নানা রকম ইলেকট্রনিকস প্রকল্প
ওঁরা স্বপ্ন দেখেন। মানুষ তার জীবনযাত্রাকে আরও সহজ করতে প্রযুক্তির সাহায্য নেয়। আর এ লক্ষ্যেই তাঁরা তৈরি করেন বিভিন্ন প্রকল্প। সুযোগ পেলেই নিজেদের ইলেকট্রনিকস প্রকল্পগুলো সবার সামনে তুলে ধরেন। ২৫ থেকে ২৮ জুন ঢাকার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এমনই একটি প্রতিযোগিতায় দেখা গেল অনেকগুলো ইলেকট্রনিকস প্রকল্প। বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রনিকস ক্লাব ছিল প্রতিযোগিতার আয়োজক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৮টি প্রকল্প প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। এসব প্রকল্পের মধ্যে বেশ কয়েকটি প্রকল্প ছিল নজরকাড়া।মুঠোফোনে ঘরের নিয়ন্ত্রণআপনি বাসা থেকে বেরিয়েছেন। ব্যস্ততা বা অসাবধানতার কারণে ঘরের বিভিন্ন যন্ত্র সচল আছে। কিন্তু এমন এক অবস্থা আপনি বাসায় ফিরতেও পারছেন না। আবার দুশ্চিন্তাও হচ্ছে। এ সমস্যার সমাধান খুঁজেছেন চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এ ই এম তৌফিকুর রহমান ও গোলাম সামদানি। দুজনই তড়িৎ প্রকৌশল বিভাগে পড়েন। তৌফিকুর রহমান জানান, ‘আমাদের এই প্রকল্পের মাধ্যমে বাসার বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র মুঠোফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। বাসার বিভিন্ন যন্ত্রের সঙ্গে একটি মুঠোফোন যুক্ত থাকবে। আর সেই মুঠোফোনে কি-প্যাডের শব্দ নির্দেশিত থাকবে। বাসার লোকজন নিজেদের মুঠোফোন থেকে বাসার মুঠোফোনে ফোন করলে তা নিজে থেকে রিসিভ করবে ও যে ফোন করেছে তার নির্দেশ অনুযায়ীকাজ করবে। মুঠোফোন রিসিভ করার পর গোপন নম্বর চাপলে তবেই এটি কথা শুনবে। এই প্রকল্পটি প্রথম পুরস্কার পেয়েছে এবারের প্রতিযোগিতায়।’ছ-পেয়ে রোবট!প্রকল্পের নাম হেক্সাপড। হেক্সা মানে ছয়।আর পড অর্থ পা।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চার শিক্ষার্থী নাজমুল হাসান, অনমদর্শী বড়ুয়া, তানভীর হায়দার ও আশফাকুর রহমান মিলে তৈরি করেছেন হেক্সাপড বা ছ-পেয়ে রোবট। নাজমুল হাসান বলেন, ‘সাধারণত রোবট তৈরির সময় এর পায়ের সঙ্গে চাকা দেওয়া হয়। এতে রোবট কাজ করতে পারলেও স্বচ্ছন্দে চলাচল করতে পারে না। চাকা নয়, পা দিয়েই চলাচল করবে রোবট, এমন একটি চ্যালেঞ্জ আমরা সামনে রেখেই কাজ শুরু করি। কাজ ভাগাভাগি করে নিই। কেউ রোবটের পা, কেউ সার্কিট, কেউ মস্তিষ্কের মাইক্রো, আর কেউ তৈরি করি প্রোগ্রামিং। প্রায় পাঁচ সপ্তাহ একটানা কাজ করার পর আমরা এ কাজে অনেকটা সফল হই।’তাঁদের তৈরি রোবটের মোট ছয়টি পা। তেলাপোকার আদলে তৈরি এই রোবট তার পায়ের ওপর ভর দিয়েই চলাচল করতে পারবে। এটি নিয়ন্ত্রণ করা হয় দূর থেকে।সাধারণত যেসব স্থানে মানুষ যেতে পারে না, সেসব স্থানে এই রোবটে প্রেরণ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যাবে। নাজমুল হাসান জানান, ‘আমাদের এই রোবটটি আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি।’অবস্থা বুঝে ব্যবস্থা!প্রকল্পের নাম স্মার্ট হোম অটোমেশন। ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাহমুদ ইব্রাহীম তৈরি করেছেন এটি।দেশের বিদ্যুতের অনেক অপচয় রোধ করতে তাঁরা প্রকল্প তৈরির কাজ শুরু করেন। প্রায় চার মাস পরিশ্রমের পর তাঁরা প্রকল্পটি তৈরি করেন। মাহমুদ ইব্রাহীম জানান, ‘আমাদের প্রকল্পটি বিদ্যুতের অপচয় রোধে কাজ করবে। যে ঘরে ফ্যান বা এসি রয়েছে সেখানে একটি ছোট কম্পিউটারের মাধ্যমে তাপমাত্রার সেন্সর ব্যবহার করা হয়েছে। এই সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ফ্যান বা এসি। তাপমাত্রার বাড়া ও কমার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ফ্যান ব এসি নিয়ন্ত্রিত হয়। এভাবে অন্য একটি ঘরে কতটুকু আলো দরকার, তাও নিয়ন্ত্রিত হয় একটি ছোট কম্পিউটারের সাহায্যে। ঘরের অবস্থা বুঝে এটি আলোর সরবরাহ করে থাকে।’ বৃষ্টি এলেই জানালা বন্ধ!বৃষ্টি এলে আপনাআপনি জানালা বন্ধ হয়ে যাবে! এমনই একটি প্রকল্প উদ্ভাবন করেছেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশল বিভাগের তিন শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, মো. তালহা ও রোমেল এরিখ। তৌহিদুল ইসলাম জানান, ‘আমরা জানালার বাইরে দুটি ধাতব পাত স্থাপন করেছি। সেখানে বৃষ্টির পানি পড়ামাত্রই তাতে শর্টসার্কিট হয়। এরপর জানালার পাশে স্থাপন করা একটি মোটরে সংকেত আসে। এই সংকেত পাওয়া মাত্রই জানালার সঙ্গে বসানো মোটর ঘোরে ও জানালা বন্ধ হয়ে যায়।’অবাঞ্ছিত বিদ্যুৎ বিল আর নয়ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের দুই শিক্ষার্থী ফাতিমা বিনতে জিয়া ও সানজানা ভিনাস অবাঞ্ছিত বিদ্যুৎ বিল এড়ানোর কৌশল বের করেছেন। ফাতিমা জানান, ‘আমাদের শিক্ষকেরা বলতেন, এমন কিছু উদ্ভাবন করো, যা মানুষের উপকারে লাগে। আমরা তাই আমাদের দেশের বিদ্যুৎ খাতের জন্য ভাবতে লাগলাম। এ ভাবনা থেকেই কাজ শুরু হলো। একসময় আমরা একটা বিশেষ যন্ত্র তৈরি করলাম, যা মিটারের সঙ্গে যুক্ত থাকবে। এই যন্ত্র মিটারে উল্লিখিত বিল বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় কম্পিউটারে ডেটা আকারে প্রেরণ করবে। এই বিশেষ যন্ত্রটিকে নির্দেশনা দিলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিলের তথ্য পাঠাবে।’