নানা মাধ্যমে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিফোনের এক প্রান্ত থেকে কথা বলে উঠল একটি ছেলেকণ্ঠ। নাম আলামিন। পাবনা থেকে ফোন করেছে। এ প্রান্ত থেকে প্রশ্ন , ‘আলামিন, আপনি কি ছোট ভাইবোনগোরে টিকা দেওয়াইছেন? আইচ্ছা, আপনি বলেন তো, টিকা সময়মতো না দিলে কী হয়?’ কণ্ঠস্বরটি আমাদের সবার অতিপরিচিত কার্টুন চরিত্র মিনার। অন্য প্রান্তের কণ্ঠস্বর বেশ জোরেই শোনা যাচ্ছে। কারণ, রেকর্ড রুমের বাইরে আছে লাউড স্পিকার।আলামিনের কথা শেষ হতে এ প্রান্ত বলে উঠল, ‘আপনে ভালা থাইকেন। আমাগোরে চিঠি দিয়েন।’সঙ্গে সঙ্গে একটা কণ্ঠ বলে উঠল, ‘চিঠি দিয়েন, চিঠি দিয়েন!’আরে, এ তো মিঠু!ঠিক তা-ই, মিঠুই! পাশে বসে রয়েছে মিনার ছোট ভাই রাজু। ১৯ এপ্রিল ঘড়ির কাঁটা তখন সকাল ১০টা ৫০ এ। আগারগাঁওয়ের বাংলাদেশের বেতার সম্প্রচার কেন্দ্রের দ্বিতীয় তলার একটি রেকর্ড রুম। এখানেই ‘আমি মিনা বলছি’র সরাসরি সম্প্রচার হচ্ছে। ১১টা বেজে ২০ মিনিট বাজতেই সেই চিরপরিচিত গান, ‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে...’। গানটি বাজিয়ে অনুষ্ঠানটি শেষ হলো। এরপর কথা হলো মিনার সঙ্গে। শ্রোতারা তাকে মিনা নামে চিনলেও তার প্রকৃত নাম ফারজানা ইসলাম। সে বলে, ‘আমরা ফোনে কথা বলা, চিঠির উত্তর দেওয়া, কুইজ ও বিভিন্ন শিশুর অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি করি। একেক পর্বে একেকটি বিষয় নিয়ে অনুষ্ঠান করি। আর প্রায় সবাই যেহেতু মিনার সঙ্গে পরিচিত, সবাই ফোনে কথা বলতে অনেক বেশি পছন্দ করে।’পাশে বসে ছিল কামাল হোসেন বিপুল। মিঠুর হয়ে কণ্ঠ দিচ্ছে সে। আর তার পাশে রাজু, যার প্রকৃত নাম আব্রার সাজিদ পাশা। সবার কথার মধ্যেও ওদের চিরাচরিত খুনসুটি চলছিল পুরোদমে।‘আমি মিনা বলছি’ অনুষ্ঠানটি প্রচার শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে। প্রতি শুক্রবার সকাল ১০টা ১৫ থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত প্রচারিত হয় এই অনুষ্ঠান। এটি এফএম ৯৭.৬ আর এএম ৯৩ কিলোহার্টজে শোনা যায়। কথা হলো অনুষ্ঠানটির প্রযোজক ওমর শরীফের সঙ্গে। তিনি বলেন, ‘এই অনুষ্ঠান ইউনিসেফের সহায়তায় প্রচারিত হচ্ছে। প্রচারের উদ্দেশ্য, শিশুদের সমস্যাগুলো সম্পর্কে জনগণকে জানানো এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এ পর্যন্ত তিনটি পর্ব প্রচারিত হয়েছে। এরই মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে।’বাংলাদেশ বেতারে এই অনুষ্ঠান ছাড়াও প্রতি শুক্রবার ‘কলকাকলী’ সম্প্রচারিত হয়। এ ছাড়া সপ্তাহে তিন দিন করে ‘পড়াশোনা ও শিক্ষার্থীদের আসর’ অনুষ্ঠান প্রচারিত হয়।বাংলাদেশে এই চিত্র খুব স্বাভাবিক যে, অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। তারা বঞ্চিত হচ্ছে অধিকার থেকে। বিশ্বের অন্যান্য দেশের শিশুদের চেয়ে অনেক বিষয়েই আমাদের শিশুরা পিছিয়ে পড়ছে। আবার অনেক ক্ষেত্রে শিশুদের উপস্থিতি, অংশগ্রহণ বাড়ছে। তেমনই একটি ক্ষেত্র গণমাধ্যম। এই ক্ষেত্রটিতে আগের চেয়ে অনেক বেশি শিশু অংশ নিচ্ছে। বাংলাদেশ বেতার ছাড়া আরও কয়েকটি গণমাধ্যমে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আমাদের কথা, বাংলাদেশ টেলিভিশনবাংলাদেশ টেলিভিশনে ‘আমাদের কথা’ প্রচারিত হয় প্রতি মাসের শেষ শুক্রবার রাত