নানা সীমাবদ্ধতায় অসহায় কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো বন্দরের জাহাজ চলাচলের চ্যানেল কিংবা আওতাধীন বহির্নোঙর এলাকায় দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। বিশ্বের অন্যান্য বন্দরে এ ধরনের দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নজির আছে। কিন্তু চট্টগ্রাম বন্দরে তেমনটা দেখা যায় না। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল থাকা সত্ত্বেও তাৎক্ষণিক সিদ্ধান্তের অভাবে দুর্ঘটনাকবলিত জাহাজ উদ্ধার করা সম্ভব হয় না। বন্দরের যন্ত্রপাতি ও লোকবলের সীমাবদ্ধতা থাকলেও বেসরকারি খাতের সহায়তা নিয়ে এ কাজ দ্রুত শুরু করে বিশ্বের অনেক বন্দর। শিপিং ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দরে টাগবোট, প্রশিক্ষিত জনবল আছে ঠিকই, কিন্তু তাঁদের দ্রুত কাজে লাগানোর সিদ্ধান্ত দিতে দেরি হয়। উদ্ধার তৎপরতা বন্দর কর্তৃপক্ষ শুরু করবে নাকি ওই জাহাজের স্থানীয় এজেন্ট করবে—এটা নিয়ে আলোচনা আর চিঠি চালাচালিতে পার হয় দিনের পর দিন। এর মধ্যেই ডুবে যায় দুর্ঘটনাকবলিত জাহাজ। পরে ওই জাহাজের জ্বালানি তেলের কারণে সমুদ্রদূষণ ঘটে। চ্যানেল কিংবা বহির্নোঙরে পলি জমতে শুরু করে ওই ডুবন্ত জাহাজের কারণে। বালুতে ঢাকা পড়ে বলে ওই জাহাজ উত্তোলনের ব্যয় বেড়ে যায় বহুগুণ। চট্টগ্রাম বন্দরের চ্যানেল, নদীমুখ (রিভার মাউথ) এবং বহির্নোঙরে দুর্ঘটনাকবলিত হয়ে ডুবে যাওয়া ছোট-বড় অন্তত ২৭টি জাহাজের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় গত শুক্রবার সকালের মধ্যে সম্পূর্ণ ডুবে গেছে পাকিস্তান থেকে আমদানি করা প্রায় সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চালবাহী জাহাজ এমভি হ্যাং রো বং নামের উত্তর কোরিয়ার পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটি বহির্নোঙরের ব্রেভো অ্যাংকরেজে অন্য একটি জাহাজকে ধাক্কা দেয় গত বুধবার রাত সাড়ে ১১টায়। এরপর হ্যাং রো বংয়ের ইঞ্জিনকক্ষ এবং সংলগ্ন একটি পণ্য রাখার খোলে (হ্যাচ) পানি উঠতে শুরু করে। ফলে জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, পাশের আরেকটি খোলেও পানি ঢুকে পড়ে। ওই জাহাজের মোট পাঁচটি খোলে চাল ছিল। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম ও বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট সরেজমিনে জাহাজটি পরিদর্শন করে দেখতে পান, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচ খোলের মধ্যে তিনটির চালে পানি লাগেনি। জোয়ার-ভাটার টালমাটাল অবস্থায় পড়ে অন্য তিনটি খোলেও পানি ঢুকে পড়ে। একসময় জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়।