বিচার চলছে। কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন সেপাই আকবর। স্বীকার করেছেন, তিনিই মেজরের হত্যাকারী। কেননা মেজর তাঁকে ‘বীরাঙ্গনার বাচ্চা’ বলে গালাগাল করেছিল। মেজর তাঁকে আরও বলেছিল, ‘বীরাঙ্গনা মানে বেশ্যা।’নান্দিকারের প্রযোজনা কোর্ট মার্শাল নাটকে একজন সেপাইয়ের সেনাবাহিনীর এক কর্মকর্তাকে গুলি করে হত্যার বিচারের দৃশ্য এটি। গত শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। এর নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন অলক ঘোষ।ছোট ছোট অন্যায় থেকে জন্ম নেয় ক্ষোভ। আর এ ক্ষোভ থেকে জন্ম নেয় প্রতিশোধ স্পৃহা। এরই বাস্তব প্রতিফলন ঘটেছে নাটকের চরিত্র সেপাই আকবরের মধ্যে। মূলত মুক্তিযোদ্ধাদের নিধন এবং মূল্যবোধের সব অর্জনকে ধ্বংস করার পরিকল্পিত চক্রান্ত নাটকে উপস্থাপিত হয়েছে। ঊর্ধ্বতন ব্যক্তিদের প্রতিনিয়ত নির্যাতন ও নিষ্পেষণে একসময় অধীন ব্যক্তিরা হয়ে ওঠে প্রতিবাদী। কিন্তু শেষ পর্যন্ত সমাজে তাদের জায়গা হয় না।নাটকে সমাজের বাস্তবরূপই চিত্রিত হয়েছে বলে মনে করেন দর্শক সোহেল সরকার। বললেন, ‘এর কিছুটা মিল খুঁজে পাওয়া যাবে আমাদের দেশে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের সঙ্গে। এ রকম ছোট ছোট অন্যায় থেকেই বড় অন্যায়ের জন্ম হয়।’নাটক দেখতে এসেছিলেন খুলশীর বাসিন্দা উম্মে কুলসুম। তিনি জানালেন তাঁর প্রতিক্রিয়া, ‘নাটকটি আমাদের চেতনাকে শাণিত করবে। একাত্তরের ইতিহাস বিকৃতির দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া সূক্ষ্মভাবে ফুটে উঠেছে। তরুণ প্রজন্মকে একাত্তরের সঠিক ইতিহাস জানানো খুবই জরুরি। এ জরুরি কাজটাই সম্পন্ন করল নান্দিকার। এ নাটক বেশি বেশি মঞ্চস্থ হওয়া দরকার দেশের বিভিন্ন জায়গায়। তবে অভিনয়ে আরও দক্ষতা আনা দরকার। অতিনাটকীয়তা অনেক সময় বিশ্বাসযোগ্যতা হারায়।’ এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. আতিক, শান্তনু দাশ, আবদুল হাদী, মো. সাইফুদ্দিন, সৌমিত্র দাশ, শফিউল আযম, পারভেজ আহমেদ, শাহেদ আলম, অপর্ণা ঘোষ, বিশ্বজিত চক্রবর্ত্তী, বাবুল কুমার দে প্রমুখ। আলোক নির্দেশনায় ছিলেন মঞ্জুর হায়দার চৌধুরী।