জন্মের পর থেকেই পঞ্চমী আছেন শ্রীমঙ্গলের হোসেনাবাদ চা-বাগানে। কিশোরী বয়সে বিয়ে হওয়া পঞ্চমী এখন দুই মেয়ে ও এক ছেলের মা। পঞ্চমীর ভাষায়, ‘মাইয়াগোর প্রথম মাসিক শুরু হইলে ঘরের মধ্যেই রাখতে হয়। সাত দিন পর মাইয়ারে ঘর থেইক্যা বাইর করতে হয়। অপবিত্র বইল্যা বাপ, ভাই কারও সঙ্গেই দেখা করন যায় না এ সময়। সাত দিন মাছ খাওয়া নিষেধ। এই সময় মাছ খাইলে শইলে আঁইশটা গন্ধ হয়।’মাসিকের সময় মাছসহ ভালো জিনিস খেতে দিতে হয় না বলেও জানিয়ে দিলেন পঞ্চমী।মাসিকের সময় মেয়েদের বেশি করে খেতে দিতে হয়, প্রতিবেদকের মুখে এ কথা শুনে পঞ্চমী বলেন, ‘জানি না, বাগানের মাইনষে কয়, তাই করছি।’শুধু হোসেনাবাদেই নয়, বিভিন্ন চা-বাগানের কিশোরীদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় এভাবেই বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে। তবে বিভিন্ন চা-বাগান ঘুরে দেখা গেল, চা-বাগানের কিশোর-কিশোরীরা খানিকটা সচেতনও হয়েছে। অন্যদিকে কিশোর-কিশোরীরা সচেতন হলেও তাদের অভিভাবকেরা স্বল্পশিক্ষিত। যুগ যুগ ধরে চা-বাগানে বসবাস করায় তাঁরা কুসংস্কারাচ্ছন্ন। অনেক ক্ষেত্রে বিভিন্ন আচার মেনে চলাকে জীবনের অংশ হিসেবেই মনে করেন তাঁরা। ফলে বিশেষ করে, কিশোরীরা বাধ্য হয় বিভিন্ন আচার মেনে নিতে।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলার চা-বাগানগুলোতে কিশোর-কিশোরীদের সঙ্গে কথা বলে জানা গেল, কৈশোরের শারীরিক বা মানসিক পরিবর্তন নিয়ে কথা বলার রেওয়াজ তেমন একটা নেই। এটি এখনো লজ্জার বিষয়।চা-বাগানে বাল্যবিবাহ কিছুটা কমেছে, তবে এখনো হচ্ছে বাল্যবিবাহ। কিশোরীরা ধর্ষণের শিকার হলে চা-বাগানের পঞ্চায়েতের সিদ্ধান্তে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া হলেও চা-বাগানের বাইরে গিয়ে আইন-আদালতের আশ্রয় নেওয়া হয় না। কিশোরী মায়েদেরও মানতে হয় বিভিন্ন বিধিনিষেধ। গর্ভের সন্তান যাতে বেশি বড় না হয়ে যায়, সে জন্য পেটিকোট শক্ত করে বেঁধে রাখতে হয়। অনেক সময় ভালো খাবারও খেতে দেওয়া হয় না। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে বাগানের ভেতরে স্বাস্থ্যকেন্দ্র আছে। স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চা-বাগানের বেশির ভাগ প্রসব হচ্ছে বাড়িতে।বাংলাদেশ চা গবেষণাকেন্দ্রের বিলাসছড়া পরীক্ষণ খামারে কুলসুমের বিয়ে হয় ১২ বছর বয়সে। লিকলিকে শরীরের তিন সন্তানের মা কুলসুম জানালেন, সন্তান প্রসবের জন্য আলাদা একটি খুপরি (ছোট ঘর) তৈরি করে দেওয়া হয়। ৪০ দিন সেই খুপরি থেকে মা ও সন্তানের বাইরের চেহারা দেখা মানা। সন্তান প্রসবের সময় মা ও সন্তানের অবস্থা খুব খারাপ হলে কাউকে কাউকে হাসপাতালে নেওয়া হয়। তবে সে সংখ্যাটাও নগণ্য।কালীঘাট চা-বাগানের শ্রমিক ধনী জানালেন, গর্ভবতী মায়েদের ডিম, পেঁয়াজ, ছোট চিংড়ি ও দুধ খেতে দেওয়া হয় না। কারণ, এতে গর্ভের সন্তানের শরীরে ঘা হয়, শ্বাসকষ্ট হয়।