জাহাজ পরিচালনা ও উদ্ধারকাজে অভিজ্ঞ নাবিকেরা মনে করেন, বৃহস্পতিবার সকালের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দুপুরে কাজ শুরু করলে বিকেলের মধ্যে জাহাজটিকে চালসহ উদ্ধার করা হয়তো সম্ভব হতো। এ ক্ষেত্রে জাহাজটিকে পতেঙ্গা অথবা অদূরের পারকি সৈকত এলাকায় নিয়ে গেলে সাগরে তেলদূষণও বন্ধ করা যেত। তিন বছর আগে বহির্নোঙরের সি অ্যাংকরেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিখণ্ডিত হয়ে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের তেলবাহী জাহাজ এমটি বাংলার সৌরভকে এভাবে উদ্ধার করে পারকি উপকূলের কাছে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে মার্চেন্ট মেরিনার ক্যাপ্টেন আনাম চৌধুরীর। তিনি প্রথম আলোকে বলেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়া গেলে এক ঘণ্টার পথ চালিয়ে হ্যাং রো বংকে আশপাশের উপকূলে নেওয়া সম্ভব ছিল।জাহাজ উদ্ধারকাজে অভিজ্ঞ প্রতিষ্ঠান প্রান্তিক মেরিন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরোয়ারও মনে করেন, দ্রুত সিদ্ধান্তে হ্যাং রো বংকে ভালো অবস্থায় উদ্ধার করা কঠিন ছিল না। তাঁর প্রতিষ্ঠানের ২০০১ সালে চট্টগ্রাম বন্দর জেটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ডুবে যাওয়া নারকেলের শাঁসবাহী (কোপরা) জাহাজ সাউদার্ন কুইনকে সফলভাবে উত্তোলন করেছে। গত জানুয়ারি মাসে ভারতীয় জলসীমায় ইঞ্জিন নষ্ট হয়ে বিকল হওয়া জাহাজ এমভি সুইফট ক্রাউনকে নিজস্ব টাগবোট ‘বর্ষণ’ দিয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত নিয়ে আসে তাঁর প্রতিষ্ঠান।তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম এ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমভি হ্যাং রো বং দুটি নোঙরের সম্পূর্ণ শিকল সাগরে ফেলে দিয়ে যে অবস্থায় ডুবে যাচ্ছিল, সেই অবস্থায় এটিকে সরিয়ে নেওয়া সম্ভব ছিল না। এ ছাড়া জাহাজের ইঞ্জিনের দিকের অংশ মাটিতে লেগে গিয়েছিল। বন্দরের উপসংরক্ষক ও হারবার মাস্টার দুর্ঘটনার পরপর সরেজমিন ঘুরে এসে আমাকে এ তথ্য দিয়েছেন।’বন্দর চেয়ারম্যান বলেন, ‘দুর্ঘটনাকবলিত জাহাজটি বন্দরের জাহাজ চলাচল চ্যানেলের বাইরে ছিল। এ জন্য এটা উদ্ধারের দায়দায়িত্ব ছিল জাহাজের স্থানীয় এজেন্টের। তারা অপারগতা জানানোর আগে ওই জাহাজে হাত দিলে আমাদের আইনগত অসুবিধায় পড়তে হতো।’ কিন্তু শিপিং ব্যবসায়ীরা বলছেন, এসব অজুহাত দেখিয়ে বন্দর কর্তৃপক্ষ দায় এড়ানোর চেষ্টা করছে। চ্যানেল কিংবা বহির্নোঙরে বন্দর কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় যেকোনো ধরনের তৎপরতা চালাতে পারেন। এটা অনেকটা কোথাও আগুন লাগলে কারও নির্দেশের অপেক্ষা না করে ফায়ার সার্ভিস যেভাবে আগুন নেভানোর কাজে আত্মনিয়োগ করে অনেকটা সেই ধরনের ব্যাপার। কিন্তু বন্দর কর্তৃপক্ষের সেই ধরনের কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবলেরও অভাব আছে কিছু ক্ষেত্রে। এটা কর্তৃপক্ষের একধরনের অসহায়ত্ব। দুর্ঘটনাকবলিত জাহাজ উদ্ধারে দ্রুত তৎপরতা শুরুর জন্য আলাদা কোনো ইউনিট সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখার কোনো ব্যবস্থা না করা পর্যন্ত বন্দরের এ অসহায়ত্ব কাটবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।