নান্দনিক নকশায় আর্কেশিয়া পুরস্কার
আর্কেশিয়া অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০১৭-তে একটি বিভাগে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশের স্থপতি রফিক আজম। আরও তিনটি বিভাগে বাংলাদেশি স্থপতিরা জিতেছেন তিনটি বিশেষ সম্মাননা। ২১ থেকে ২৫ মে ভারতের জয়পুরে অনুষ্ঠিত ১৯তম আর্কেশিয়া (আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়া) ফোরামে দেওয়া হয় এই পুরস্কার। স্থাপত্যশিল্পের মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিজয়ী বাংলাদেশের স্থাপনা নিয়ে লিখেছেন তৌশিকুর রহমান

দুই জগতের মেলবন্ধন
কংক্রিটের তৈরি লম্বাটে একটা স্থাপনা। মাথায় কংক্রিটেরই ছাদ আর ডানে-বাঁয়ে দেয়াল। শুধু সামনে আর পেছনের অংশটুকু অনাবৃত। এই অংশ খোলা রাখার পেছনে রয়েছে স্থপতির নিজস্ব ভাবনা, আধ্যাত্মিক দর্শন। সেই ভাবনায় যাওয়ার আগে বলে নিই, এই কংক্রিটের স্থাপনার এক পাশে আছে দুজন মানুষের কবর আর গাছপালা—একেবারে চুপচাপ, শান্ত আর নিরিবিলি। অন্য পাশে সাধারণ মানুষের নিত্যকার নৈমিত্তিক চলাফেরা, হৈ-হুল্লোড়। অবাক করার বিষয় হলো, আকৃতিতে ছোট হলেও এই স্থাপনাটিই এবার আর্কেশিয়া অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০১৭-এর অন্যতম বিজয়ী। ‘পাবলিক অ্যামেনিটি বিল্ডিংস-স্পেশালাইজড’ বিভাগে এই স্থাপনার জন্য স্বর্ণপদক পেলেন স্থপতি রফিক আজম।

স্থাপনাটি নির্মাণ করা হয়েছে নোয়াখালী জেলার বটখিল গ্রামে। এটি আসলে একটি পারিবারিক কবরস্থান। ঢাকার নিজের স্থাপত্য প্রতিষ্ঠান সাতত্যের কার্যালয়ে বসে স্থপতি রফিক আজম শোনান এই স্থাপনার কথা। ‘২০১২ সালের দিকে সালাহউদ্দিন আহমেদ আমাকে একবার জানান তাঁদের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। শান্ত সমাহিত পরিবেশ আনার জন্য সেখানে কোনো নকশা করা যায় কি না।’ বললেন রফিক আজম।
এরপর থেকেই রফিক আজম কবরস্থান, সমাধি, মানুষের জীবন-মৃত্যু নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন। তাঁর মাথায় আসে লালন সাঁইয়ের একটি তত্ত্বের কথা। শরীর এবং মন দুটি আলাদা হলেও যখন একসঙ্গে থাকে তখনই মানুষ বেঁচে থাকে। আর যখন মন আলাদা হয়ে যায় তখন শুধু নিথর দেহ পড়ে রয়, সেটাকেই মৃত্যু বলে। রফিক আজম বলেন, ‘এই চিন্তা থেকেই আমার মাথায় কাজ করে যে আসলেই তো জীবন এক পাশে প্রাণপ্রাচুর্যে ভরা আর অন্য পাশে নীরব, নিস্তব্ধ।’
এই দুই পৃথিবীর একদিকের গতি আর অন্যদিকের স্থিতিকে আলাদা করতে মাঝ বরাবর একটা রেখা টানলেন স্থপতি রফিক আজম। সেই রেখাকে বড় আকারে রূপ দিয়েই একটি জানালা কল্পনা করলেন। জানালার এক পাশে সালাহউদ্দিন আহমেদের মা-বাবার কবর আর অন্য পাশে প্রবহমান জীবন। স্থপতির ব্যাখ্যা, ‘জানালাটি যেমন একই সঙ্গে দুই পাশের জীবনকে সংযুক্ত করেছে, তেমনি বিভাজিতও করে রেখেছে। এটাই ছিল আমার মূল ভাবনা।’
ছোট্ট একটি স্থাপনার পেছনে এ রকম অসাধারণ ভাবনার মূল্যায়ন যথাযথই করেছেন আর্কেশিয়ার বিচারকমণ্ডলী এবং সম্মলেনে আসা স্থপতিরা। ‘এসএ পারিবারিক কবরস্থান’ নামের এই স্থাপনার জন্য রফিক আজম পেলেন এই পুরস্কার। মোট ১১টি বিভাগে ১১ বিজয়ী পান সোনার পদক। এ ছাড়া প্রতি বিভাগে ছিল বিশেষ সম্মাননা পুরস্কার। এ বছর এশিয়ার ২১টি দেশের ৬২৭টি স্থাপত্য প্রকল্প জমা পড়েছিল।

