নানুর বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় শীতকালে নানুবাড়ি না গেলে ভালো লাগত না। আদিকালের সেই জমিদারদের মতো নানুর বিশাল বাগানবাড়ি। চারপাশে আম-কাঁঠালের গাছ। আতাফল, লিচু, পেয়ারা, আমড়া, জলপাই, বরই—এসবেরও কমতি নেই। নানুর ছিল দুই ছেলে, নয় মেয়ে। ৩০ জনের মতো নাতি-নাতনি। সবাই যখন একসঙ্গে জড়ো হয়, ছোটখাটো একটা মেলা বসে যেন বাড়িটাতে। নানু যত্ন করে নানারকম ফল-ফলাদির গাছ লাগিয়ে রাখতেন। মামারা কিনে রাখতেন ব্যাট-বল। খালারা কিনে রাখতেন গল্পের বই। সুন্দর সুন্দর ছড়ার বইও রাখতেন। দাঁতখানি চাল/মসুরির ডাল, চিনি পাতা দই/আধা সের খই—প্রায় দুই যুগ আগের এসব ছড়া এখনো নাতি-নাতনিদের মুখে মুখে। ছড়াগুলো কত যে ভালো লেগেছে আর কতবার যে পড়েছি, তার কোনো ইয়ত্তা নেই। মেলার মতো বাড়িটিতে যার যা ইচ্ছে, সে তা-ই করত। কেউ ব্যাট-বল নিয়ে খেলায় ব্যস্ত, কেউ আবার আড্ডা দিত দিনভর। সীমা খালার রান্নার হাত ছিল চমত্কার। নানারকম পিঠা-পুলি তিনি বানিয়ে খাওয়াতেন আমাদের। আজ এক আইটেম তো কাল অন্য আইটেম। কেউ একটু কম পেলে সে কী কান্নাকাটি। খড়-ভুসি দিয়ে নানু বিশাল এক আগুনের কুণ্ডলী বানিয়ে রাখতেন রাতে। সকালে সেই আগুন লাল টকটকে হয়ে থাকত। আগুনের চারপাশে বসে গড়গড়ি পিঠা পুড়িয়ে খেতে কী যে মজা! এখনো যেন মুখে লেগে আছে। নানুর নাতি-নাতনিরা এখন বড় হয়ে গেছে। নানুবাড়ির সেই ছোটবেলার মেলাময় আড্ডা কমই জমে। তবে এখনো শীত এলে নানুবাড়ি যেতে ভুল হয় না। রোকন রাইয়ান, মোহাম্মদপুর ঢাকা।