নান্দনিক বইচিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইয়ের পাতায় চিহ্ন রাখবে মজার মজার বইচিহ্ন। ছবি: নকশা
বইয়ের পাতায় চিহ্ন রাখবে মজার মজার বইচিহ্ন। ছবি: নকশা

বইমেলা থেকে নতুন বই কিনে এনেছেন। নতুন বইয়ের সুঘ্রাণে মনটাই কেমন ফুর্তিতে ভরে ওঠে বইপ্রেমীদের। পড়তে পড়তে হঠাৎ কোথাও থেমে যেতে হলো। পাঠকদের কাছে প্রশ্ন, তাঁরা কীভাবে থেমে যাওয়া জায়গাটি মনে রাখেন? আগের আমলে দেখা যেত, তাঁরা কোনো বই পড়তে পড়তে বিরতি দেওয়ার সময় বইয়ের মধ্যে কোনো একটা চিহ্ন দিয়ে রাখতেন। সেটা বইয়ের পাতা ভাঁজ করে হোক আর অন্য কোনো কাগজ ওই পৃষ্ঠায় দিয়েই হোক। সেই কাগজটাও আবার কোনো সুন্দর আকৃতি দিয়েই কিন্তু ভাঁজ করা হতো। একে বলা হয় বুকমার্ক বা বইচিহ্ন। এই পদ্ধতি আসলে বহু বহু বছর আগে থেকেই চলে আসছে। তবে বইয়ের মধ্যে পাতা ভাঁজ করে চিহ্ন দিয়ে রাখাটা অন্যায়। এতে বইয়ের ওই পৃষ্ঠাটির ক্ষতি হয়। এটা বইপ্রেমীরা খুব ভালো বুঝতে পারেন। এ কারণেই বুকমার্কের প্রয়োজন।

বুকমার্কের ইতিহাস ঘাঁটলে জানা যায়, ষোড়শ শতাব্দীর দিকে এর প্রয়োজন বোধ করা হয়। বইপ্রেমীদের এমন একটা কিছুর দরকার ছিল, যেটা বইয়ের কোনো ক্ষতি না করে একটা চিহ্ন রাখতে পারবে। বই পড়তে পড়তে বিরতি দিলে সেখানে একটা চিহ্ন রাখলে আবার যেন ঠিক সেখান থেকে শুরু করা যায়। নইলে বইয়ের ওই পাতা খুঁজতে খুঁজতে হয়রান হতে হয়। ধারণা করা হয়, ষোড়শ শতাব্দীর শেষের দিকে বুকমার্ক ব্যবহারের প্রচলন শুরু হয়। রানি প্রথম এলিজাবেথ প্রথম দিককার ব্যবহারকারীদের একজন ছিলেন।

আমাদের দেশেও বুকমার্কের ব্যবহার নতুন নয়। কিছু কিছু বই আর ডায়েরিতে ফিতা দেওয়াই থাকে, যা বুকমার্ক হিসেবে কাজ করে। তবে অনেক পাঠকই ব্যবহার করে থাকেন একটু ভিন্ন ধরনের বুকমার্ক। ঢাকার ইশকুল স্টেশনারিজের স্বত্বাধিকারী উজমা কাউসার জানালেন, কাগজে বিভিন্ন নকশা করা বুকমার্ক এখন জনপ্রিয়। নকশা হতে পারে প্রিয় বইয়ের প্রিয় চরিত্রের ছবি বা অবয়ব দিয়ে, হতে পারে বিভিন্ন উক্তি দিয়ে। সব স্টেশনারি দোকানে এগুলো না পাওয়া গেলেও কিছু কিছু উপহারের দোকান বা বইয়ের দোকানে পাওয়া যাবে বুকমার্ক।

বাজারে বুকমার্ক আছে বিভিন্ন নকশা, আকৃতি আর দামের। বুকমার্কের দাম খুব বেশি হয় না। ১০ থেকে ৫০ টাকার মধ্যে বুকমার্ক পাওয়া যায়। ইশকুল স্টেশনারিজের ফেসবুক পাতায় অর্ডার করতে পারেন তিনটি বুকমার্কের একটি সেট। দাম পড়বে ১৫০ টাকা। শার্লক হোমস আর তিন গোয়েন্দা সিরিজের নকশায় বুকমার্ক বেশ জনপ্রিয় বলে জানালেন উজমা। এ ছাড়া ৩০ টাকায় ম্যাগনেটিক বুকমার্ক পাবেন বইয়ের দোকান বুবুকে। চাইলে বুবুকের ফেসবুক পাতায় দেখেও নিতে পারেন আগে। চেইন শপ পিবিএসে ১০ টাকায় পাবেন নিজের রাশির বৈশিষ্ট্যের নকশার বুকমার্ক। বুকমার্ক কিন্তু উপহার হিসেবেও ভালো। যাঁরা পড়তে পছন্দ করেন, তাঁদের কাছে তো অবশ্যই।