নানা সংকটে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি স্টেশনে প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম নেই। পৌর সদরের স্টেশনটি দ্বিতীয় শ্রেণীভুক্ত ও কুমিরারটি প্রথম শ্রেণী। এ দুই স্টেশনের ৬২ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও এখন আছে ৫১ জন। আরও প্রয়োজন ১১ জন কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া দুটি স্টেশনেরই অ্যাম্বুলেন্স, রেকারডাউন ও উদ্ধারযান নেই। বিভিন্ন যন্ত্রপাতি-সংকটের কারণে যে কোনো দুর্ঘটনায় দমকল বাহিনীর কর্মীরা সর্বোচ্চ সেবা দিতে পারছেন না। এদিকে উপজেলার বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে শিল্পপ্রতিষ্ঠান। নতুন স্টেশন স্থাপনও জরুরি হয়ে পড়েছে। সরকার উদ্যোগও নিয়েছে। কিন্তু নানা জটিলতায় ভূমি অধিগ্রহণ হচ্ছে না বলে প্রকল্পটিও আটকে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা। এতে প্রতিবছরই শত শত লোক আহত হয় ও প্রাণহানি ঘটে। হাইওয়ে পুলিশের সূত্র মতে, মার্চ মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন কল-কারখানা, জাহাজভাঙা কারখানাসহ ঝুঁকিপূর্ণ কারখানাগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ড কিংবা অন্যান্য দুর্ঘটনা ঘটে। এতেও শ্রমিক-কর্মচারীরা হতাহত হন। বাসাবাড়িতেও প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনাস্থলে দমকলকর্মীদের সঙ্গে সঙ্গে উপস্থিত হতে হয়। এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহবুবুল আলম বলেন, সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে দমকল-কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এলেও তাদের অ্যাম্বুলেন্স না থাকায় অনেককে বাঁচানো যায় না। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসীম উদ্দীন জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটের কথা স্বীকার করে জানান, দুর্ঘটনাকবলিতদের হাসপাতালে নেওয়ার জন্য উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন দুটির জন্য কমপক্ষে দুটি অ্যাম্বুলেন্স, উদ্ধার কাজের জন্য দুটি রেকারডাউন ও দুটি উদ্ধারযান দরকার। এ ছাড়া দুজন গাড়িচালক, সাতজন ফায়ারম্যানসহ ১১ জন লোক নিয়োগ দেওয়া দরকার। অপর দিকে ৩৩ শতক জায়গা নিয়ে ভাটিয়ারীতে অপর একটি দ্বিতীয় শ্রেণীর ফায়ার স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। ইতিমধ্যে স্টেশনটি নির্মাণের জন্য একটি প্রকল্প (৭৮ নম্বর) অনুমোদন করা হয়।জসীম উদ্দীন বলেন, ‘প্রকল্প পাস হয়ে অর্থ ছাড় হয়েছে। কিন্তু সুবিধামতো ভূমি পাচ্ছি না বলে কাজ শুরু করতে পারছি না। এখন তিনটি সম্ভাব্য স্থান নির্ধারণ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই কাজ শুরু করতে পারব।’