কথা বলার একপর্যায়ে হোসেনাবাদের পঞ্চমী নিজের কিশোরী বয়সে ফিরে গেলেন। কিশোরী বয়সে বিয়ে হওয়ার পর স্বামীকে দেখে ভয় পেতেন তিনি। বিয়ের পরপরই পেটে বাচ্চা আসে। সেই বাচ্চা প্রসবের সময় ভয়ে সে কী দৌড়! পরে সবাই ধরে-বেঁধে সন্তান প্রসব করায়। এভাবে সন্তান প্রসব করাতে গিয়ে পরবর্তী সময়ে তিনটি সন্তান মারা গেছে পঞ্চমীর। কিন্তু তার পরও নিজের মেয়ের তিনটি সন্তানেরই প্রসব হয়েছে বাড়িতে।পঞ্চমীর ভাষায়, বাগানের সবার সন্তানই ঘরে হয়। সন্তান প্রসব করতে কেউ মারা যায় না? জানতে চাইলে পঞ্চমী জানালেন, কয়েক দিন আগেই এক কিশোরী বউ মা হতে গিয়ে মারা গেছে। সন্তানও মারা গেছে।২০০৯ সালে জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফের সহায়তায় হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার ‘সিচ্যুয়েশন অব দ্য চিলড্রেন অ্যান্ড উইমেন ইন দ্য টি গার্ডেনস অব বাংলাদেশ’ শীর্ষক একটি মূল্যায়ন করে। এতে দেখা গেছে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও পঞ্চগড়ের চা-বাগানে বাল্যবিবাহ হয়েই চলেছে। এর হার প্রায় ৬০ শতাংশ। মাত্র ২ শতাংশ মা প্রসবের সময় চিকিৎসকের সহায়তা নেন। অঞ্চল ভেদে প্রায় প্রতিটি চা-বাগানের চিত্র একই রকম।চা-বাগানগুলোতে বেশির ভাগ শ্রমিকেরই আর্থিক অবস্থা খারাপ। চা-বাগানের শ্রমিক পঞ্চমীর পরিবারও বছরে মাংস খেয়েছে কি না, তা মনেই করতে পারলেন না। কুড়িয়ে সংগ্রহ করা শাকসবজি দিয়েই চলে বেশির ভাগ দিন। ফলে কিশোর-কিশোরীদের ভালো ভালো খাবার দিতে হবে, এ তথ্য পঞ্চমীর কাছে থাকলেও তাতে তেমন কোনো লাভ হয় না।কিশোর: বিভিন্ন চা-বাগানে দেখা যায়, কিশোরীদের তুলনায় কিশোরদের অবস্থা একটু বেশি নাজুক। কিশোর বয়সটিতে তারা এ বিষয়ে কারও সঙ্গেই কথা বলে না।হোসেনাবাদ চা-বাগানে কথা হয় আলনের সঙ্গে। অষ্টম শ্রেণীতে পড়ুয়া এ কিশোর শারীরিক বা মানসিক পরিবর্তন নিয়ে কখনোই বাবা বা মায়ের সঙ্গে কথা বলেনি। স্কুলেও শিক্ষকেরা কখনোই কিছু বলেননি। চা-বাগানের কিশোরী মেয়েরা এ সময়কার বিভিন্ন পরিবর্তন নিয়ে প্রতিবেদকের সঙ্গে টুকটাক কথা বললেও আলন জানিয়ে দিল, সে এসব বিষয়ে কোনো কথাই বলবে না।তবে এইচএসসি-পড়ুয়া রাজুক খুরমির ভাষায়, ‘রাতে স্বপ্নদোষ হইত। বাগানে বসন্তের বাতাস বইলেও মন ভালো লাগত না। খালি ঘুমাইতাম। একা একা মাঠে গিয়া বসে থাকতাম। বন্ধুরা একজন আরেকজনের কাছে এমন হয় ক্যান, তা জানতে চাইতাম। শ্রীমঙ্গল বাজার থেকে চটি বই কিনছি। নিজের বিবেচনা দিয়াই কাজ করছি বেশির ভাগ সময়।’চা-বাগানে কিশোরদের মধ্যে মাদক বা নেশা গ্রহণ অনেকটাই গ্রহণযোগ্য। চা-বাগানগুলোতে দেশীয় মদের দোকান সরকারের স্বীকৃতিপ্রাপ্ত। মদ, সিগারেট খাওয়ায় তেমন দোষ নেই বলে অনেক অভিভাবকেরই অভিমত। এ ছাড়া পরিবারের কোনো সদস্য চা-বাগানে কাজ করতে না পারলে বদলি কাজের দায়িত্ব পড়ে কিশোর বা কিশোরীদের ওপর।