম আর আজিম, শেখ ফরিদ আহমদ প্রমুখ।