নান্দিকার নাট্যমঞ্জরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নান্দিকারের ৩৭ বছর পূর্তি উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২৩ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী উৎসব চলছে। ওই দিন সন্ধ্যায় ‘নান্দিকার নাট্য মঞ্জরি’ শিরোনামের এ উৎসবের উদ্বোধন করেন সাংবাদিক ওসমান গনি মনসুর। শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, বিক্রম বীর চৌধুরী, সুচরিত দাশ, মনসুর মাসুদ, খোরশেদ আলম ও রমিজ আহমেদ। বক্তারা বাংলাদেশের নাট্যচর্চায় বিশাল অবদানের জন্য নান্দিকারকে অভিনন্দন জানান।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি সুচরিত দাশ বলেন, ‘চট্টগ্রামে থিয়েটারের যাত্রা শুরু ১৯৭৩ সালে। তার কিছু সময় পরই নান্দিকারের যাত্রা শুরু। নানা প্রতিকূল পরিস্থিতির ভেতরেও তারা এগিয়ে গেছে। ৩৭ বছর ধরে কাজ করে যাওয়াটা একটা নাট্যদলের জন্য সত্যিই অনেক বড় অর্জন।’ এরপর ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল’, ‘আয় রে আয় রে ছুটে আয় রে...’, ‘সূর্যোদয়ে তুমি’, ‘সুন্দরী কমলা নাচে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিশুশিল্পীরা। সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় অলক ঘোষ নির্দেশিত আন্তন চেখভের প্রস্তাব নাটকটি। তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হবে আজ রবিবার। সন্ধে সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে নাটক লিও তলস্তয়ের পাপপুণ্য ।