নানা রঙের ঠোঁট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাঁকিয়ে শীত পড়েনি এখনো। কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রস্তুতির ছোঁয়া লেগেছে ফ্যাশনপ্রেমীদের মধ্যে। শুধু পোশাক নয়, ভিন্নতা এ বছর দেখা যাবে মেকআপের ক্ষেত্রেও। লিপস্টিকের কথাই ধরা যাক। নতুন নতুন রং তো দেখা যাবেই। ট্রেন্ড হিসেবে একজনের ঠোঁটেই দেখা যাবে দুই থেকে তিন রকমের রং। চমকে গেলেন? এ বছরের শীতে ঠোঁটের রং দিয়েই ভিন্নতা আনতে পারবেন আপনার সাজে।রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল জানান, গরমের সময় হালকা মেকআপ, লিপস্টিকের হালকা রং, স্বস্তি এনে দেয়। শীতের সময় ঠিক উল্টোটা হয়। ঠান্ডায় হালকা রংগুলো অনেকটা ফ্যাকাশে লাগে। গাঢ় রং চেহারায় জমকালো ভাব এনে দেয়। এ কারণেই শীতের সময় একটু গাঢ় এবং গ্লসি লিপস্টিক ব্যবহার করলে ভালো লাগে। লাল রঙের লিপস্টিক আগের বছরে জনপ্রিয় ছিল বেশ। এ বছরও এ রংটি থাকবে জনপ্রিয়তার কাতারে। তবে একটু গাঢ় লালের টোনে। এই তালিকায় আরও থাকবে গাঢ় খয়েরি, গাঢ় ম্যাজেন্টা, গাঢ় কমলা, গাঢ় বেগুনি রংগুলো।কিছু কিছু রং হয়তো আপনাকে সবচেয়ে বেশি মানায়। এ রংগুলো দেখলে মনে হবে এই রঙের আবিষ্কার হয়েছে একমাত্র আপনার ঠোঁটের জন্যই। তবে লিপস্টিক যে সবাইকে মানায় তা নয়। সবাইকে সব রংও মানাবে না।নিজের ব্যক্তিত্ব ও ত্বকের রঙের সঙ্গে মানিয়ে লিপস্টিক ব্যবহার করা উচিত বলে মনে করেন আফরোজা কামাল। তবে যাঁদের লিপস্টিক মানায় না তাঁদের জন্যও আছে উপায়। লিপগ্লস এবং হালকা ন্যাচারাল রঙের গাঢ় ও হালকা শেডগুলো বেছে নিন। বাজারে কিছু রঙিন লিপগ্লস পাওয়া যায়। সেগুলোও ব্যবহার করতে পারেন লিপস্টিকের বিকল্প হিসেবে। চাঁপা গায়ের রং যাঁদের, তাঁরা একটু গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করুন। হালকা রং যতটা সম্ভব এড়িয়ে যাওয়া ভালো। শ্যামলা রঙের অধিকারীদের মভ শেডগুলো, মেরুন, উজ্জ্বল লাল ছাড়াও গাঢ় কিছু রং মানিয়ে যাবে। উজ্জ্বল ত্বক যাঁদের, তাঁদের খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই। তবে আপনাকে বুঝতে হবে যে কোন রংটি আপনাকে অন্যদের সামনে আকর্ষণীয় করে তুলে ধরবে।একই ঠোঁটে নানা রংওমব্রে লিপস। পাশ্চাত্যে দু-তিনটি রঙের মিশেলে লিপস্টিক লাগানোর কায়দাকে এ নামেই ডাকা হচ্ছে। দুটো রং লাগাতে চাইলে একই ধরনের দুটো শেড বেছে নিতে হবে। যেমন লাল ও ম্যাজেন্টা। লাল ও কমলা, বেগুনি ও ম্যাজেন্টা, কমলা ও ম্যাজেন্টা, লাল ও গাঢ় মেরুন ইত্যাদি। তিনটি রঙের মিশেলেও রাঙিয়ে তুলতে পারেন ঠোঁটজোড়াকে। তখন গাঢ় থেকে হালকার দিকে টোন চলে যাবে। অর্থাৎ গাঢ় রং দিয়ে শুরু করতে হবে। ধীরে ধীরে নিচের দিকের রং চলে যাবে হালকা টোনে।