
অসাম্প্রদায়িক ঐত্যিহ্যের গৌরবোজ্জ্বল জনপদ কাঞ্চনডাঙা। নৌকাবাইচ, মেলা, যাত্রাপালা, পঁুথিপাঠসহ নানা পার্বণে, উৎসবে দিন কাটত মানুষের। মহান মুক্তিযুদ্ধের সময়ও একসঙ্গে লড়েছিল হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই গ্রামে বাসা বাঁধতে শুরু করে মৌলবাদ। বিকশিত হতে থাকে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা। মানুষ তার নিজের প্রয়োজনেই তৈরি করে রীতিনীতি ও মতবাদ। ধর্মকে পঁুজি করে একটি গোষ্ঠী নিয়ন্ত্রণ করতে চায় সমাজ ও রাষ্ট্রকে। ধর্মান্ধতার জালে জড়িয়ে পড়ে মানুষের সুকুমারবৃত্তি, মানবতা ও সম্প্রীতি। ২৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন ১৬ মার্চ সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ নান্দিমুখের ঊর্ণাজাল নাটকের উপজীব্য ছিল এই বিষয়।
নাটকে দেখা যায়, খালেদ একসময় জোনাকির মৃত্যুও সইতে পারত না। কিন্তু সাম্প্রদায়িক রাজনীতিতে জড়িয়ে পড়ে মানুষ খুন করতেও দ্বিধা করে না সে। যে চোখে আজ শুধুই ঘৃণা, যাত্রাপালা প্যান্ডেলের প্রজ্বলিত আগুন, সেই চোখজোড়া ঘোষ অপেরার মালিক মনিকান্ত ঘোষের কাছ থেকেই সে দানসূত্রে পেয়েছিল।
বাকার বকুল রচিত ও ফয়েজ জহিরের নির্দেশনায় এই নাটক আমাদের চেতনার মূলে গিয়ে আঘাত হানে। আবহ তৈরি করেছেন পরিমল মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিজিৎ সেনগুপ্ত, কংকন দাশ, বাপ্পা চৌধুরী, সুজিত দাশ, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, বিটু ভৌমিক, শাহীনুর সরোয়ার, জন মোহাম্মদ, দীপংকর দস্তিদার, বিকিরণ বড়ুয়া, মুরাদ হাসান, জেসমিন আক্তার, মো. মিজানুর রহমান, সাইদুল আলম প্রমুখ।