নানা কৌশলে মোটরসাইকেল চুরি, তিনটি দল সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সুযোগ বুঝে পত্রিকা পড়ার ভান করে মোটরসাইকেলের ওপর বসি। তারপর পড়তে পড়তে পত্রিকার নিচে হাত দিয়ে চাবি ঢুকিয়ে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার চেষ্টা করি। এভাবে স্টার্ট হয়ে গেলে তা নিয়ে পালাই।’সম্প্রতি পুলিশের হাতে মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার চার তরুণ এসব তথ্য জানায়। এ প্রক্রিয়ায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে সম্প্রতি আরও দুজনকে আটক করেছে পুলিশ।চট্টগ্রামে এ রকম তিনটি বড় দল মোটরসাইকেল চুরিতে যুক্ত বলে পুলিশের অভিমত। এসব দলের অধীনে আরও বেশকিছু ছোট দল সক্রিয়। তারা নগরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে বড় দলের কাছে হস্তান্তর করে। পরে তা ব্রাহ্মণবাড়িয়া, ফটিকছড়ি, সন্দ্বীপ, ফেনী, খাগড়াছড়িসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়।গ্রেপ্তার চার তরুণের একজন মো. সাজিদুল হক ওরফে কাউছার বলেন, ‘প্রতিটি মোটরসাইকেল ১৫-৩০ হাজার টাকা দামে বড় দলের কাছে বিক্রি করি। এরপর তারা আরও বেশি দামে বিক্রি করে। আমরা এগুলো দিই হোসেন ও শাকিলকে।’শাকিল ও হোসেন নামের দুই ব্যক্তিসহ বেশ কয়েকজন রাঘব বোয়াল মোটরসাইকেল চোরচক্রের পৃষ্ঠপোষকতা করছেন বলে পুলিশ ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে। গত সপ্তাহে পুলিশ নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার তরুণকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।গত এক সপ্তাহের মধ্যে চুরি হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। বন্দর ভবনের যানবাহন পার্কিং এলাকা থেকে গোলাম মর্তুজা নামের এক ব্যক্তির এবং একই সময়ে আগ্রাবাদ থেকে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল চুরি হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘প্রতিদিন আমরা ওয়্যারলেস সেটে দু-একটি মোটরসাইকেল চুরির খবর শুনি। এখন আমাদের অভিযানের পাশাপাশি এটা প্রতিরোধের জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে।’এ জন্য অ্যালার্ম লাগানো, তালা লাগানো ছাড়াও অপরিচিত কেউ যদি মোটরসাইকেলে বসে, তাহলে তাঁকে অনুরোধ করে গাড়ি থেকে তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চুরির সঙ্গে তিনটি দলের একটি ফটিকছড়ির। বাকি দুটি দলের অবস্থান নগরে। এ প্রসঙ্গে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বলেন, ‘আপাতত আমরা তিনটি দলের কথা জানতে পেরেছি। একটা দলকে আমরা হাতের মুঠোয় পেয়েছি। আরও কিছু চোরাই মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হবে।’মোটরসাইকেল চুরি উদ্ঘাটনে কোতোয়ালি থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে। এ প্রসঙ্গে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মহসীন বলেন, ‘নানা কৌশলে তাঁরা মোটরসাইকেল চুরি করে। তাই আমাদের পাশাপাশি যাঁরা মোটরসাইকেল চালাচ্ছেন তাঁদেরও সতর্ক হতে হবে। এ জন্য তাঁরা বিভিন্ন চাকায় তালা মারার পাশাপাশি এলার্ম লাগাতে পারেন।’