নয়টায়। শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানটির ইতিমধ্যে ৩৫টি পর্ব প্রচারিত হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সারা দেশ থেকে সুবিধাবঞ্চিত শিশু ও শিশু সাংবাদিকেরা অংশগ্রহণকারী বিশিষ্টজনকে নানা প্রশ্ন করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও প্রশ্ন করা হয়। অনুষ্ঠানটির প্রযোজক এস এম নোমান হাসান খান বললেন, ‘ইউনিসেফ এবং তথ্য মন্ত্রণালয় “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম” প্রকল্প শুরু করেছে। এরই একটি অংশ হিসেবে আমরা এই অনুষ্ঠান করছি। এর যাত্রা শুরু হয়েছে ২০০৯ সালে। গণমাধ্যমে শিশুর সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমরা এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ সরকারের অনেক মন্ত্রী, সংসদের স্পিকার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে এসেছি।’ সারা দেশ থেকে শিশুদের বাছাই করে প্রথমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর তারা অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিটি পর্বে সমাজের বিভিন্ন স্তর থেকে ১০ থেকে ১৭ বছর বয়সী ২০টি শিশু অংশ নেয়। নোমান হাসান জানান, ‘আমাদের কথা’ ছাড়াও বাংলাদেশ টেলিভিশনে ‘আলোর পায়রা’, ‘প্রভাতে রবির আলো’, ‘আমাদের স্কুল’, ‘প্রিয় বিদ্যালয়’, ‘রুমঝুম’, ‘এসো গান শিখি’সহ শিশুদের অংশগ্রহণে আরও বেশ কটি অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমসম্প্রতি শিশুদের সংগ্রহ করা খবর নিয়ে শিশুদের জন্য চালু হলো বিশেষায়িত ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম। এই ওয়েবসাইটের জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত থাকছে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোর সাংবাদিকেরা। সংবাদভিত্তিক এই ওয়েবসাইট পরিচালনা করছে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম। আর এ উদ্যোগে সহযোগিতা দিচ্ছে ইউনিসেফ।হ্যালো ওয়েবসাইটের কার্যক্রম সম্পর্কে কথা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের বার্তা সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা এই ওয়েবসাইটের জন্য পরীক্ষার মাধ্যমে শিশু সাংবাদিক নির্বাচিত করেছি। ঢাকায় ১৫ জন এবং আরও ২০টি জেলা থেকে প্রাথমিকভাবে ২১০ জনকে নেওয়া হয়েছে। এদের মধ্যে সুবিধাবঞ্চিত, শারীরিক প্রতিবন্ধী, আদিবাসী শিশুরাও রয়েছে।’নাসিরুদ্দিন আহমেদ বললেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই শিশুদের নিয়ে কাজ করছি। এরপর যখন ইউনিসেফ আমাদের এ ধরনের একটি প্রস্তাব দিল, তখন আমরা নিজেরা প্রস্তুতি নেওয়া শুরু করলাম। সত্যিই বাংলাদেশে এমন একটি মাধ্যম থাকা দরকার, যেখানে শিশুদের অধিকার নিয়ে শিশুরাই বলবে। গণমাধ্যমগুলোতে শিশুদের খবর বেশি একটা দেখা যায় না। অথচ বিষয়টি আড়াল করাও চলে না। তাই আমরা এ ধরনের একটি উদ্যোগ হাতে নিয়েছি।’