

বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। এ সময়টায় হয়তো দোরগোড়ায় কড়া নাড়লেন অতিথি। আপ্যায়নে এক কাপ চায়ের জুড়ি মেলা ভার; সেই চায়ের পরিবেশনায় যদি আনা হয় বৈচিত্র্য, তবে কেমন হয়?
এই যেমন চা পরিবেশন করলেন স্বচ্ছ কাচের কাপে, সঙ্গে থাকা কাচের পিরিচটাতে ছড়িয়ে দিলেন সবুজ পাতা। না হলে ট্রের এক কোণে একটা গ্লাসে ভাসিয়ে দিলেন বেলি ফুল। বৃষ্টিভেজা দিনে গরম চায়ের সঙ্গে এমন আন্তরিক আমন্ত্রণে অতিথি নিশ্চয়ই মুগ্ধ হবেন।
ঘরে থাকা জিনিস দিয়েই সাধারণ খাবারের উপস্থাপনায় আনতে পারেন নতুনত্ব, এমনটাই জানালেন শারমীন ফেরদৌস হক। আত্মীয়–বন্ধুদের মাঝে তাঁর খাবার সাজানোর দক্ষতা বেশ প্রশংসা পায়।
অতিথি এলে কোমল পানীয়র গ্লাসের সঙ্গে ট্রেতে আরেকটি গ্লাসে কিছু শুকনো ফুল ছড়িয়ে দিন। সঙ্গে ছোট একটা বাটিতে পানি দিয়ে তাতে রাখতে পারেন একটি ফুলেল নকশার মোম। যদি মুচমুচে কোনো খাবার পরিবেশন করতে চান, তাহলে বাঁশের ট্রেতে টিস্যু রেখে তার ওপর ছড়িয়ে দিতে পারেন সেই খাবারগুলো।

সারা বছরই বিভিন্ন ধরনের মৌসুমি ফল পাওয়া যায় আমাদের দেশে। যেকোনো মৌসুমি ফল চৌকোনা করে কাটুন। এবার একটা লম্বা আকৃতির জুসের গ্লাসে সেগুলো ঢেলে গ্লাসটিকে উল্টে দিন। ফলের রঙের সঙ্গে মিলে যায়, এমন রঙের ফুলের নকশার ছোট একটা মোম বসিয়ে দিন গ্লাসের পেছনের স্ট্যান্ডে। খাবার যে শুধু ট্রেতেই পরিবেশন করতে হবে এমনটাই নয়। যেমন ফলের রস পরিবেশনের জন্য বেছে নিতে পারেন সাদা রঙের সিরামিকের প্লেট। গ্লাসের সঙ্গে আরেকটা ছোট গ্লাসে ওপরে এক ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে তাতে মসুর ডাল ঢেলে দিন। এখন একটা গাছের শুকনো ডালে কিছু গাজর, টমেটো আর শসা কেটে গেঁথে দিন। এবার এই ডালটা ঢুকিয়ে দিন মসুর ডালের গ্লাসে। ডালের পরিবর্তে চাল ভরে একইভাবে গাছের ডালে গেঁথে দিতে পারেন ফলের টুকরা। তবে শরবত যদি লেবুর হয়, সে ক্ষেত্রে পরিবেশনায় আনতে পারেন ভিন্নতা। যেমন গোল করে লেবুর কয়েকটি টুকরা করুন। এবার পানিভর্তি ছোট একটা বাটিতে কাটা লেবুগুলো ছড়িয়ে এর ওপর রাখতে পারেন গোলাপি জারবারা বা অন্য কোন ফুল। তবে যেভাবেই সাজান না, সেদিন বাইরের আবহাওয়াটা কেমন, সে বিষয়টির দিকে খেয়াল রাখার পরামর্শ দিলেন শারমীন ফেরদৌস। যেমন বাইরে আবহাওয়াটা যদি মেঘলা হয়, সেদিন ছোট একটা গ্লাসে পানি দিয়ে তাতে ছড়িয়ে দিতে পারেন ফুল। চাইলে জাম্বুরার খোলসটাকে বাটির মতো কেটে তাতে বাঁশের ঝুড়ি বসিয়ে পরিবেশন করতে পারেন যেকোনো খাবার। আকাশটা যদি রৌদ্রোজ্জ্বল হয়, তখন লম্বা গ্লাসে রাখতে পারেন কাশফুল। শীতকালে খাবারটা যা-ই হোক না কেন, সে সময় শুকনো ফুল আর মোম জ্বালিয়ে নিতে ভুলবেন না যেন।