নানা সীমাবদ্ধতায় গ্রামীণ স্বাস্থ্যসেবা
চট্টগ্রামের ১৪ উপজেলায় স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতাল, শয্যা ও চিকিৎসক-সংকটসহ নানা সীমাবদ্ধতা রয়েছে। রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের অভাব। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু এখনো শূন্যে আনা সম্ভব হয়নি। এ ছাড়া পরিবার পরিকল্পনায় আশানুরূপ সাফল্য আসেনি। তবে সার্বিক স্বাস্থ্যসেবার চিত্রে আগের চেয়ে উন্নতি ঘটেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি।এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘জেলার সার্বিক স্বাস্থ্যসেবার চিত্র ভালো। অনেক ক্ষেত্রে সূচক আগের চেয়ে বেড়েছে। স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে সরকারের নির্দেশে আরও ৯৮টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের চেষ্টা চলছে। মাতৃমৃত্যুর হার কমানো ও শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। জানা গেছে, চট্টগ্রামে ১৪টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ৭৩টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, চারটি মাতৃমঙ্গলকেন্দ্র ও ১২৮টি পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে। এ ছাড়া কমিউনিটি ক্লিনিক রয়েছে আরও ২৮৩টি। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা এসব স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। কিন্তু এসব স্বাস্থ্যকেন্দ্র পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ প্রসঙ্গে পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম বলেন, ‘গ্রামের মানুষ শহরের মানুষের মতো স্বাস্থ্যসেবা পায় না। তাদের অনেক দূরের পথ পাড়ি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেগুলো পর্যাপ্ত নয় এবং এগুলো ২৪ ঘণ্টা সেবা দিতে পারে না। তাই গ্রামে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা জরুরি।’প্রসূতিসেবা: জরুরি প্রসূতিসেবার ক্ষেত্রে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স তিন বছর ধরে চট্টগ্রাম উপজেলার মধ্যে শীর্ষস্থান দখল করে আসছে। ২০১০ সালে এ উপজেলায় দুই হাজার ১৫৯ জন প্রসূতিকে জরুরি সেবা প্রদান করা হয়। তার মধ্যে ২২৫ জন প্রসূতি অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদান করেন। তবে এ উপজেলায় সর্বোচ্চ ৫০ জন প্রসূতি মৃত বাচ্চা প্রসব করেছেন বলে জানা গেছে। ১৪ উপজেলায় মৃত বাচ্চা প্রসব হয়েছে মোট ২৬৮টি। বিপরীতে জীবিত বাচ্চা প্রসব হয় ১৫ হাজার ৭৫৩টি।তবে সার্বিক প্রসূতিসেবার চিত্রে দেখা যায়, গত বছর ১৪ উপজেলায় শিশু জন্মদানের সময় তিনজন প্রসূতি মারা গেছেন। এর মধ্যে বাঁশখালীতে একজন ও মিরসরাইয়ে দুজন মারা যান। এ ছাড়া পাঁচ নবজাতকও মারা যায়। তার মধ্যে সীতাকুণ্ডের তিনজন। অন্য এক হিসাবে দেখা যায়, উপজেলা হাসপাতালগুলোতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে গত এক বছরে ৩৯ হাজার ৫৮৭ জন রোগী ভর্তি হয়েছিল। তার মধ্যে ৩২৮ জন মারা যায়। এদের মধ্যে বৃদ্ধও আছেন। একই সময় প্রায় ১৮ লাখ ১৪ হাজার রোগী এসব স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা গ্রহণ করে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। শিশুস্বাস্থ্য: চট্টগ্রামের ১৪ উপজেলায় শিশুদের স্বাস্থ্যসেবার মান আগের মতোই রয়েছে। তবে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, আগে এর চেয়েও খারাপ ছিল। ২০১০ সালে শিশুদের স্বাস্থ্যসেবার চিত্রে দেখা যায়, ১৪ উপজেলায় মোট ৮৭ হাজার ২৮৬ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তার মধ্যে ৮৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা জানান, আগের বছরের তুলনায় এ মৃত্যুহার কম। তাঁরা বলেন, সঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে না আনা ও নির্দেশাবলি না মানায় এসব শিশু মারা যায়। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা: তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে কমিউনিটি ক্লিনিক করা হয়েছিল। কিন্তু বেশির ভাগই ঢাল-তলোয়ারবিহীন বলে অভিযোগ ওঠে। এসব ক্লিনিকে শুধু বহির্বিভাগে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ১৪ উপজেলার চালু থাকা ২৮৩টি কমিউনিটি ক্লিনিকে গত এক বছরে এক লাখ আট হাজার ৭৫৭ জন পুরুষ, এক লাখ ৬২ হাজার নারীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয় বলে জানা গেছে। অভিযোগের শেষ নেই: গ্রামের লোকজনের প্রধান অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকেরা সময়মতো থাকেন না। এ ছাড়া অননুমোদিত অনুপস্থিত থাকার প্রবণতা চিকিৎসকদের মধ্যে লক্ষ করা যায়। অনেক চিকিৎসক আছেন যাঁরা সপ্তাহে এক কিংবা দুই দিন কর্মস্থলে উপস্থিত থাকেন। এ ছাড়া সরকারি ওষুধও ঠিকমতো পাওয়া যায় না বলে রোগীদের অভিযোগ। যেমন, মধ্য এপ্রিলে রাঙ্গুনিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়নি বলে একাধিক রোগী প্রথম আলোর প্রতিবেদকের কাছে অভিযোগ করেন। আবার ওই স্বাস্থ্যকেন্দ্রে সিভিল সার্জন পরিদর্শন করে ১৩ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পান বলে জানা গেছে। একইভাবে উপজেলার আরও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অননুমোদিত অনুপস্থিতির ঘটনা উদ্ঘাটন করেছে সিভিল সার্জন কার্যালয়। চিকিৎসকদের অবহেলার কথা সিভিল সার্জন আবু তৈয়ব স্বীকার করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আন্তরিকভাবে চাচ্ছেন গ্রামে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে। তাই আমরা এখন নানা কেন্দ্রে পরিদর্শন বাড়িয়ে দিয়েছি। এতে কিছু কিছু চিকিৎসকের অনুপস্থিত থাকার প্রমাণ পেয়েছি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করেছি।’ তিনি জানান, অননুমোদিত অনুপস্থিতির কারণে ১৬ জন বরখাস্ত, সাতজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও বেতন-ভাতা কর্তন করা হয়েছে দুইজনের। এ ছাড়া স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন ১৩ জন চিকিৎসক।