বাংলাদেশের আরও তিন পুরস্কার
হাতিরঝিল প্রকল্প
‘সামাজিক দায়বদ্ধ স্থাপত্য’ বিভাগে বিশেষ সম্মাননা পেয়েছেন স্থপতি ইকবাল হাবিব। এটি এসেছে রাজধানীর হাতিরঝিল ও বেগুনবাড়ী খালের সমন্বিত উন্নয়ন প্রকল্প—আরবান ওয়েসিসের জন্য। ইকবাল হাবিব বলেন, ‘মূলত চারটি প্রধান উপাদান মাথায় রেখে আমরা এই প্রকল্পটি উপস্থাপন করেছিলাম। এই প্রকল্পের কারণে পুরান ঢাকা এবং নতুন ঢাকার মধ্যে একটি মেলবন্ধন স্থাপন করা সম্ভব হয়েছে। আমাদের নিচু অঞ্চলগুলো যেভাবে নগরবন্যায় পর্যুদস্ত ছিল, তা রক্ষা পেয়েছে। ঢাকার পূর্ব-পশ্চিমের মধ্যকার সড়ক তৈরি সম্ভব হয়েছে। যোগাযোগের মাধ্যম হিসেবে নৌকা ব্যবহার শুরুর কারণে “মাল্টিমোডাল” ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।’

এই প্রকল্পের কারণে নগরবাসীর বেড়ানোর একটা ভালো সুযোগ হয়েছে। আর এই মডেলের অনুকরণে নারায়ণগঞ্জ, মাদারীপুরসহ অন্যান্য জেলায় জলাধার পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। এসব কারণে প্রকল্পটি বিশেষ সম্মাননা পেয়েছে বলে মনে করেন ইকবাল হাবিব।

অ্যাম্বার ডেনিম মসজিদ
স্থপতি লুতফুল্লাহিল মজিদ, মো. জুবায়ের হাসান, নবী নেওয়াজ খান, আবদুর রাকিব ও সৌরভ দত্তের করা অ্যাম্বার ডেনিম মসজিদ পুরস্কার পেয়েছে পাবলিক অ্যামেনিটি বিল্ডিং—প্রাতিষ্ঠানিক বিভাগে। এই স্থাপনার অবস্থান গাজীপুরে।
জুবায়ের বলছিলেন, ‘আমরা মূলত ওয়াটারস্কেপ ও ল্যান্ডস্কেপের সমন্বিত একটি রূপ দেওয়ার চেষ্টা করেছি। শিল্প এলাকায় নির্মাণ করা এই মসজিদে প্রাকৃতিকভাবে বায়ুপ্রবাহের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে পার্ফোরেটেড কংক্রিট ব্লক।’ বাইরের আলো-বাতাসের সঙ্গে স্থাপনার ভেতরেও আলো-বাতাসের খেলা চলবে—সেটাই ছিল এই তরুণ স্থপতিদের করা নকশার মূল বিষয়।

শাটল লুম শেড
প্রায় একই দলের হাত ধরে এসেছে আরেকটি বিশেষ সম্মাননা। শিল্প স্থাপনা বিভাগে আর্কেশিয়ার বিশেষ সম্মাননা পেয়েছেন তরুণ পাঁচ স্থপতি লুতফুল্লাহিল মজিদ, মো. জুবায়ের হাসান, নবী নেওয়াজ খান, আহমেদ ফয়সাল ও আবদুর রাকিব। ‘শাটল লুম শেড’ প্রকল্পের জন্য এসেছে এই পুরস্কার। স্থপতি জুবায়ের হাসান বলেন, ‘আমাদের চাওয়া ছিল এটি আর পাঁচটা সাধারণ শিল্পকারখানার মতো হবে না।

যার জন্য প্রকল্পটিতে আমরা ভিন্নমাত্রার কিছু ধারণা যোগ করি। সেগুলোর মধ্যে ছিল প্রকল্প চত্বর ঘিরে থাকবে জলাধার, যার ওপর দিয়ে বাতাস প্রবাহিত হয়ে চত্বরে প্রবেশ ঢুকবে। এতে কারখানার ভেতরের তাপমাত্রা কিছুটা কমবে। এই বাতাস প্রবাহের জন্য প্রচলিত ইটের দেয়ালের পরিবর্তে থাকবে বাঁশের তৈরি একধরনের বিশেষ দেয়াল, যা একই সঙ্গে সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত আলোর নিশ্চয়তা দেবে। কার্বন নিঃসরণ ও বিদ্যুৎ খরচও কমাবে।’ এই স্থাপনা গাজীপুরের অ্যাম্বার ডেনিম কারখানায় অবস্থিত।