বয়স তার সাত কি আট বছর। হাড়-জিরজিরে শরীর নিয়ে শিশুটি দাঁড়িয়ে ছিল মায়ের পাশে। কাছে গিয়ে নাম জানতে চাইলে ঝটপট উত্তর, মনজিত তাঁতি। পড়ালেখা করো? মাথা নাড়ল দুই দিকে। অর্থাৎ, না। সকালে কী খেয়েছ? জানাল, একটা রুটি আর চা। মনজিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হোসেনাবাদ চা-বাগানের অনেক শিশুর একটি। মনজিতের মতো চা-বাগানের অনেক শিশু শুধু একটি রুটি আর চা দিয়ে সকালের নাশতা সারে।বাংলাদেশ যে কটি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তার মধ্যে একটি হচ্ছে চা-পাতা। বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে ১৬৩টি চা-বাগান রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মৌলভীবাজার জেলায়। এখানে মোট ৯১টি চা-বাগান রয়েছে। এর মধ্যে ৪৭টি রয়েছে শ্রীমঙ্গল উপজেলায়। এ ছাড়া হবিগঞ্জ, সিলেট, পঞ্চগড় ও চট্টগ্রামে চা-বাগান রয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১৭টি চা-বাগান রয়েছে। এখানকার উৎপাদিত চা দেশের এক-দশমাংশ চাহিদা পূরণ করে।চা-শিল্পের উন্নয়নের পেছনে যাঁদের ভূমিকা সবচেয়ে বেশি, সেই চা-শ্রমিকেরা শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশের চা-বাগানের শ্রমিকেরা, বিশেষ করে বাগানের নারী ও শিশুরা সুবিধাবঞ্চিত একটি গোষ্ঠী।২০০৯ সালে জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফের সহায়তায় হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার দেশের চা-বাগানগুলোর ওপর এক গবেষণা চালায়। এতে দেখা গেছে, চা-বাগানের ৭৪ শতাংশ পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর মধ্যে ৫০ শতাংশ চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। জাতীয় পর্যায়ে এই হার ১৯ দশমিক ৫ শতাংশ।গবেষণায় দেখা গেছে, চা-বাগানগুলোতে বেশির ভাগ শিশুই অপুষ্টিতে ভুগছে। এখানে শিশুমৃত্যুর হার জাতীয় পর্যায়ে শিশুমৃত্যুর হারের চেয়ে দ্বিগুণ। এ ছাড়া চা-বাগানে বাল্যবিবাহের হার ৫৯ দশমিক ৮ শতাংশ। ১৫ বছরের মধ্যে বেশির ভাগ মেয়ের বিয়ে হয়ে যায়। চা-বাগানে শিশুদের শিক্ষার অবস্থাও ভালো নয়। তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মাত্র ৫ শতাংশ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে যায়। ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের ১০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে যায়। বাগানে উচ্চমাধ্যমিক বিদ্যালয় না থাকায় তাদের বেশির ভাগই প্রাথমিক শিক্ষার পর ঝরে পড়ে।