নানা সমস্যায় এইডস রোগীরা

‘কিছুদিন আগে একটা বাসায় সাবলেটে ভাড়া ছিলাম। ওরা আমার এই রোগ জাইন্যাও ভাড়া দিছিল। কিন্তু কয়েক দিন যাইতে না যাইতেই দেখলাম, ওরা কেমন বদলাইয়া গেছে। আমি রান্নাঘরে গেলে, ওরা বাইর হইয়্যা যায়। আত্মীয়রা আসলে বলত, ওর সঙ্গে মিশবা না। ওর খারাপ রোগ আছে। তারপর দুই মাস যাইতে না যাইতেই ঘর ছাইড়া দিতে বলছে। তারপর যে বাসা ভাড়া নিছি, সেখানে আমার রোগের কথা গোপন রাখছি।’
নিজের অনুভূতির কথা এভাবেই ব্যক্ত করলেন আসমা আক্তার (ছদ্মনাম)। বয়স ৪৪ বছর। ২০০৯ সালে তাঁর এইডস রোগ হয়েছে বলে জানা যায়। এর আগে তাঁর স্বামীর এ রোগ শনাক্ত হয়। চার বছর আগে স্বামী মারা যান। তবু তিনি ভেঙে পড়েননি। তাঁর একটি সন্তান আছে। আসমা চাকরি করছেন ‘আশার আলো সোসাইটিতে’। বেসরকারি এই সংস্থাটি এইডস রোগীদের চিকিৎসা দিয়ে থাকে।
আপনার স্বামীর এ রোগ কীভাবে হয়েছিল, জিজ্ঞেস করতেই চোখ নামিয়ে নেন আসমা। তারপর বলেন, ‘হে সৌদি আরব আছিল। কেমনে হইছে, এইট্যা তো আমি জানি না। যখন আমার স্বামীর ধরা পড়ছে, তখন আমারেও এই রোগের পরীক্ষা করতে দিছে। যখন ধরা পড়ছে, খুব ভাইঙ্গা পড়ছিলাম। মনে হইছিল বাঁচুম না।
‘তারপর আশার আলোতে আসছি। ওরা আমারে নতুন জীবন দিছে। এখন একটা চাকরি করি। ইচ্ছা আছে ছেলেটারে মানুষের মতো মানুষ করুম। জানি না, মনের ইচ্ছাটা পূরণ হইব কিনা।’
আপনার এই রোগের কথা কি আপনার পরিবারের লোকজন জানে?
‘আমার শ্বশুরবাড়ির লোক, বাবা-মা, দুই মেয়ে জানে। তয় বড় মেয়ের জামাইরে জানাই নাই। জানলে আমার মেয়ের সংসার ভাইঙ্গা যাইতে পারে।’
অন্যের ব্যবহার করা সুই ও সিরিঞ্জ ব্যবহার করে রক্ত নেওয়া হয়েছিল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিলকিস বেগমের (৩৫)। এরপর শরীর খারাপ হতে থাকে তাঁর। রক্ত পরীক্ষা করে জানা গেল এইডসে ভুগছেন বিলকিস। অন্যের ব্যবহার করা সুই ও সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে তাঁর এই ভয়াবহ ব্যাধি হয়েছে, তা কিছুতেই বিশ্বাস করেননি স্বামী। তারপর যা হওয়ার তা-ই হলো। দুই সন্তানসহ স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হতে হয় তাঁকে। এখন বাবার বাড়িতে থেকে মৃত্যুর প্রহর গুনছেন। বিলকিস বলেন, ‘আমি জানি, আমার আর বাঁচনের আশা নাই।’
আসমা ও বিলকিসের মতো আমাদের দেশে এইডসে আক্রান্ত অনেক রোগী এ রকম সামাজিক সমস্যাসহ নানা ধরনের সমস্যায় পড়ছে।

২০১২ সালের ১ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত দেশে এইডস রোগীর সংখ্যা ৯৫ জন বেড়েছে। এ সময় নতুনভাবে এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে ৩৭০ জন এবং মারা গেছে ৮২ জন। স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন গত ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এইচআইভি/এইডস-সংক্রান্ত নতুন এ তথ্য প্রকাশ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে এ পর্যন্ত শনাক্ত হওয়া এইচআইভি সংক্রমিত ব্যক্তি তিন হাজার ২৪১ জন। শনাক্ত হওয়া এইডসে আক্রান্ত ব্যক্তি এক হাজার ২৯৯ জন। আর দেশে এ পর্যন্ত এইডসে মারা গেছে ৪৭২ জন ।
