নানুপুর-সমিতিরহাট সড়কের হাজিরপুলটি ভাঙা, ঘটছে দুর্ঘটনা

উপজেলার উত্তর নিশ্চিন্তপুর গ্রামের পাশে তেলপারই খালের ওপরের হাজিরপুলটি এখন জনগণের নিত্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৬৫ সালে নির্মাণের পর এটির আর কোনো সংস্কার হয়নি। স্থানীয় সরকার বিভাগের তিন কিলোমিটার দীর্ঘ নানুপুর-সমিতিরহাট সড়কের এই সেতুটি মেয়াদোত্তীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ পেলে পুলটি নতুন করে নির্মাণ করা হবে।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ওই পুলটিতে গত এক মাসে যাত্রীবাহী ছোট-বড় পাঁচ থেকে ছয়টি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পুলটিতে দুমুখো গাড়ি চলাচল করা যায় না। একপাশ থেকে গাড়ি চললে অপর প্রান্তের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। পুলে কোনোটিতে রেলিং নেই। ঝুঁকি নিয়ে লোকজন পুলটি পার হয়। পুলের দক্ষিণ পাশে হেলে পড়েছে। গাড়ি উঠলে পুলটি দুলতে থাকে।
উপজেলার দক্ষিণাঞ্চলের সমিতিরহাট, ছাদেকনগর, নিশ্চিন্তাপুর, উত্তর নিশ্চিন্তাপুর, দক্ষিণ নিশ্চিন্তাপুর ও নানুপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার লোক এই সড়কটি দিয়ে উপজেলা সদরে আর চট্টগ্রাম শহরে যাতায়াত করে। দৈনিক অন্তত পাঁচ শতাধিক গাড়ি চলাচল করে এই সড়কে।
নিশ্চিন্তাপুর গ্রামের বাসিন্দা মুহাম্মদ নেজাম উদ্দিন বলেন, পুলটির দৈর্ঘ্য ৫০ ফুট আর প্রস্তে মাত্র ১০ ফুট। পুলটি ভাঙা ও সরু। এ জন্যই দুর্ঘটনা ঘটে। আর একমুখো চলাচলের কারণে সময় নষ্ট হয়।
লায়লা কবির কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র নুরুল আলম বলেন, পুলের ওপর একটি গর্ত আছে, রেলিং নেই। গত ২৬ নভেম্বর কলেজের এক শিক্ষার্থীও দুর্ঘটনার শিকার হয়েছেন।
সিএনজিচালিত অটোরিকশার চালক মো. নজরুল বলেন, ‘পুলের ওপর জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। এটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।’
উত্তর নিশ্চিন্তাপুর গ্রামের শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম বলেন, ‘১৯৬৫ সালে পুলটি নির্মিত হয়েছিল। ১০ বছর আগে মেয়াদ চলে গেছে।’
জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী ম বিল্লাল হোসেন বলেন, ‘পুলটি নতুন করে নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘এখানে নতুন করে পুল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।’