নান্দনিক স্থাপত্যশিল্পের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারুকার্য-খচিত সব কাঠামো। কোথাও পাথুরে পাহাড়ের খাঁজ কেটে তৈরি করা হয়েছে মন্দির কিংবা মসজিদ। আবার কোথাও ইট, পাথর, সিমেন্ট কিংবা বাঁশ-কাঠের তৈরি শৈল্পিক ইমারত। প্রকৃতির সঙ্গে মানানসই চিত্রকলাও ঠাঁই পেয়েছে। এ যেন প্রাচীন যুগ থেকে হাল আমলের নান্দনিক স্থাপত্যশিল্পের মেলা। এশিয়ার ১৭টি দেশের এমনই সব স্থাপত্য নিদর্শনের আলোকচিত্র নিয়ে ‘এশীয় স্থাপত্য ঐতিহ্য’ প্রদর্শনীর আয়োজন করা হয় জেলা শিল্পকলা একাডেমী ভবনে। চার দিনব্যাপী এই আয়োজন শেষ হয় গত বৃহস্পতিবার।বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) চট্টগ্রাম শাখার উদ্যোগে গত সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী ভবনে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।আইএবি চট্টগ্রাম শাখার সভাপতি তসলিম আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, বাংলাদেশ প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ ও আইএবির সম্পাদক নাজমুল লতিফ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, জাপান, হংকং, কোরিয়া, ম্যাকাও ও মঙ্গোলিয়ার উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন প্রদর্শনীতে স্থান পায়।ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, নান্দনিক ও উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প শুধু এশিয়াতেই নয়, সারা বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে আছে। অনেক স্থাপত্য নিদর্শন রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে। এগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।বিশেষ অতিথি ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেন, ‘প্রাচীন সব স্থাপত্য নিদর্শনের জন্য আমাদের ভারতীয় উপমহাদেশ বিখ্যাত। এশিয়ার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষায় নতুন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সার্কের ফোরাম কাজ করতে পারে।’প্রদর্শনীতে বাংলাদেশের সংসদ ভবন, উয়ারী-বট্টেশ্বর, কুসুম্বা মসজিদ, ভারতের ভিক্টোরিয়া মেমোরিয়াল, গ্রেট স্তুপা, তাজমহল, পাকিস্তানের বাদশাহি মসজিদ, নেপালের কাঠমান্ডু দরবার স্কয়ার, লুম্বিনী, চীনের মহাপ্রাচীরসহ এশিয়ার বিভিন্ন দেশের উল্লেখযোগ্য স্থাপনাগুলোর চিত্র ছিল। আইএবি চট্টগ্রাম শাখার সভাপতি তসলিম আলী চৌধুরী বলেন, এশিয়াসহ বিশ্বের অনেক দেশ এমন সব স্থাপত্য ঐতিহ্যের জন্য পর্যটন এলাকারূপে স্বীকৃত। কিন্তু বাংলাদেশে স্থাপত্য নিদর্শনগুলো সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে পর্যটকদের আকর্ষণ করে না।প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে চট্টগ্রাম আইএবির নির্বাহী সদস্য প্রকৌশলী জারিদ আকরাম বলেন, স্থাপত্য নিদর্শনগুলো ওই দেশেরই নিজস্ব সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের প্রকাশ ঘটায়। চট্টগ্রামেও বিভিন্ন সময়ে নির্মিত অনেক প্রাচীন স্থাপত্য নিদর্শন রয়েছে, যা অবহেলায় পড়ে আছে। এসব স্থাপনা সংরক্ষণে সচেতনতা সৃষ্টিতে এই প্রদর্শনীর আয়োজন।