প্রতিবছর দেশে এইডস এবং এইচআইভি পজিটিভের সংখ্যা বাড়লেও সরকারিভাবে আক্রান্ত ব্যক্তিদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। বেসরকারি কিছু সংস্থার মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হলেও প্রয়োজনীয় অর্থ আর আমলাতান্ত্রিক জটিলতায় তা-ও দীর্ঘস্থায়ী হচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। এ অবস্থায় এইডস প্রতিকার ও প্রতিরোধ কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরাস বিশেষজ্ঞ নজরুল ইসলাম জানান, এনজিওগুলো এইডস রোগীদের যে চিকিৎসা দিচ্ছে, তা মোটামুটি ভালোই। তবে সমস্যা হলো, এনজিওগুলো এক-দুই বছরের কর্মসূচি নেয়। তারপর এটা শেষ হয়ে যায়। সরকারি পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা হলে তা দীর্ঘস্থায়ী হতো । তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি, আগামী জানুয়ারি থেকে দেশের পাঁচটি সরকারি হাসপাতালে এইডস রোগীদের জন্য চিকিৎসাব্যবস্থা চালু হবে। এটা হলে খুব ভালো হবে।’
সরকারের জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির দেওয়া তথ্যে দেখা যায়, দেশের ৪৫২ জন এইডস রোগীকে নিয়মিত এআরভি (অ্যান্টিরেট্রোভাইরাল) ওষুধ দেয় আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ ও কনফিডেনশিয়াল অ্যাপ্রোচ টু এইডস প্রিভেনশন (ক্যাপ) নামের তিনটি এনজিও।
আশার আলো সোসাইটির প্রধান ও এইচআইভি সংক্রমিত ব্যক্তিদের নেটওয়ার্ক পিএলএইচআইভির সভাপতি হাবিবা আক্তার বলেন, ‘দাতা সংস্থাগুলোর ওপর নির্ভর করে আমাদের কাজ করতে হচ্ছে। দাতা সংস্থাগুলো তহবিল দেওয়া বন্ধ করে দিলে আমাদেরও কাজ বন্ধ করে দিতে হয়। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাই যাতে এইডস রোগীদের চিকিৎসা দেওয়া অব্যাহত থাকে।’
হাবিবা আরও বলেন, ‘ জানুয়ারি মাস থেকে দেশের পাঁচটি সরকারি হাসপাতালে এইডস রোগীদের জন্য চিকিৎসাব্যবস্থা চালু করার কথা থাকলেও আমি জানি এটা সম্ভব নয়। কারণ হাসপাতালগুলোর এ ব্যাপারে কোনো প্রস্তুতিই নেই। তিনি বলেন, এইচআইভিতে আক্রান্ত ব্যক্তি দুর্বল হয়ে পড়লে বা অন্য রোগে আক্রান্ত হলে সিডি ফোর পরীক্ষার প্রয়োজন হয়। যতদূর জানি সিডি ফোর পরীক্ষার আটটি মেশিন কেনা হয়েছে। এসব মেশিন আটটি সরকারি মেডেকেল কলেজে স্থাপন করার কথা থাকলেও তা এখনো করা হয়নি। অন্যদিকে এসব মেশিন চালানোর মতো লোকবলও নেই।’
উল্লেখ্য, সিডি ফোর রক্তের শ্বেতকণিকার একটি উপাদান। প্রতি ঘন মিলিমিটার রক্তে সাধারণত ৯০০ থেকে ১২০০ সিডি ফোর থাকে। এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির রক্তে সিডি ফোর উপাদান কমতে থাকে এবং সেইসঙ্গে তার রোগ প্রতিরোধক্ষমতা কমতে থাকে। রক্তে সিডি ফোরের পরিমাণ ২০০-এর নিচে নেমে গেলে তাকে অ্যান্টিরেট্রোভাইরাল দিতে হয়।
এ ছাড়া এইডস রোগীরা প্রতিনিয়ত সামাজিক নানা সমস্যার মুখে পড়ে। কোনো পরিবারে এইডস রোগী আছে জানতে পারলে সেই পরিবারের সঙ্গে অন্যরা মেলামেশা বন্ধ করে দেয়। সেই পরিবারের সঙ্গে কেউ আত্মীয়তা করতে চায় না। অন্য কোনো রোগের জন্য বা অস্ত্রোপচারের জন্য হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতাল থেকে তাদের প্রত্যাখ্যান করা হয়েছে, এমন অভিযোগও পাওয়া গেছে।