নানা রঙের শীতের বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুর পরিবর্তন আমরা যেমন দেখতে পাই, তেমনি অনুভবও করতে পারি। আর মনের চোখ দিয়ে অনুভব করলে এ অভিজ্ঞতা নিঃসন্দেহে সুখকর ও রোমাঞ্চকর। শীতকে ঘিরে আমাদের যে অনুভূতি, তা অন্য সময়ের চেয়ে অনেকটাই আলাদা। শীতের সকালটা দারুণ ঝলমলে উজ্জ্বল। সারা দিনের সোনারোদ মাতিয়ে রাখে চিরায়ত বাংলার ছবির মতো গ্রামগুলোকে। এ রকম একটি সকাল দিয়ে দিনের শুরু হলে মনটা আপনা-আপনিই ভালো থাকে। একটু পরে সূর্যটা ওম ছড়াতে শুরু করলে সবাই ঘরের বাইরে আসে। সারা রাত ফোঁটা ফোঁটা করে জমে থাকা খেজুরের রস পাড়ে গাছি। আর দিনের রসটুকু শালিকের, তারা খেয়ে মনের আনন্দে গান করে। ওদিকে রসুইঘরে পায়েস রান্নার আয়োজন। সেই ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশে। লাউয়ের মাচার পাশে একচিলতে রোদে বসে কেউ কেউ গল্পে মেতে ওঠে। হিম বাতাসে প্রজাপতির মতো পাখা মেলে হলুদ বাঁশপাতারা উড়ে যায় দূরে কোথাও। এমন দিনে প্রকৃতিকে প্রাণবন্ত রাখতে ফোটে অসংখ্য বর্ণিল মৌসুমি ফুল। এসব মৌসুমি ফুলের সিংহভাগই এসেছে শীতের দেশ থেকে। ফলে ওদের কোনো বাংলা নাম নেই। জন্ম, বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য সহায়ক হওয়ায় এখানকার আদি মৌসুমি ফুল গাঁদা, কসমস ও ডালিয়ার অনেক রকমফের চোখে পড়ে। এখানে চন্দ্রমল্লিকার বয়সও কম নয়, সূর্যমুখীর বৃদ্ধিও স্বাভাবিক। পর্তুগিজ ও ব্রিটিশরা আমাদের দেশে অনেক কিছুর পাশাপাশি এসব ফুলেরও আমদানি করেছে। বর্ষজীবী এসব ফুল চাষে প্রতি মৌসুমেই টাটকা বীজ বুনতে হয়। অল্প সময়ের মধ্যেই ফুল হয়, তারপর বীজ। কিছু কিছু বর্ষজীবী টবজাতীয় পাত্রে লাগানোর পক্ষেও আদর্শ। সেগুলো হচ্ছে: অ্যাস্টার, কারনেশন, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, প্যানজি, মোরগঝুঁটি, ন্যাস্টারসিয়াম, গাঁদা, জিনিয়া ইত্যাদি। ঘরদোর সাজানোর জন্যও কিছু কিছু বর্ষজীবী ফুল বিশেষ উপযোগী। যেমন: আর্কটটিস, কারনেশন, চন্দ্রমল্লিকা, করিওপসিস, কর্নফ্লাওয়ার, কসমস, ডালিয়া, লুপিন, পপি, সুইট সুলতান, সুইট-পি ইত্যাদি। পথের দুই পাশে বীথির জন্য মানানসই হলো: সুইট আলিসাম, খাটো ফ্রেঞ্চ ম্যারিগোল্ড, ফ্লক্স, পিটুনিয়া, নেমেসিয়া ইত্যাদি। মৌসুমি ফুলের মধ্যে হলিহক আমাদের দেশে বেশ পুরোনো। সমতল এলাকায় এরা এক বছর বেঁচে থাকলেও পাহাড়ি অঞ্চলে বাঁচে অনেক বছর। লম্বাটে গাছ। পাতা বড়, গোলাকার, খসখসে ও দেখতে পানের মতো। রং অনেক-সাদা, বাদামি, হলুদ, গোলাপি, বেগুনি, নীল, ফিকে