নানা সংকটে জেনারেল হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল হাসপাতালের নিচতলায় তেজস্ক্রিয় (রেডিওলজি) বিভাগে দেখা যায় টুলে বসে আছেন কয়েকজন পুরুষ ও মহিলা। চোখেমুখে অস্বস্তির ভাব স্পষ্ট। কারণ এঁরা এসেছেন চিকিৎসকের পরামর্শে এক্স-রে করাতে। কিন্তু বিদ্যুৎ না থাকায় এক্স-রে বন্ধ। তাই অপেক্ষায় আছেন সবাই। কথা হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল মালেকের সঙ্গে। নগরের মনসুরাবাদ থেকে স্ত্রী মনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে এসেছেন তিনি। বললেন, ‘গত তিন দিন শুধু যাওয়া-আসা করছি। বিদ্যুৎ না থাকায় এক্স-রে করাতে পারিনি।’ একই কথা বললেন বাকলিয়া থেকে আসা জয়নব বেগমও। তিনি জানান, ‘আমি দুদিন এসে ফেরত গেছি। বিদ্যুৎ আসে অল্প সময়ের জন্য। ফলে এর মধ্যে সবার এক্স-রে করানো যায় না।’ তেজস্ক্রিয় বিভাগের কর্তব্যরত টেকনিশিয়ান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সকাল ৯টা থেকে বেলা দুইটা পর্যন্ত আমরা এখানে কাজ করি। কিন্তু লোডশেডিংয়ের কারণে প্রায়ই এ সময়ে কাজ থাকে না। আবার এলেও তা বেশিক্ষণ স্থায়ী হয় না। আর বিদ্যুৎ না পেলে আমরা এক্স-রে করব কীভাবে?’ জানা গেছে, এ বিভাগে লোকবলের অভাবে একজন মাত্র টেকনেশিয়ানই রোগীদের নিবন্ধন ও পরীক্ষা-নিরীক্ষার কাজ চালান। এতেও যথেষ্ট সময় নষ্ট হয়। অস্ত্রোপচার কক্ষের (অপারেশন থিয়েটার) সামনে অপেক্ষা করছিলেন রোগীর অভিভাবকেরা। কেউ এসেছেন ভাইকে নিয়ে, কেউ বাবা, আবার কেউ মেয়েকে নিয়ে। বেশিরভাগই হার্নিয়া রোগী। কিন্তু এদের কেউ তাদের নাম জানাতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত তাদের অস্ত্রোপচারের তারিখ পিছিয়েছে। অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়ার পরও বিদ্যুৎ না থাকায় রোগীকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গিয়ে রোগীদের এমন দুর্ভোগের চিত্র ধরা পড়ে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎসংকটের কারণে এ হাসপাতালে অস্ত্রোপচার ও এক্স-রে কার্যক্রম ব্যাহত হচ্ছে। চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে রাতে হাসপাতালে রোগী দেখেন চিকিৎসক। বিদ্যুৎ সমস্যার কারণে পারতপক্ষে কেউ এখানে বেশিদিন থাকতে চান না। খালি পড়ে থাকে হাসপাতালের শয্যাগুলো। অথচ অন্যান্য হাসপাতালের তুলনায় এটি যথেষ্ট পরিচ্ছন্ন এবং খাবারের মানও ভালো বলে জানিয়েছেন রোগীরা।হাসপাতালের প্রসূতি বিভাগের রোগীর অভিভাবক ফাতেমা বেগম বলেন, ‘এখানে অনেক পরিচ্ছন্ন এবং খাবার নিয়েও তেমন অভিযোগ নেই আমাদের। কিন্তু রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে মনে হয় আমরা কোনো জঙ্গলের মধ্যে বাস করছি। তা ছাড়া আমাদেরও চলাচলে নানা সমস্যা হয়।’ হাসপাতালের বিদ্যুৎসংকট এবং রোগীদের ভোগান্তি নিয়ে গত বছরের নভেম্বরেও প্রথম আলোতে (৯ নভেম্বর, ২০০৯) একটি প্রতিবেদন ছাপা হয়। কিন্তু এরপরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। জেনারেল হাসপাতালে বিদ্যুৎ সমস্যা ছাড়াও রয়েছে পর্যাপ্ত লোকবল এবং আবাসনসংকট। ফলে সার্বিক চিকিৎসা কার্যক্রম নানাভাবে ব্যাহত হচ্ছে। জানা যায়, নগরের আন্দরকিল্লায় ১৯০১ সালে গড়ে ওঠে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। এখানে প্রসূতি, মেডিসিন, অর্থোপ্যাডিকস, শল্য চিকিৎসা, শিশু বিভাগসহ সাতটি অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ১৫০ শয্যার এ হাসপাতালে লোকবল রয়েছে ৮০ শয্যার। ফলে সীমিত লোকবল দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। এক বিভাগের চিকিৎসক গিয়ে অন্য বিভাগে চিকিৎসাসেবা দেন। অপরদিকে, হাসপাতাল এলাকায় চিকিৎসক, সেবক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো আবাসন প্রকল্প গড়ে তোলা হয়নি। তাঁদের দূরদূরান্ত থেকে হাসপাতালে আসতে হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, নগরের পরির পাহাড় এলাকায় আবাসিক ভবন গড়ে তোলার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে। এখানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন প্রায় ৭ একর জায়গা অবৈধ দখলে রয়েছে। জানা যায়, ২০০৯ সালের ৭ অক্টোবর সাংসদ চেমন আরা তৈয়ব জাতীয় সংসদে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে জেনারেল হাসপাতালে বিদ্যুৎ সমস্যার সমাধানের বিষয়টি তুলে ধরেন। ৮ অক্টোবর সংশ্লিষ্ট বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদকে জানানো হয়, জেনারেল হাসপাতালে দ্বৈত বিদ্যুৎসংযোগ (ডবল ফেজ) হবে। কিন্তু ওই সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় অর্থবরাদ্দ না পাওয়ায় এ কাজে হাত দিতে পারেনি বলে জানা যায়। অথচ এরপর প্রায় এক বছর গড়িয়ে গেলেও বিদ্যুৎ সমস্যার সমাধান হয়নি। এ ব্যাপারে পাথরঘাটা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘কিছু কারিগরি সুযোগ-সুবিধার অভাবে আমাদের এ কাজে দেরি হচ্ছে। আশা করছি, খুব কম সময়ে আমরা এর একটা সমাধান খুঁজে পাব।’ জানা যায়, বিদ্যুৎ সমস্যার কারণে যেকোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে রাতের বেলায় হাসপাতালে চিকিৎসকেরাও থাকতে ভরসা পান না। এমনকি বিকেলের দিকে প্রসূতি অস্ত্রোপচারের (সিজার অপারেশন) রোগী ভর্তি করানো হয় না বলেও অভিযোগ রয়েছে। তবে জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের পরামর্শক (কনসালটেন্ট) আসিফা আলী সরাসরি এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘রাতের বেলা বিদ্যুৎ না থাকায় অস্ত্রোপচারে সমস্যা হয়—এ কথা ঠিক। তবে আমরা বিকেলেও রোগী ভর্তি করি এবং নিয়মিতই অস্ত্রোপচার করা হয় এখানে।’জেনারেল হাসপাতালের বিদ্যুৎ ও আবাসন সমস্যা এবং লোকবলসংকট বিষয়ে সিভিল সার্জন মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘আমরা এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুফল পাইনি। ক্রমবর্ধমান লোডশেডিংয়ের কারণে সব সময়ে জেনারেটর চালিয়ে চিকিৎসা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ে। তাই আপাতত পিডিবির পক্ষ থেকে ডবল ফেজের ব্যবস্থা করা হলে বিদ্যুৎ সমস্যা অনেকাংশ সমাধান হবে বলে আশা করছি।’ তিনি আরও জানান, ‘জেনারেল হাসপাতালে ১৫০ শয্যার অনুপাতে লোকবল নিয়োগ দেওয়া হলে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসংকট কেটে যাবে। অথচ এখানে কাজ চলছে মাত্র ৮০ শয্যার লোকবল দিয়ে। আমি মনে করি, এ হাসপাতালে ২৫০ শয্যার চিকিৎসাসেবা দেওয়ার মতো অবকাঠামো রয়েছে। এ ব্যাপারেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া নগরের পরির পাহাড় এলাকায় হাসপাতালের চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্প গড়ে তোলার মতো পর্যাপ্ত সরকারি জায়গা রয়েছে। এটিও বিবেচনায় আনা যায়।’