শিশুর চোখে, এটিএন বাংলা২০১২ সালের ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ‘শিশুর চোখে’ অনুষ্ঠানের যাত্রা। এটিএন বাংলায় প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটা ও রাত ১০টার সংবাদের মধ্যে দেড় থেকে দুই মিনিটের একটি প্রতিবেদন প্রচারিত হয়। শিশুরা এই প্রতিবেদন তৈরি করে। অনুষ্ঠানটির সমন্বয় ও ব্যবস্থাপনায় রয়েছে চিলড্রেন টেলিভিশন ফাউন্ডেশন। আর এতে অর্থায়ন করছে ইউনিসেফ। সাত দিনের কর্মশালার মাধ্যমে ছয়জন শিশুকে নির্বাচিত করা হয়। তাদের দীর্ঘ আট মাস প্রশিক্ষণ দেওয়া হয়। ‘শিশুর চোখে’ অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে, এর পরিকল্পনা শিশুরাই করে, তারা প্রতিবেদন তৈরি করে, তারাই ক্যামেরা চালায় ও পিটিসি দেয়।কথা হলো খুদে শিশু সাংবাদিক জাসিয়া বিনতে শামীমের সঙ্গে। সে বিএএফ শাহীন কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থী। শামীম বলল, ‘আমার মোট আটটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রতিবেদন প্রচারের পর আমার যে অনুভূতি হয়, তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আগে আমার পুলিশ হওয়ার ইচ্ছা ছিল। মনে হয়েছিল, তাদের অনেক ক্ষমতা। এখন সাংবাদিক হতে চাই। কারণ, আমি বুঝে গেছি, সাংবাদিকেরা সমাজের অনেক উপকারে আসতে পারে।’শম্পা ইসলাম মোহাম্মদপুরের কিশলয় বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে বলে, ‘আমার প্রতিবেদন তৈরির পুরো প্রক্রিয়াটাই ভালো লাগে। আগে ভাবতাম, টেলিভিশনের কাচটা ভাঙলে হয়তো ওদের কাছে যেতে পারে। কিন্তু এখন বুঝতে পারি, আসল ব্যাপারটা কী!’এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন বলেন, ‘সব টেলিভিশনেই শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়। কিন্তু সেখানে দর্শক খুব কম। দেশের প্রায় সব মানুষ সংবাদ দেখে। তাই এই শিশুদের অংশগ্রহণে কোনো অনুষ্ঠান যদি সংবাদ প্রচারের সময় দেখানো হয়, তবে বেশি মানুষ দেখবে। এই চিন্তা থেকেই এটি প্রচার শুরু হয়।’ তিনি বলেন, ‘আমাদের টার্গেট দর্শক সর্বস্তরের মানুষ। তাই এই শিশুরা শিশুদের সমস্যাভিত্তিক সংবাদের পাশাপাশি সমাজের অন্য সমস্যাগুলোকেও নির্দিষ্ট করে প্রতিবেদন তৈরি করে। আমি মনে করি, আমাদের দেশে এতগুলো টিভি চ্যানেল রয়েছে, তারা এগিয়ে এলে অন্য শিশুরাও সুযোগ পাবে।’দ্য ওয়ান মিনিট জুনিয়র ভিডিওনেদারল্যান্ডসের ওয়ান মিনিট জুনিয়র ফাউন্ডেশন পৃথিবীব্যাপী কার্যক্রমটি করে। বাংলাদেশে চিলড্রেন টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ ২০০৯ সাল থেকে এই প্রকল্প পরিচালনা করছে। ১২ থেকে ১৮ বছরের শিশুদের পাঁচ দিনের একটি কর্মশালা করানো হয়। প্রতি কর্মশালায় ২০ জন শিশু অংশ নেয়। পরে প্রত্যেকেই একটি করে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ করে। এ পর্যন্ত ২২০টি চলচ্চিত্র নির্মিত হয়েছে। প্রতিবছর একটি উৎসবের মাধ্যমে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়।মুক্তা আক্তার এমন একজন খুদে নির্মাতা। পড়ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নবম শ্রেণীতে। সে বলে, ‘আমি শাড়ি পরতে আর সাজতে ভীষণ ভালোবাসি। আড্ডা দিতেও ভালো লাগে। আমার এক মিনিটের চলচ্চিত্রে আমি এটাই দেখাতে চেষ্টা করেছি। আর আমি স্বপ্ন দেখি, বড় হয়ে চলচ্চিত্র পরিচালক হব।’চিলড্রেন টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব ফাহমিদুল ইসলাম বললেন, ‘আমরা সারা দেশে অনেক খুদে চলচ্চিত্রনির্মাতা তৈরি করছি। এর মধ্য দিয়ে গণমাধ্যমে যাতে আরও বেশি শিশু অংশগ্রহণ করে, এ জন্যও কাজ করে যাচ্ছি। আশা করি, ভবিষ্যতে এরাই দর্শকদের ভালো ভালো চলচ্চিত্র উপহার দেবে।’