নানা চেষ্টা সত্ত্বেও অনৈক্যের সুর নগর বিএনপিতে
সবাইকে একমঞ্চে জড়ো করার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালনের নানা চেষ্টা চললেও চট্টগ্রাম মহানগর বিএনপির বিবদমান দুই পক্ষকে এক মঞ্চে আনা যাচ্ছে না। দুই পক্ষই দলের নানান কর্মসূচি পালন করছে আলাদাভাবে। সর্বশেষ ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষ আলাদা কর্মসূচি পালন করেছে। আর এর মধ্য দিয়ে নগর বিএনপিতে অনৈক্যের বিষয়টি আবারও ফুটে উঠল।দলীয় সূত্র জানায়, মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে স্থানীয় বিএনপির একটি অংশ কেন্দ্রঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর বিপরীতে আরেকটি অংশ পালন করছে পৃথক কর্মসূচি।এ অংশের নেতৃত্ব দিয়ে আসছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। নগর বিএনপির রাজনীতিতে নোমানের অনুসারীদের যেমন শক্ত অবস্থান রয়েছে, তেমনি খুব অল্প সময়ে আমীর খসরু নিজের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছেন বলে দলীয় নেতা-কর্মীরা মনে করছেন।দলীয় সূত্র জানায়, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আলাদাভাবে পালন করা হয়েছে। ওইদিন বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর অনুসারীরা। ডা. শাহাদাৎ হোসেনও এতে যোগ দেন। অন্যদিকে এ উপলক্ষে নোমানের অনুসারীরা আলোচনা সভার আয়োজন করেন শহরের দলীয় কার্যালয়ে।আলাদা কর্মসূচি পালন প্রসঙ্গে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা তো ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করতে চাই। সবাইকে একমঞ্চে জড়ো করার চেষ্টার কোনো কমতি নেই। এর পরও কেউ কেউ আলাদাভাবে কর্মসূচি পালন করে থাকে। তবে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করা হলে সাংগঠনিক ভিত্তি মজবুত হয়।’এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অসুস্থ হয়ে সম্প্রতি চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিপক্ষ হিসেবে পরিচিত আমীর খসরু মাহমুদ চৌধুরী গত রোববার তাঁকে দেখতে যান হাসপাতালে। দলীয় নেতারা রাজনীতিতে এই ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন।নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কেউ অসুস্থ হলে তাঁকে দেখতে যাওয়া রাজনৈতিক শিষ্টাচার। খসরু ভাই অসুস্থ হলে তাঁকেও আমি দেখতে যাব। যদিও তাঁর অনেক কিছু আমার পছন্দ নয়। আমি নোমান ভাইয়ের সঙ্গে আছি।’এম এ সবুর আরও বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করতে চাই। কিন্তু কেউ জোর করে আমাদের দূরে ঠেলে দিতে চাইলে ঐক্য-প্রক্রিয়া কীভাবে সম্ভব?—এমন প্রশ্ন আমার মতো আরও অনেকের। আসলে থানা কমিটি পুনর্গঠন তথা ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা এবং মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে ঐক্য-প্রক্রিয়া হতে পারে। অথচ বর্তমানে নগর বিএনপির রাজনীতি চলছে পছন্দের ব্যক্তিদের নিয়ে।’দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় দুই নেতার পছন্দের ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা নিয়ে চট্টগ্রাম নগর কমিটি সম্প্রসারণের প্রক্রিয়া থেমে আছে। আমীর খসরু মাহমুদ ও শাহাদাৎ হোসেন একটি তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন। নোমানের অনুসারীরাও জমা দিয়েছেন পাল্টা একটি তালিকা। দুই তালিকা সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব কেন্দ্রের। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। তবে এ সিদ্ধান্ত কখন পাওয়া যাবে, তা কেউ বলতে পারছেন না।প্রসঙ্গত, ২০০৯ সালের ১৬ নভেম্বর নগর বিএনপির সম্মেলন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায়। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্র আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি ও শাহাদাৎ হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে। কমিটির অন্য তিনজন হলেন—সহসভাপতি শামসুল আলম, দস্তগীর চৌধুরী ও আবু সুফিয়ান। এর মধ্যে দস্তগীর চৌধুরী মারা গেছেন।দলীয় সূত্র জানায়, পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদাৎ হোসেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে ১৭১ সদস্যের একটি তালিকা জমা দেন।এই তালিকায় আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের অনেক অনুসারীর নাম নেই বলে অভিযোগ ওঠে। এরপর নোমানের অনুসারীরাও হাজির হন ঢাকায়। তাঁরাও পাল্টা একটি তালিকা নোমান ও মীর নাছিরের সুপারিশ নিয়ে কেন্দ্রে জমা দেন। কিন্তু সমন্বিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়টি এখনো ঝুলে আছে।