নানা রঙে টোকিও চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকুরা গ্রাঁ প্রি ও কিরিন পুরস্কার হাতে সুইডিশ পরিচালক লুকাস মুডিসন
সাকুরা গ্রাঁ প্রি ও কিরিন পুরস্কার হাতে সুইডিশ পরিচালক লুকাস মুডিসন

টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যাত্রা আজ থেকে ২৮ বছর আগে, ১৯৮৫ সালে। সেদিক থেকে এটি হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর একটি। তবে উৎসবকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে চলচ্চিত্রানুরাগীদের কাছ থেকে যে উৎসাহ ও সাড়া মিলেছে, তাতে সন্দেহাতীতভাবেই এটি হয়ে উঠেছে এশিয়ার নেতৃস্থানীয় চলচ্চিত্র উৎসব। পুসান ও হংকং চলচ্চিত্র উৎসব নিয়ে আজকাল সংবাদমাধ্যমে যথেষ্ট আলোচনা হলেও সত্যিকার অর্থে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্যায়ে উঠে আসতে আরও কিছুটা সময় মনে হয় প্রয়োজন।

১৯৮৫ সালে প্রথম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উন্মোচিত হয়েছিল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করার মহৎ এক উদ্দেশ্য নিয়ে। প্রথম সেই আয়োজনে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের বদলে একটি মাত্র বিভাগে প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল, সেই বিভাগটি হলো ‘ইয়ং সিনেমা কম্পিটিশন’ বা ‘তরুণ চলচ্চিত্র নির্মাতা পুরস্কার’। তবে দুই বছর পরের দ্বিতীয় আয়োজন থেকে আয়োজকদের দৃষ্টি অনেকটা সরে আসে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার দিকে। এরপর ১৯৯১ সাল থেকে এটি দ্বিবার্ষিক আয়োজনের বদলে বার্ষিক চলচ্চিত্র উৎসবে রূপান্তরিত হয়, যা উৎসবের আবেদনকে আরও কিছুটা বাড়িয়ে দেয়। বছর গণনার হিসাবে এ চলচ্চিত্র উৎসবের বয়স ২৮ বছর হলেও তৃতীয় উৎসব থেকে এটা বার্ষিক উৎসবে পরিণত হওয়ায় এবার ছিল এর ২৬তম আয়োজন।

চলচ্চিত্র উত্সবের আয়োজক কমিটির মহাপরিচালক ইয়াসুশি শিনা
চলচ্চিত্র উত্সবের আয়োজক কমিটির মহাপরিচালক ইয়াসুশি শিনা



উৎসব কমিটির নতুন মহাপরিচালক ইয়াসুশি শিনা এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে বেশ কিছু রদবদল উৎসব কাঠামোয় নিয়ে আসেন। শুরুতেই বদল করে নেওয়া হয় চলচ্চিত্র উৎসবের লোগো। উৎসবের আয়োজনে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে নতুন প্রতিযোগিতামূলক বিভাগ ‘এশিয়ার ভবিষ্যৎ’ চালু করার মাধ্যমে। এই বিভাগ উন্মুক্ত রাখা হয় এশিয়ার বিভিন্ন দেশের সেই সব পরিচালকের জন্য, একটি কিংবা দুটি ছায়াছবি যাঁরা এ পর্যন্ত তৈরি করেছেন। এবারের উৎসবে নতুন এই শাখার জন্য জমা পড়া ছবিগুলো থেকে আটটি ছায়াছবিকে বেছে নেওয়া হয়েছিল প্রতিযোগিতার জন্য, যার মধ্য থেকে চীনের ছায়াছবি টুডে অ্যান্ড টুমরো শ্রেষ্ঠ ছবি ও ১০ হাজার ডলার নগদ অর্থ পুরস্কার লাভ করে।