লাল ইত্যাদি। অ্যাস্টারও জনপ্রিয় ফুল। চটকদার রঙের জন্য এই ফুলের খ্যাতি বিশ্বজোড়া। ফুলে গন্ধ নেই, একক বা সজোড়। ফুলের অনেক রং: নীল, রক্তলাল, সাদা, গাঢ় লাল, হলুদ ও বাসন্তী। আবার শীতের বাগানে বড় জাতের সূর্যমুখীগুলো যেন একেকটা সূর্য। চ্যাপ্টা ফুলের কিনারের পাপড়িগুলো আলোর মতো ছড়ানো। আসলে একটি ফুল নয়, ফুলের গুচ্ছ। কয়েক জাতের হয়। কোনোটি বর্ষায়ও ফোটে। জিনিয়া মেক্সিকোর ফুল। এদের নানা রং চোখে পড়ে, সিঙ্গেল বা ডাবল আকৃতির। চার থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত চওড়া হতে পারে। এ দেশে জিনিয়ার চাষ মোটামুটি পুরোনো। অল্প যত্নেও ন্যাস্টারশিয়াম ফুল ভালো হয়। এখানে বেঁটে জাতের ফুল সহজলভ্য। পাতা গোলাকার, মোটা। ফুলের অনেক রং। অনেক সময় পাতার আড়ালে ফুল ঢেকে যায়। বেঁটে জাতের ফুল হালকা সুগন্ধি। স্ন্যাপড্রাগনের অন্য নাম এন্টিরহিনাম। জন্ম ইউরোপে। লম্বা মঞ্জরিতে নলাকার ফুলগুলো অসমান, টুকরো টুকরোভাবে জন্মায়। অনেক রঙের মধ্যে কমলা, মেরুন, সাদা, গোলাপি উল্লেখযোগ্য। ফুলের আকৃতি অনেকটা খরগোশের মুখের মতো। মৃদুভাবে তর্জনী ও বুড়ো আঙুল দিয়ে চাপ দিলে ফুলের ঠোঁট দুটি চওড়াভাবে ফাঁক হয়। ডালিয়া মৌসুমি ফুলের মধ্যে সবচেয়ে নজরকাড়া। ফুলের গড়ন আর রঙের শেষ নেই। অনেক পাপড়ি, ১০ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত চওড়া। রঙেরও ছড়াছড়ি: সাদা, লাল, কমলা, বেগুনি, হলুদ, পাটকিলে। এর একটি ভারি সুন্দর, কালচে লাল পাপড়িতে সাদা সাদা দাগ। কোনো কোনো ডালিয়ার পাপড়ি সরু কাঠির মতো লম্বা, কিংবা ফিতার মতো লকলকে। চন্দ্রমল্লিকার জন্ম চীনে, কিন্তু সমাদর বেশি জাপানে। ওদের জাতীয় ফুল। গোলাপের মতোই কয়েক হাজার জাত আছে। ফুলের অজস্র রকমফের। বোতামের আকৃতি থেকে শুরু করে ৬ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত চওড়া হতে পারে। পাপড়িও তেমনি হরেক রকম: কিনারেরগুলো লম্বা, উঁচানো, মোড়ানো, ছড়ানো, সরু বা চ্যাপ্টা। আমাদের দেশে বিক্ষিপ্তভাবে শার্লি পপির চাষ হয়। ফুল ৬০ সেন্টিমিটার আয়তাকার, বড় পেয়ালা বা বাটির মতো। অনেক রঙের ফুল বাগান মাতিয়ে রাখে। শুধু এ কয়েকটিই নয়, শীতের বাগানে রঙের মিছিল অনেক দীর্ঘ। আরও আছে জার্বেরা, ভার্বেনা, মোরগঝুঁটি, কসমস, কারনেশন, সিলভিয়া, স্ট্র-ফ্লাওয়ার, ডায়ানথাস, অ্যাজালিয়া ও বহুবর্ষজীবী লতা রসুন্দি, গোল্ডেনশাওয়ার, ক্যামেলিয়া ও স্বর্ণ-অশোক। প্রতিবছর আরও যোগ হচ্ছে নতুন নতুন রং।