মুসলমানদের শিক্ষিত করতে যাঁরা এগিয়ে এসেছিলেন, তাঁদের মধ্যে হাজী মুহম্মদ মুহসীন অন্যতম। তিনি বিপুল সম্পত্তি ওয়াক্ফ করে মুহসীন তহবিল (ফান্ড) গঠন করেন এবং মহসিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এ মাদ্রাসাকে পরবর্তীকালে সরকারি মুহসীন কলেজে রূপান্তরিত করা হয়। মাদ্রাসার সুনাম বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্রও বাড়তে থাকে। ফলে মাদ্রাসার অধ্যক্ষের তত্ত্বাবধানে অ্যাংলো-ফার্সিয়ান বিভাগ খোলা হয়। ১৯০৯ সালে এ বিভাগকে স্বতন্ত্র বিদ্যালয়ে রূপ দেওয়ার উদ্দেশ্যে বর্তমান আদালত ভবনের পূর্বপাশে পর্তুগিজ আমলের একটি দোতলা ভবনে স্থানান্তর করা হয়। ১৯১০ সালে এটি পূর্ণাঙ্গ বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে এবং তখন থেকে নামকরণ হয় সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়। সে সময় প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন খান সাহেব ওহাইদুন নবী। প্রতিষ্ঠার সময় থেকেই মাদ্রাসা শিক্ষা ও বাংলা বিভাগ চালু ছিল। ১৯৫৩ সালে উর্দুভাষীদের জন্য উর্দু বিভাগ খোলা হয়। বিদ্যালয়ের মূল ভবন পর্তুগিজ আমলের গোলাকৃতির হওয়ায় এক কক্ষ থেকে অন্য কক্ষে যেতে কষ্ট হতো। তাই তৎকালীন পরিচালনা পর্ষদ একে নতুনভাবে তৈরির কাজ শুরু করে। ১৯৭০ সালে দোতলা শিক্ষা (একাডেমিক) ভবন ও দোতলা প্রশাসনিক ভবন তৈরি হয়। ১৯৮৮ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সহযোগিতায় ২১ লাখ এক হাজার টাকায় পর্তুগিজ আমলের ভবনটি নিলামে বিক্রি করা হয় এবং তিনতলা প্রধান শিক্ষা ভবন তৈরি হয়। ছাত্রের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় ১৯৯০ সালে আরও একটি ভবন তৈরি হয় এবং পুরোনো ভবন সংস্কার করা হয়। এ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদ্যাপিত হয় ২০০৯ সালের ২৫ ও ২৬ ডিসেম্বর। সাবেক ছাত্রদের মধ্যে দৈনিক পূর্বকোণ-এর প্রকাশক মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষাসৈনিক মাহফুজুল হক, শিক্ষাবিদ মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ জে এম নুরুদ্দীন চৌধুরী, সাবেক মন্ত্রী এম এ মান্নান, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক যোগাযোগ সচিব রেজাউল হায়াত, বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক গোফরানুল হক ও শিল্পী আইয়ুব বাচ্চু অন্যতম। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৩ দশমিক ৭২ একর। বর্তমানে দুহাজার জন ছাত্র ও ৫০ জন শিক্ষক আছেন। ২০১০ সালে ৪৯৪ জন ছাত্র এসএসসি পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ৪৭৭ জন পাস করেছে ও ২০৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৭। প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার হেনরী জানালেন বিদ্যালয়ের কিছু সমস্যার কথা। তিনি বলেন, ‘সীমানাপ্রাচীর অনেক পুরোনো। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এর সংস্কার দরকার। এ ছাড়া প্রধান শিক্ষকের বাসভবন জরাজীর্ণ, প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছে। ছাত্র বেড়ে যাওয়ায় আরও একটি ভবন দরকার। এ ছাড়া অনুষ্ঠান করার জন্য মিলনায়তন দরকার। দুই পালার (শিফট) বিদ্যালয়ে ৫৩ জন শিক্ষক থাকার কথা। সে হিসেবে তিনজন শিক্ষক কম।’ ২০০৯ সালে দুদিনব্যাপী শতবর্ষ উৎসব উদ্যাপিত হয়।বিদ্যালয়ের সাবেক ছাত্র, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা বলেন, ‘পুরোনো শিক্ষক ও বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। এক কথায় ছিল মিলনমেলা। ওটাই আমাদের বড় পাওয়া। এ ছাড়া ১৯৬৫ সাল থেকে বিদ্যালয়ের ফটকের সামনে আইসক্রিম বিক্রি করতেন আহমেদুর রহমান। ৭৫ ব্যাচের ছাত্রদের উদ্যোগে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হয়।’ ১৯৭৮ সালে এ বিদ্যালয় থেকে পাস করেন শিল্পী আইয়ুব বাচ্চু।