তবে মূল প্রতিযোগিতা বিভাগই হচ্ছে চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণ এবং এবারও তার ব্যতিক্রম ছিল না। সুদূর মেক্সিকো থেকে শুরু করে বরফঢাকা দেশ আইসল্যান্ড হয়ে চীন ও জাপান পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড থেকে ১৫টি ছবি বাছাই করা হয়েছিল উৎসবের মূল প্রতিযোগিতা পর্বের জন্য। এসব ছবির মধ্য থেকে চার সদস্যের বিচারকমণ্ডলী সুইডিশ পরিচালক লুকাস মুডিসনের ছবি উই আর দ্য বেস্টকে সাকুরা গ্রাঁ প্রি পুরস্কারের জন্য বেছে নেয়। সমস্যাকবলিত তিনিটি পরিবারের স্কুলছাত্রী তিন বালিকার রক সংগীতের জগতে প্রবেশ হচ্ছে—এই হলো ছবির মূল বিষয়। পরিচালক লুকাস মুডিসনের নিজের ভাষায়, তাঁর এই ছবি হচ্ছে সেই রকম বাস্তবতা প্রকাশ করার ক্ষুদ্র এক প্রয়াস, যেটাকে তিনি বলেছেন ‘জীবন বিষ্ঠাময় হওয়া সত্ত্বেও একই সঙ্গে তা হচ্ছে উদ্ভট’।

২৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব দেবী, জাপানি অভিনেত্রী চিয়াকি কুরিইয়ামা
২৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব দেবী, জাপানি অভিনেত্রী চিয়াকি কুরিইয়ামা

কেন সেই ছবিকে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়, তার ব্যাখ্যা দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি বিচারক বলেছেন, ‘শ্রেষ্ঠ পুরস্কারের জন্য এমন এক ছবির সন্ধানে আমরা ছিলাম, যা কিনা এক কথায় চমৎকার, সে রকম ছবি, যেখানে আছে শক্তির প্রকাশ, আবেগ এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের চমৎকার এক প্রতিফলন। এই ছবি যে সে রকম সব কয়টি গুণের সঠিক এক সমন্বয়, সে বিষয়ে আমাদের মধ্যে কোনো রকম দ্বিমত ছিল না।’

গত বছরের চলচ্চিত্র উৎসবে চীনের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চীনা প্রতিনিধিরা চীন-জাপান সম্পর্কের অবনতির কারণে উৎসবে যোগ দেওয়া থেকে বিরত ছিলেন। সেদিক থেকে এবারের উৎসব যেন ছিল দুই দেশের মৈত্রীর বন্ধন পুনরায় গড়ে ওঠার বার্তাবাহক। উল্লেখ্য, উৎসবের সভাপতি বিচারকও ছিলেন চীনের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক চেন কাইগে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত ভাষণের শেষে তিনি অভিমত ব্যক্ত করেন, ‘চলচ্চিত্র যে শান্তি আর ভালোবাসার প্রতিনিধিত্ব করে, আমার মনের সেই বিশ্বাসকে এই উৎসব আরও গভীর করে তুলেছে।’

উৎসব কমিটির মহাপরিচালক নতুন যে প্রতিযোগিতা বিভাগ চালু করার কথা ভাবছেন, সেটা হলো কার্টুন ছবির জন্য ভিন্ন একটি বিভাগ প্রবর্তন করা। কার্টুন ছবির আবেদন ক্রমশই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকায় এক বছর পর সেই পদক্ষেপ সময়োচিত হবে বলে তিনি মনে করেন।

অক্টোবরের ১৭ তারিখ থেকে শুরু হওয়া ২৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৫ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এবারের উৎসবের জন্য ৯৩টি দেশ ও ভূখণ্ড থেকে রেকর্ডসংখ্যক এক হাজার ৪৬৩টি ছবি জমা পড়েছিল। এর মধ্য থেকে বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ ছবি উৎসব চলাকালে প্রদর্শন করা হয়। ছায়াছবির প্রদর্শন ছাড়াও চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে সম্পর্কিত কন্টেন্ট শিল্পের ভিন্ন এক প্রদর্শনীও উৎসব চলাকালে অনুষ্ঠিত হয়, জাপান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের কন্টেন্ট ব্যবসায় জড়িত প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছে।