নানা কারণে ক্যাম্পাস বন্ধ শিক্ষার্থীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণে বার বার ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে দেশের অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তুলনায় চুয়েটের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন। সূত্র জানায়, গত বছরে চুয়েট কর্তৃপক্ষ তিনবার রাজনৈতিক কারণে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। ফলে শিক্ষার্থীরা আরও বেশি সেশনজটে পড়ছে। এ প্রসঙ্গে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হল খালি ও শিক্ষাকার্যক্রম বন্ধ রাখতে হয়।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গত বছরে কর্তৃপক্ষ তিনবার রাজনৈতিক কারণে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গত ১৩ জুলাই আবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। পরবর্তীকালে দ্বিতীয় বর্ষের সব শিক্ষা কার্যক্রম বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। গত ১৬ ডিসেম্বর রাতে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে পরদিন ১৭ দিনের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ২০০৮ সালের ১৪ ডিসেম্বর চুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে ব্রাহ্মণহাট এলাকার জনসাধারণের সঙ্গে মারামারির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।জানা যায়, বিগত বছরগুলোতে ক্যাম্পাসে জেনারেটর স্থাপন নিয়ে ছাত্রআন্দোলন, পরীক্ষা পেছানোর দাবি, পানি ও বিদ্যুত্ সমস্যা সমাধানের জন্য মিছিল-সমাবেশের মতো ছোটখাটো বিষয় নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রশাসন সামাল দিতে পারেনি। এসব কারণে বেশ কয়েকবার কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার সূচি পিছিয়ে যায়।সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রআন্দোলন বা রাজনৈতিক কোন্দল যাই হোক না কেন কর্তৃপক্ষ সমাধানের কোনো পথ খুঁজে বের করার চেষ্টা না করে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। বিশেষ করে রাজনৈতিক কোন্দলের কারণে ক্যাম্পাস বন্ধ করার বিষয়টি মেনে নিতে পারছেন না শিক্ষার্থীরা। এতে তাঁরা সেশনজটে পড়ছেন। অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তুলনায় ছয় থেকে সাত মাস পর পাস করায় তাঁরা ভালো চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল হক বলেন, ‘রাজনৈতিক কোন্দলের কারণে আমরা কেন পিছিয়ে পড়ব? কর্তৃপক্ষ কথায় কথায় ক্যাম্পাস বন্ধ ঘোষণা না করে সমাধানের অন্য কোনো কার্যকর উপায় বের করতে পারলে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হতো না।’