নানা ঢঙে মাফলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু প্রকৃতির পাতা ঝরা দেখে নয়, শীতবুড়ির উৎপাত যে শুরু হয়ে গেছে এরই মধ্যে, তা টের পাওয়া যাচ্ছে আমাদের পোশাক-আশাকেও। বৈচিত্র্যময় শীতপোশাকের মধ্যে গলার বন্ধনী বা মাফলারের ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে এবার। শুধু উষ্ণতা দেওয়া নয়, মাফলারের ব্যবহার ফ্যাশনে যোগ করেছে ভিন্নমাত্রাও। আমাদের দেশে মাফলারের প্রচলন যদিও বহু আগে থেকেই, তবে তার ব্যবহার সীমাবদ্ধ ছিল শুধু পুরুষের মধ্যে। আধুনিক সময়ে বদলে গেছে সে ধ্যান-ধারণা। বৈচিত্র্যময় ডিজাইন আর বাহারি রঙের মাফলারগুলো এখন শোভা পাচ্ছে ছেলেমেয়ে উভয়ের গলায়। বিশেষ করে, শীতপোশাকের সঙ্গে মিলিয়ে মাফলার পরা এখনকার সব বয়সী মেয়ের কাছেই খুব প্রিয়। এভাবেই বলছিলেন ওয়েসটেকস উইমেন বসুন্ধরা সিটি শাখার ইনচার্জ মো. সেলিম। একস্ট্যাসির প্রধান ডিজাইনার আশা হক বলেন, ‘আমাদের দেশের শীতকাল খুব কম সময়ের হলেও ঋতুর বৈচিত্র্যের সঙ্গে আমাদের পোশাকেও দেখা যায় ভিন্নতা। অনেকের ধারণা, শীতের পোশাকে ঢেকে যায় আমাদের সুন্দর পোশাকগুলো। তাই শীতকালটা ফ্যাশন করার উপযুক্ত সময় নয়। এ দিকটা মাথায় রেখে তাই রঙিন ও বর্ণিল ছোঁয়া আনা হয়েছে শীতের পোশাকে। সোয়েটার, জ্যাকেট, শালের চেয়ে বেশি রঙিন ও ফ্যাশনের ছোঁয়া আনতে তাই মাফলারের জুড়ি নেই।’ আমাদের দেশে সাধারণত দুই ধরনের মাফলারের ব্যবহার দেখা যায়—সুতি ও উলের তৈরি। এ দুটি কাপড়ের ওপরই রং ও বৈচিত্র্যময় নকশা ছাপা যোগ করা হয়েছে এবার। সুতির মাফলারগুলো ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা প্রিন্টে বেশ জমকালো করে তৈরি করা হয়েছে। পাশাপাশি চেক ও স্ট্রাইপ তো রয়েছেই। উলের মাফলারগুলোতেও করা হয় উলের কারুকাজ। মূল জমিনের ওপর উলের সুতার নকশা ও বাড়তি অংশের ব্যবহার করা হয়েছে। কিছু কিছু মাফলার জমকালো করা হয়েছে জরি সুতার টানে। তবে সুতি ও উল দুই ধরনের মাফলারের ক্ষেত্রেই এর নিচের উভয় পাশে বেশ লম্বা ঝালর নজরে পড়ছে এবার। উজ্জ্বল ও গাঢ় রঙের সঙ্গে করা হয়েছে কনট্রাস্টও। সাদা-বেগুনি, লাল-কালো, কমলা-সবুজ, টিয়া-সাদা, বেগুনি-গোলাপি, সাদা-কালোর মিশেলের মাফলারগুলো বেশ পছন্দ হবে আপনার। পছন্দমতো বেছে নিতে পারেন সেগুলো থেকে। তবে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বেছে নিন আপনার গলার বন্ধনীটি। পাশাপাশি আপনার কর্মস্থল ও পরিবেশ বিবেচনা করে নির্বাচন করুন মাফলার। কর্মস্থলের জন্য বেছে নিন স্ট্রাইপ দেওয়া বা এক রঙের সাধারণ মাফলার। অন্য সময়ে ফ্যাশনের বিভিন্ন মাফলার বেছে নিতে পারেন। রাতের কোনো অনুষ্ঠানে জরির কারুকাজময় মাফলার বেছে নিয়ে সাজটাকে জমকালো করতে পারেন। বৈচিত্র্যময় মাফলারগুলো আরও পরতে পারেন নানা ঢঙে। মডেল ও অভিনেত্রী মৌটুসি বিশ্বাস বিভিন্ন ধাঁচের মাফলার পরেন। কোট বা ব্লেজারের সঙ্গে গলায় একটা গিঁট দিয়ে পরতে যেমন পছন্দ করেন, তেমনি সোয়েটারের সঙ্গে গলায় একটা প্যাঁচ দিয়ে দুই পাশে ঝুলিয়েও রাখেন। আপনিও আপনার শীতের উষ্ণ সাজের সঙ্গে রং ও বৈচিত্র্যের ছোঁয়া আনতে পারেন নানা ঢঙের মাফলারের মাধ্যমে। সব সময় একভাবে পরতে হবে তা নয়। বদলে দিতে পারেন ফ্যাশনটা একটু অন্য রকমভাবে। কখনো গলায় দিতে পারেন একটাই গিঁট, কখনো বা এক প্যাঁচ দিয়ে দুই পাশে দিন ঝুলিয়ে। আপনার পছন্দের মামলারটি খুঁজে পেতে চলে আসতে পারেন ঢাকায় একস্ট্যাসি, ওয়েসটেকস, গুলশান-১-এর মার্কেটে। এ ছাড়া বসুন্ধরা শপিং মল, মেট্রো শপিং মল, পিংক সিটি, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজ্জা সুপার মার্কেট। নিউমার্কেটেও চলে আসতে পারেন। সাধারণ সুতি মাফলার ১০০-৩০০ টাকায়। উলের মাফলার ১৫০-৩৫০ টাকা। একটু জমকালো সুতির মাফলার পাবেন ৭৫০-৯০০ টাকা, ফ্যাশনেবল উলের মাফলার পাবেন ৮৩০-১৪০০ টাকায়।