নানা ঢঙে পাঞ্জাবি
গত বছরের পাঞ্জাবিটা হয়তো আগের মতোই আছে। তবু নতুন পাঞ্জাবি পরেই ঈদের নামাজ পরতে যেতে চান অনেকে। এবার পাঞ্জাবির বাজারের খোঁজ তাই দেখে নিন।দেশি ফ্যাশন হাউসগুলো বরাবরের মতো এবারও সাজিয়েছে তাদের পাঞ্জাবির পসরা। গরমের কথা মাথায় রেখে পাঞ্জাবির কাপড়ে বেশির ভাগ নির্মাতা সুতি ও কিছুটা হালকা আবহকেই প্রাধান্য দিয়েছেন। তবে সিল্ক, সুতি, খাদি, অ্যান্ডি প্রভৃতিও রয়েছে; সঙ্গে গাঢ় রংও।খাটো পাঞ্জাবি এবারও তরুণদের কাছে জনপ্রিয়। তবে এবার লম্বা পাঞ্জাবির জনপ্রিয়তাও বেড়েছে। এ ক্ষেত্রে শেরওয়ানি কাটের পাঞ্জাবি যেমন আছে, তেমন সাদামাটা কাটের পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে।আড়ং এবার ঈদে এনেছে নানা বাহারি পাঞ্জাবি। বরাবরের মতোই সুচিকর্ম, ব্লক, কারচুপি এসবের কারুকাজ তো আছেই। বাংলার মেলার পাঞ্জাবিতে থাকছে নানা রকম কাট ও নকশার ব্যবহার। গলায় ও হাতায় থাকছে ভিন্নধর্মী কাজ। অ্যান্ডি, খাদি, সুতি, সিল্ক ও কাতান কাপড়ে হাতের কাজ, নকশিকাঁথার কাজ, এম্ব্রয়ডারি ও প্রিন্টের কাজ রয়েছে। কে ক্র্যাফট এ বছর বেশ কিছু নতুন ডিজাইন ও স্টাইলের পাঞ্জাবি করেছে। খাদি, তাঁতে বোনা কাপড়, সুতি, অ্যান্ডি, মটকা, জয় সিল্ক, বলাকা সিল্ক কাপড়ে তৈরি পাঞ্জাবিতে রয়েছে হাতের কাজ, টাইডাই, বাটিক, এম্ব্রয়ডারি, প্রিন্ট, অ্যাপ্লিকসহ নানা মাধ্যমের কাজ।লুবনানে তরুণদের জন্য পাঞ্জাবিতে কলার ব্যবহার হয়েছে। কাঁধের দুই পাশে এবং কলার থেকে বুকের দিকে সরু করে কারচুপি ও এম্ব্রয়ডারির সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। সাদা, ধূসর, নীল, গোলাপি, সবুজ, হালকা ও গাঢ় রঙের পাঞ্জাবি এনেছে তারা এ ঈদে।ওটুর পাঞ্জাবিতে থাকছে সুতার কাজ। কাটিংয়ে রয়েছে ভিন্নতা। বাহারি বোতাম থাকছে পাঞ্জাবিতে।রঙের পাঞ্জাবিতে বিভিন্ন ধরনের নকশা ব্যবহার করা হয়েছে। ব্লক, স্প্রে, টাইডাই, স্ক্রিন প্রিন্টগুলো মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্যাটস আই ও মনসুন রেইনেও রয়েছে পাঞ্জাবির বড়সড় সংগ্রহ। ক্যাটস আই ও মনসুন রেইনের সব শাখাতেই পাঞ্জাবি রয়েছে।রাজধানীর আজিজ সুপার মার্কেটে মিলবে দেশীয় অনেক প্রতিষ্ঠানের তৈরি খাটো পাঞ্জাবি। পাঞ্জাবির খুচরা বাজার মালিবাগের আয়েশা শপিং কমপ্লেক্স। অনেক দোকান এখানে। ৫০০ থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দামের পাঞ্জাবিও রয়েছে। তবে ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকার পাঞ্জাবিই বেশি চলছে। পাঞ্জাবির অন্য দুটি বড় খুচরা বিক্রির মার্কেট সায়েন্স ল্যাবরেটরি মোড় ও গুলিস্তানের পীর ইয়ামেনি মার্কেট।এসব বাজার ঘুরে দেখা গেছে, সাদা সুতি পাঞ্জাবি অথবা সাদা সুতায় বিভিন্ন নকশা করা পাঞ্জাবির চাহিদা বেশি। পাঞ্জাবির পাশাপাশি পায়জামাও পাবেন।