১৩ থেকে ১৫ মার্চ শ্রীমঙ্গলের জেরিন, জাগছড়া, খাইছড়া, ভাড়াউড়া, বিলাসছড়া, হোসেনাবাদ, কালীঘাটসহ কয়েকটি চা-বাগান ঘুরে দেখা গেছে, এসব চা-বাগানে রয়েছে বিশুদ্ধ পানির তীব্র অভাব। ছড়ার পানিই তাদের একমাত্র ভরসা। এই ছড়ার পানিতেই তারা গোসল করে, কাপড় ধোয়, আবার সেই পানিই পান করে। চাপকল থাকলেও দেখা যায়, তা থেকে পানি আসে না। বিশুদ্ধ পানির অভাবে ও স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এখানে বহু শিশু পেটের পীড়াসহ নানা রোগে ভুগছে। এ ছাড়া রক্তস্বল্পতা, সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও বক্ষব্যাধি তাদের নিত্যসঙ্গী।শ্রম আইন ২০০৬ অনুযায়ী, প্রতিটি চা-বাগানে একটি চিকিৎসাকেন্দ্র থাকার বিধান থাকলেও অনেক চা-বাগানে ন্যূনতম স্বাস্থ্যসেবা নেই। শ্রীমঙ্গলের কয়েকটি চা-বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব বাগানে ডিসপেনসারি রয়েছে, সেখানে প্যারাসিটামল, ভিটামিন বি কমপ্লেক্স, ওরস্যালাইনসহ দু-একটি ওষুধ ছাড়া জীবন রক্ষাকারী কোনো ওষুধই মেলে না। বেশির ভাগ বাগানেই ভালো চিকিৎসক, ওষুধ ও উন্নত চিকিৎসা নেই। কোনো অ্যাম্বুলেন্স বা সাধারণ গাড়ির ব্যবস্থা নেই। ফলে জরুরি পরিস্থিতিতে চিকিৎসার জন্য বাগানের বাইরের কোনো হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া সম্ভব হয় না।শ্রমিকেরা জানান, শ্রম আইন অনুযায়ী, ৯০ দিনের মধ্যে শ্রমিকদের চাকরি স্থায়ী করার কথা থাকলেও এমনও দেখা গেছে, পাঁচ-ছয় বছরেও চাকরি স্থায়ী হয়নি। অস্থায়ী শ্রমিকেরা রেশন, প্রভিডেন্ট ফান্ড, সবেতন ছুটি—কোনোটিই পান না। মালিকপক্ষ অনেক শ্রমিককে বছরের পর বছর অস্থায়ী রেখে যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে।চা-শ্রমিকদের মজুরি বাগানের গ্রেড অনুযায়ী নির্ধারিত হয়। ‘এ’ গ্রেডের চা-বাগানের একজন স্থায়ী শ্রমিকের দৈনিক মজুরি ৫৫ টাকা। ‘বি’ গ্রেডের শ্রমিকের মজুরি ৪৮ টাকা আর ‘সি’ গ্রেডের শ্রমিকের মজুরি ৪৬ টাকা। চায়ের উৎপাদন অনুযায়ী বাগানের গ্রেড নির্ধারণ করা হয়। এদিকে অস্থায়ী শ্রমিকেরা প্রতি কেজি চা-পাতা তোলার জন্য পান মাত্র দুই টাকা। একজন শ্রমিকের পক্ষে সারা দিন ২০-২৫ কেজির বেশি পাতা তোলা সম্ভব হয় না। ফলে দিনে ৪০-৫০ টাকার বেশি আয় হয় না। বর্তমান বাজারে এত স্বল্প টাকায় কীভাবে সংসার চালানো যায়, তা সহজেই অনুমেয়।শ্রমিকেরা জানান, তাঁরা বছরে দুটি বোনাস পান। একটি দুর্গাপূজায়, আরেকটি হোলি উৎসবের সময়। দুই উৎসবে তাঁরা ৬২০ টাকা করে মোট এক হাজার ২৪০ টাকা পান। এই সামান্য টাকায় তাঁরা না পারেন ছেলেমেয়েদের জন্য কাপড়চোপড় কিনতে, না পারেন ভালো কোনো খাবার কিনতে। শ্রমিকেরা কেবল একটিই সুবিধা পান। সেটি হচ্ছে শ্রমিকপিছু সপ্তাহে এক টাকা ২০ পয়সা কেজি দরে সাড়ে তিন কেজি চাল। অভাবের কারণে বড়দের পাশাপাশি শিশুরাও নানা শ্রমে জড়িয়ে পড়ে। বাগানে কাজ করলে শিশুরা রোজ পায় ৩০ টাকা। কোনো কোনো বাগানে অবশ্য ৫৫ টাকা দেওয়া হয়। চা-বাগান ছাড়াও বাগানের বাইরে মাটি কাটা, ইট ভাঙাসহ নানা কাজে জড়িত শিশুরা।