নান্দিকারের ৪০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবর থেকে উঠে আসে জোসেফ। এরপর মুখোমুখি বর্তমান সমাজের। তার মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে দেখে সমাজের প্রায় সব মানুষই মৃত। সে গিয়ে দাঁড়ায় পিকাসোর আঁকা ‘গোয়ের্নিকা’ চিত্রের সামনে। দেখে গোয়ের্নিকায় আঁকা পশুগুলো মানুষের ভেতরেই বসবাস করছে। এদিকে তার সঙ্গে পরিচয় হয় লিসার। যা গড়ায় প্রেমে। এক সময় জানতে পারে সে ছিল বিপ্লবী সংগঠনের কর্মী। আবিষ্কার করে তার কবর। সেই কবর খুঁড়তে গিয়ে মনে পড়ে বন্ধুদের আঘাতেই তার মৃত্যু ঘটে।
অপার্থিব নাটকে দর্শকের সামনে উঠে আসে বিপ্লবী জোসেফের ঘটনাপ্রবাহ। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নাট্য সংগঠন নান্দিকারের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যমঞ্জরীর দ্বিতীয় দিনে নাটকটি মঞ্চস্থ হয়। নির্দেশক ছিলেন আবদুল হাদি, রচনা করেন সন্তোষ কুমার।
চার দিনব্যাপী উৎসব শুরু হয় ২৪ ডিসেম্বর। ‘৪০ পেরিয়ে বহুদূর নান্দিকার নাট্যমঞ্জরী ২০১৫’ শিরোনামে আয়োজিত এ উৎসবে ছিল নাটক, আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠান।
প্রথম দিন টিআইসির মুক্তমঞ্চে উৎসবে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন অলক ঘোষ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সত্যজিৎ গবেষক আনোয়ার হোসেন ওপূর্বদেশ পত্রিকার সম্পাদক ওসমান গনি।
উদ্বোধনী পর্বে ছিল কথামালার আয়োজন। এরপর টিআইসির মূল মিলনায়তনে প্রদর্শিত হয় নাটক পাপপুণ্য। নাটকটির নির্দেশনায় ছিলেন অলক ঘোষ। উৎসবের দ্বিতীয় দিনে আবারও মুক্তমঞ্চে গান দিয়ে শুরু। পরিবেশনায় ছিল সৃজামি সাংস্কৃতিক অঙ্গন। আবৃত্তি করে প্রমা আবৃত্তি সংসদ।
তৃতীয় দিন মুক্তমঞ্চ মাতায় ওডিশি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট সেন্টারের নাচ। আবৃত্তি করে বোধন আবৃত্তি সংসদ ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে নাটক আজকের বাংলাদেশ। এরপর মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক কোর্ট মার্শাল।
উৎসবের শেষ দিনে মুক্তমঞ্চে ছিল মিলি চৌধুরীর একক আবৃত্তি। নৃত্য পরিবেশন করেন রিয়া দাশ। গান করে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ ও ফতেয়াবাদ সংগীত নিকেতন। মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক জ্ঞান বৃক্ষের ফল। নাটকটির নির্দেশনায় ছিলেন আহমেদ ইকবাল হায়দার।