পরিবর্তনের হাওয়া: নেতিবাচক অনেক উদাহরণের পরও পরিবর্তনের হাওয়া লেগেছে চা-বাগানগুলোতে। শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগানের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সানিয়া ব্যানার্জি বলল, ‘অল্প বয়সে বিয়া হওয়ার পর একটা বাচ্চা হইলে মায়ের শরীলের (শরীরের) ক্ষতি হয়।’শিক্ষক আপা মেয়েদের শরীর সব সময় পরিষ্কার রাখতে হয় বলেও বলেছেন। ভালো খাবার খেতে বলেছেন।খাইছড়া চা-বাগানের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সুদর্শন ব্যানার্জির দুই মেয়ে। তাঁর এক মেয়ে নবম শ্রেণীতে পড়ছে। সুদর্শন ব্যানার্জি বলেন, ‘এই মেয়ের জন্য বিয়ার পাত্র অনেক আসতেছে। কিন্তু আমি বিয়া দিতে রাজি না।’রোশনা এসএসসি পাস করে প্যারাশিক্ষক হিসেবে চাকরি করছেন চা-বাগানের একটি স্কুলে।কমলগঞ্জ উপজেলার নন্দরানী চা-বাগানসহ বিভিন্ন চা-বাগানে ঘরে ঘরেই টেলিভিশন আছে। এতে তারা ভারতের বিভিন্ন চ্যানেলও দেখতে পায়। আর এ টেলিভিশনের অনুষ্ঠান কিশোর-কিশোরীসহ অন্যদের সচেতন করতে ভূমিকা রাখছে বলেও বাগানবাসী জানান।অষ্টম ও নবম শ্রেণীতে পড়ুয়া মিলি ও লিলি বারাইক নামের দুই বোনকে বাবা-মা যদি বিয়ে দিতে চান, তবে তাঁদের তারা বোঝাবে বলে দৃঢ় উত্তর তাদের। কথা বলার সময় পাশেই তাদের মা আকাশি বারাইক দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, ‘এখন অনেক কিছু বুঝবার পারছি।’কলেজপড়ুয়া মিনু শুকলা বৈদ্য জানে, মাসিকের সময় স্যানিটারি প্যাড ব্যবহার করা ভালো। তবে চা-বাগানে এটা পাওয়া যায় না, খরচও অনেক। তাই এ সময় কাপড়ই ব্যবহার করে, তবে তা রোদে শুকিয়ে তার পরই পরে। চা-বাগানে পানির তীব্র সংকট। তাই মাসিকের সময় অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়।উদ্যোগ: ইউনিসেফের সহযোগিতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সিলেট শহরের বিভিন্ন চা-বাগানে ‘যোগাযোগের জন্য উন্নয়ন’ শীর্ষক একটি পরীক্ষামূলক প্রকল্প পরিচালনা করছে। ইউনিসেফের কর্মকর্তা সাইদ মিল্কী প্রকল্পটির তত্ত্বাবধানে আছেন। তিনি প্রথম আলোকে বলেন, বিভিন্ন চা-বাগানে পায়খানা তৈরি করে দেওয়াসহ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়েছিল। তবে পরে গিয়ে দেখা গেল, পায়খানা তারা ব্যবহারই করেনি। চা-বাগানের ছেলেমেয়েরা বাল্যবিবাহের কুফল জানে না বলেই পালিয়ে বিয়ে করে। অর্থাৎ আগে বাগানবাসীর আচরণ পরিবর্তন করা জরুরি। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ব্র্যাক ২০০৩ সাল থেকে চারটি চা-বাগানে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। এ চা-বাগানগুলোর দায়িত্বপ্রাপ্ত হিসাব কর্মকর্তা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এ চা-বাগানগুলোতে শিশু দিবাযত্ন কেন্দ্র, পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার জন্য স্কুল, স্বাস্থ্যসম্মত পায়খানা, পরিবেশবান্ধব চুলা, সোলার প্যানেলের সাহায্যে টেলিভিশন দেখার সুযোগসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা বাল্যবিবাহের কুফলসহ বিভিন্ন বিষয়ে শ্রমিক ও তাঁর পরিবারের সদস্যদের সচেতন করার কাজটি করছেন।