নানা দেশের নানা সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল ওড়নার পাড়জুড়ে ছিল রুপালি নকশা। আর কারুকাজময় ব্লাউজের সঙ্গে নীলচে ঘাঘড়ায় লাল চিকন পাড়। তার ওপর রুপালি লেইসের রঙিন পোশাকে রাজস্থানের মেয়ে হিসেবে চিনতে ভুল হয়নি রাঙ্গিকাকে। রাঙ্গিকার কানে ছিল ঝুমকো আর গলায় রুপার হার। হাতজুড়ে রুপার বাজু আর বালা শোভা পাচ্ছিল। বাজু আর বালার মাঝখানে ছিল অনেক সাদা চুড়ি। নাকের নথ, মাথার টায়রা সব মিলিয়ে পোশাকে রাজস্থানের ঐতিহ্য ফুটে উঠেছিল তাঁর।সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে যুব উৎসব-২০১০। এতে বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ফুটে উঠেছে এভাবেই। বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছিল আয়োজক। এতে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানসহ বাংলাদেশের ছাত্রছাত্রীরা চমৎকারভাবে তুলে এনেছেন সংস্কৃতি ও নিজেদের ঐতিহ্য। ভারতের মুম্বাইয়ের তরুণী তানভির সাজে ফুটে উঠেছিল ভারতীয় ঐতিহ্য। কমলা লেহেঙ্গা আর খয়েরি ওড়নার চারপাশজুড়ে জড়িয়ে ছিল সোনালি লেইস। বালুচরি চুড়ি, টানা ঝুমকো আর মঙ্গলসূত্র তাঁকে আগাগোড়া ভারতীয় করে তুলেছিল।মণিপুরের ঐতিহ্যবাহী মণিপুরি নাচের পোশাকের সাজে মণিপুরি—কন্যাদেরও মানিয়েছিল বেশ। মাথার টোপরে ছিল রুপালি ঝিলিক। তাঁদের পরা এ পোশাকটির নাম সারং। এর সঙ্গে ছিল রুপার টায়রা আর পিতলের ঝুমকো। ঝিকিমিকি কাপড়ের কোমরবন্ধনী আর গলায় মুক্তার সীতাহার। তার সঙ্গে হলুদ, সাদা, নীল, সবুজ কাগজের মালা কপালের লাল তিলক সাজকে করেছিল পূর্ণ।গেরুয়া রঙের মোটা কাপড়ের ভুটানি ছেলেদের পরা পোশাকটির নাম হো। এর হাতের দিক সাদা রঙের, গলায় হলুদ উত্তরীয়। ভুটানি মেয়েদের পরনের পোশাকের নাম খিরা। টপের ওপর কটি আর তার নিচে হালকা কাজ করা লুঙ্গি।নেপালের প্রধান পোশাকের নাম দারুয়া-গুরুয়াল। যাতে রয়েছে আটটি রশি। নেপালি পুরাণের সঙ্গে সম্পর্কিত এ পোশাক। নেপালি মেয়ে আনিতা লাল রঙের যে পোশাকে সেজে উঠেছিলেন, তা হলো নেপালের কুমারী দেবমূর্তির পোশাক। তার সঙ্গে গলায় সিকল মালা, হাতে চূড়। ঠোঁট ছিল জামার মতোই লালে রাঙা। ভারতের পাঞ্জাব থেকে আসা সবাইকে ভালোভাবেই চেনা যাচ্ছিল তাঁদের সাজ-পোশাকে। লম্বা ঝোলা সাদা কুর্তার সঙ্গে ছিল রঙিন পাগড়ি আর সেই রঙের রঙিন লুঙ্গি। গলায় পাঞ্জাবের হার। শ্রীলঙ্কার পোশাক ছিল দারুণ বৈচিত্র্যময়।মাথায় বিশেষ পাগড়ি। কুর্তার ওপর বুকের কাছে আড়াআড়ি ওড়না। মেয়েদের মাথায় সোনালি মুকুট আর গলায় হার। সাদা ব্লাউজ আর সাদা স্কার্টে ছিল লাল-সোনালির কাজ।আফগান বলে চিনতে ভুল হয়নি আফগানিদেরও। সাদা শুভ্র পাঞ্জাবির সঙ্গে খয়েরি আর কালো কটি। কটিজুড়ে ছিল শৈল্পিক নকশা। আমাদের দেশের ঐতিহ্যের পরিচয় তুলে ধরতে জামদানি আর তাঁত বস্ত্রের পসরা নিয়েও বসেছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ ক্লাব। পোশাক-আশাকে এভাবেই ফুটে উঠেছিল দেশগুলোর সংস্কৃতি আর ঐতিহ্য।